দক্ষিণাঞ্চলের বন্যাকবলিত অঞ্চলকে ‘দুর্গত এলাকা’ ঘোষণার দাবি
খুলনা, সাতক্ষীরা ও যশোরের বন্যাকবলিত অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা। আজ সোমবার রাজধানীর তোপখানা রোডে গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। তারা দাবি আদায়ে ২১ সেপ্টেম্বর বিক্ষোভ সমাবেশ করবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোর্চার সমন্বয়ক মোশরেফা মিশু। সংবাদ সম্মেলনে দুর্গত এলাকায় খাদ্য সরবরাহ, আশ্রয়, খাওয়ার পানি, জরুরি চিকিত্সা ও ওষুধ সরবরাহের জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।গণতান্ত্রিক বাম মোর্চার নেতারা ১১-১৩ সেপ্টেম্বর পর্যন্ত দুর্গত এলাকা পরিদর্শন শেষে এ দাবি জানান। তাঁরা বলেন, এসব এলাকায় ২০ লাখ মানুষ পানিবন্দী। তারা ঘরবাড়ি ছেড়ে উঁচু এলাকায় আশ্রয় নিয়ে মানবেতন জীবন যাপন করছে।সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, আ ফ ম মাহাবুবুল হক, টিপু বিশ্বাস, আবদুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।