দক্ষিণাঞ্চলের ১০ জেলায় আন্তজেলা ও দূরপাল্লার রুটে সব ধরনের যান চলাচল বন্ধ আছে। খুলনা বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় সংগ্রাম পরিষদের ডাকে আজ বুধবার ভোর ছয়টা থেকে খুলনা বিভাগের ১০ জেলার পরিবহন-শ্রমিকেরা লাগাতার কর্মবিরতি শুরু করেন। এতে এ অবস্থার সৃষ্টি হয়।সড়ক দুর্ঘটনায় চালকদের বিরুদ্ধে ৩০২ ধারার মামলার সিদ্ধান্ত প্রত্যাহার, মোটর-শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোসহ পাঁচ দফা দাবিতে শ্রমিকেরা এ কর্মসূচি শুরু করেন। যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে যাত্রীরা।খুলনা বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ২১ জুলাই যশোরে সংগ্রাম পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী এই কর্মবিরতি পালন করা হচ্ছে। কর্মবিরতির আগে সব মালিক সমিতিসহ সংশ্লিষ্ট সবাইকে দাবি মেনে নেওয়ার জন্য ২৬ জুলাই পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। দাবি মেনে না নেওয়া পর্যন্ত এ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।চুয়াডাঙ্গা জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এ নাসির জোয়ার্দার জানান, শ্রমিক-নেতারা ধর্মঘটের বিষয়ে তাঁদের আগাম কোনো কিছুই জানাননি। আকস্মিক এ ধরনের ধর্মঘট কোনোভাবেই কাম্য নয় বলে তিনি মন্তব্য করেন।