দক্ষিণাঞ্চলে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
দক্ষিণাঞ্চলের ছয় জেলার ২৮টি রুটে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার বিকেলে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বাস-মিনিবাস মালিক সমিতির সঙ্গে খুলনা বিভাগীয় কমিশনার মো. রফিকুল ইসলামের বৈঠক হয়।বৈঠকে সরকারের পক্ষ থেকে বাস-মিনিবাস মালিক সমিতির দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে আজ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।আজ সকাল ছয়টা থেকে দক্ষিণাঞ্চলের ছয় জেলার ২৮টি রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়। নিষিদ্ধঘোষিত নসিমন-করিমন ও ব্যাটারিচালিত গাড়ি মহাসড়কে চলাচল বন্ধের দাবিতে এবং এর আগে এ ব্যাপারে সরকারের দেওয়া আশ্বাস বাস্তবায়ন না হওয়ার প্রতিবাদে এ ধর্মঘট ডাকা হয়। ছয়টি জেলার বাস-মিনিবাস মালিক ও শ্রমিকের সংগঠন এ ধর্মঘটের ডাক দেয়। এতে চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা।ধর্মঘটের কারণে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল ও গোপালগঞ্জের সব রুটের যোগাযোগ বন্ধ ছিল।রূপসা-বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতি, বাগেরহাট বাস মালিক সমিতি, খুলনা বিভাগীয় বাস-মিনিবাস মালিক সমিতি, পিরোজপুর বাস মালিক সমিতি, রূপসা-বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতি, বাগেরহাট আন্তজেলা সড়ক পরিবহন সমিতি, রূপসা-বাগেরহাট আন্তজেলা সড়ক পরিবহন মালিক সমিতি, মহিষপুরা-খুলনা আন্তজেলা বাস ও মিনিবাস মালিক সমিতি, রূপসা-বাগেরহাট আন্তজেলা মোটর শ্রমিক ইউনিয়ন, রূপসা-বাগেরহাট আন্তজেলা সড়ক পরিবহন ইউনিয়ন, মহিষপুরা-খুলনা আন্তজেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও বাগেরহাট আন্তজেলা সড়ক পরিবহন ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দিয়েছিল।