দক্ষিণাঞ্চলে নেই পরিবেশ আদালত
দক্ষিণাঞ্চলে পরিবেশ আদালত না থাকায় যথাযথভাবে কার্যক্রম পরিচালনা করতে পারছে না পরিবেশ অধিদপ্তর। ফলে দক্ষিণাঞ্চলে এ বিভাগের কার্যক্রম দুর্বল হয়ে পড়ছে।বেসরকারি এক জরিপের তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগের ছয় জেলায় ছোট-বড় মিলিয়ে কমপক্ষে এক হাজার শিল্প-কারখানা রয়েছে। এর মধ্যে ওষুধ, জুটমিল, সিমেন্ট, বিস্কুট, ব্যাটারি কারখানা, বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি কারখানা, ট্যানারি, বেকারি, তেলের মিল, ইটের ভাটা, বরফকল, স মিল, কয়লার কারখানাসহ ছোট-বড় অসংখ্য কারখানা রয়েছে। অধিকাংশ কারখানা থেকে প্রতিদিনই পরিবেশের জন্য ক্ষতিকর সালফার ডাই-অক্সাইড ও কার্বন মনো-অক্সাইড নির্গত হয়, যা মানবদেহ ও পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। পরিবেশ দপ্তরের কার্যক্রম শিথিল হওয়ায় জনবসতিপূর্ণ এলাকায় এসব কারখানা গড়ে উঠছে। বরিশাল শহরবর্তী বিভিন্ন স্থানে সিমেন্ট কারখানার ডাস্ট বাতাসে মিশে পরিবেশকে আরও দূষিত করছে। সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, বরগুনার পাথরঘাটা, পিরোজপুরের মঠবাড়িয়া এলাকার জনবসতিপূর্ণ ও সংরক্ষিত বন এলাকায় কমপক্ষে ৫০টি কাঠ কয়লা কারখানা গড়ে উঠেছে। যেসব কারখানার পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেই। এসব কারখানায় বন উজাড় করে অবৈধভাবে গাছ কেটে ব্যবহার করায় সমুদ্রতীরবর্তী বনাঞ্চল ক্রমে উজাড় হয়ে যাচ্ছে। জানা গেছে, পরিবেশ দূষণের কারণে আশপাশের এলাকায় বসবাসরত লোকজন নানা চর্মরোগে আক্রান্ত হচ্ছে। এ ছাড়া ঝালকাঠী, স্বরূপকাঠী, বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, নাজিরপুর, ভান্ডারিয়া, গলাচিপা, দমমিনা, বাউফল, আমতলী, বরগুনা, পাথরঘাটা, বেতাগী, মঠবাড়িয়া, কলাপাড়াসহ বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অধিকাংশ বাজারই নদীর পাশে অবস্থিত হওয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানের আবর্জনাসহ শিল্প-কারখানার বর্জ্য নদীতেই নিক্ষেপ করা হয়। অবৈধভাবে ডোবা, খাল, পুকুর বালু দ্বারা ভরাট করে সংকুচিত করে ফেলা হচ্ছে। যত্রতত্র জ্বালানি তেলের উচ্ছিষ্ট ফেলার কারণে পানি-মাটির দূষণ বাড়ছে। সর্বত্র বাড়ছে অবৈধ পলিথিনের ব্যবহার। কাঁচা পায়খানার পাইপ নদী-খালে সংযোগ দেওয়ায় পানি ও পরিবেশ দূষণের ঘটনা ঘটছে অহরহ। ইটভাটায় প্রকাশ্যে কাঠ পুড়িয়ে কালো ধোঁয়া, ওয়েল্ডিং কারখানার অতি বেগুনি রশ্মি এবং বসতি এলাকায় কামারের লোহা পেটানোর বিকট শব্দে প্রতিনিয়তই পরিবেশ দূষিত হচ্ছে। বাড়ি নির্মাণ আর নদী-খাল দখল করে রাস্তা, স্থাপনা তৈরি বর্তমানে নিয়মে পরিণত হয়েছে। বাস ও অন্যান্য যানবাহনে হাইড্রোলিক হর্নের ব্যবহার থাকলে সেগুলো নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। নানা প্রক্রিয়ায় পরিবেশ আইন লঙ্ঘন করে প্রতিনিয়ত পরিবেশ দূষণ করা হলেও তা নিরোধে আইন প্রয়োগের কোনো ব্যবস্থা নেই। এ বিভাগে পরিবেশ আদালত না থাকার কারণে পরিবেশ দূষণকারীরা অপরাধ করেও রক্ষা পেয়ে যাচ্ছে। বরগুনা জেলা জজ আদালতের আইনজীবী দারুল ইসলাম বলেন, সাধারণ আইনে অনেক সময় পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা যায় না। আর এতে শাস্তির পরিমাণও খুব কম। স্থানীয়ভাবে পরিবেশ নিয়ে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএ। এর নির্বাহী পরিচালক শাবুদ্দিন বলেন, ‘খাল ও নদী দখল করার ঘটনা ঘটছে অহরহ। ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু এনে নালা, ডোবা ও পুকুর ভরে ফেলা হচ্ছে। এসব প্রবণতা রোধ করা না গেলে অচিরেই গোটা দক্ষিণাঞ্চলের পরিবেশে মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়বে।’ পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. আসাদুল হক বলেন, ‘পরিবেশ রক্ষায় আমরা যথাযথভাবে কাজ করে যাচ্ছি।’ তিনি বলেন, ‘পরিবেশ আদালত না থাকায় অপরাধ করেও পরিবেশ দূষণকারীরা রক্ষা পেয়ে যাচ্ছে। তবে আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিবেশ দূষণকারীদের জরিমানাসহ পরিবেশ আইনে মামলা করছি।’ তিনি আরও জানান, গত জুলাই মাসের মন্ত্রিসভার বৈঠকে প্রতি জেলায় পরিবেশ আদালত স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। এ আইন বাস্তবায়ন হলে পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া সহজ হবে।