দক্ষিণাঞ্চল উপকূলে ঝোড়ো হাওয়া, তিন নম্বর সংকেত
উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে বরগুনাসহ দক্ষিণাঞ্চল উপকূলে আজ সোমবার ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। থেমে থেমে বৃষ্টিও হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, মংলা সমুদ্রবন্দর ও কক্সবাজারকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে।সাগর উত্তাল থাকায় বঙ্গোপসাগরে মাছ ধরার কয়েক হাজার নৌকা ও ট্রলার পাথরঘাটা, বরগুনা, মহীপুর ও কলাপাড়ায় নিরাপদে আশ্রয় নিয়েছে। জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কেন্দ্রের উপপরিচালক হাফিজ উদ্দীন আহাম্মদ তিন নম্বর সতর্কতা সংকেতের বিষয়টি নিশ্চিত করে আজ সকালে প্রথম আলোকে বলেন, সাগর উত্তাল থাকবে এবং প্রবল বর্ষণসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বঙ্গোপসাগরে মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করার পরামর্শ দেন তিনি।বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী আজ সকালে জানান, গত কয়েক দিন ধরেই বঙ্গোপসাগর খুব উত্তাল রয়েছে। তবে আজ সকাল থেকে তা আরও বেড়ে যাওয়ায় অধিকাংশ মাছ ধরার ট্রলার উপকূলে ফিরে আসতে শুরু করেছে।