দক্ষিণাঞ্চলের জন্য খুব শিগগির সমন্বিত উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অবহেলিত দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য খুব শিগগির সমন্বিত উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হবে। আজ মঙ্গলবার বরিশাল সার্কিট হাউসে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী সমন্বিত উন্নয়ন কর্মসূচির পাশাপাশি এ অঞ্চলের মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর ওপর জোর দেন। এ সময় বিভাগীয় কমিশনার আবু হেনা মো. রহমতউল মুনিম বরিশাল বিভাগের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং বরিশালের রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী কৃষক ও কৃষির উন্নয়নে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লে¬খ করে বলেন, একসময়ের শস্যভান্ডার বরিশালকে আবার শস্যভান্ডার হিসেবে গড়ে তোলা হবে। তিনি বরিশালে একটি সার কারখানা নির্মাণের ঘোষণা দেন এবং সেচকাজে গভীর নলকূপের ওপর নির্ভরশীলতা কমিয়ে উপরিভাগের পানি ব্যবহারের কথা বলেন।শেখ হাসিনা বরিশালসহ দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, বরিশালকে রেল যোগাযোগের আওতায় আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নবনির্মিত ভবন এবং শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের উদ্বোধন করেন।৭৩ কোটি টাকা ব্যয়ে শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ও পাঁচ কোটি টাকা ব্যয়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ভবন নির্মাণ করা হয়। আজ সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে হেলিকপ্টারে বরিশাল স্টেডিয়ামে অবতরণ করলে তাঁকে অভ্যর্থনা জানান সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্ল¬াহ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, বরিশালের মেয়র শওকত হোসেন হিরন ও স্থানীয় নেতারা।—বাসস