দক্ষিণাঞ্চলের সাত জেলায় বোরোর বাম্পার ফলন, তিন জেলায় বিপর্যয়
খুলনা বিভাগের সাত জেলায় এবার বোরো আবাদের লক্ষমাত্রা ছাড়িয়ে গেলেও খুলনা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলায় তা অর্জিত হয়নি।এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক বজলুল হক মিয়া প্রথম আলোকে বলেন, ‘কুষ্টিয়া জেলায় তামাক চাষের আগ্রাসন, আইলায় বাঁধ ভেঙে খুলনা অঞ্চলের আবাদি জমিতে লোনা পানি ঢুকে যাওয়া, চুয়াডাঙ্গায় গম ও ভুট্টা চাষ বৃদ্ধির কারণে বোরো আবাদ কমে গেছে। তার পরও সামগ্রিকভাবে খুলনা বিভাগের ১০ জেলায় বোরো আবাদের লক্ষমাত্রা শতকরা ৯৮ দশমিক ৪৮ ভাগ অর্জিত হয়েছে।’আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, যশোর জেলায় এবার চার হাজার ৫৫৮ হেক্টর, ঝিনাইদহে এক হাজার ১৩৫, মাগুরায় ৭৯১, নড়াইলে এক হাজার ২৮, বাগেরহাটে দুই হাজার ৮০, সাতক্ষীরায় ৪৬০ ও মেহেরপুরে ৮০০ হেক্টর জমিতে লক্ষমাত্রার চেয়ে বেশি বোরো ধানের আবাদ হয়েছে। এসব জমিতে ৩৩ শতকের বিঘাপ্রতি কাঁচাধান ২২ থেকে ২৪ মণ ও শুকনা হিসেবে ১৮ থেকে ১৯ মণ করে গড় উৎপাদন হয়েছে। অপরদিকে খুলনা জেলায় লক্ষমাত্রার চেয়ে এক হাজার ২৩৬ হেক্টর, কুষ্টিয়ায় দুই হাজার ৯২৯ ও চুয়াডাঙ্গা জেলায় ৮৮২ হেক্টর জমিতে কম আবাদ হয়েছে। যার জন্য এ তিন জেলায় ধানের উৎপাদন অনেক কমে গেছে।সম্প্রতি যশোরের শার্শা উপজেলার পান্তাপাড়া ও বাগআঁচড়া, মনিরামপুরের হরিদাসকাটি ও চৌগাছার বলিদাপাড়া এলাকায় সরেজমিন দেখা যায় মাঠে মাঠে ধান কাটার উৎসব চলছে। কেউ নিজের জমির ধান কাটছেন, আবার কেউ অন্যের জমিতে শ্রম দিচ্ছেন। শার্শার পান্তাপাড়া গ্রামের মাঠে কৃষক আতিয়ার রহমান বলেন, ‘আমি এবার দেড় বিঘা জমিতে মিনিকেট ধান লাগিয়েছি। উৎপাদন হয়েছে আশানুরূপ। লোডশেডিংয়ের কারণে সেচের কিছুটা অসুবিধা হলেও শেষ পর্যন্ত তেমন সমস্যা হয়নি। এবার রেকর্ড পরিমাণ ফলন হয়েছে।’মনিরামপুরের খানপুর গ্রামের কৃষক আবুল হোসেন বলেন, ‘পাঁচ একর জমিতে এবার যে ধান হয়েছে সেখান থেকে দেড় একর জমির ধান বিক্রি করলেই পুরো খরচ উঠে যাবে। তবে ধানের ন্যায্যমূল্য পাওয়া যাবে কি না সন্দেহ আছে।’