দক্ষিণাঞ্চলের ১৮ সড়কে পরিবহন ধর্মঘট কাল
কাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দক্ষিণাঞ্চলের ১৮ সড়কে ভাড়ায় চালিত সব ধরনের যানবাহন বন্ধ থাকবে। সড়ক সংস্কার, বাসের ভাড়া বৃদ্ধি, গাড়ির যন্ত্রাংশের কর কমানোসহ পাঁচ দফা দাবিতে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।১৬ নভেম্বর যশোর জেলা সড়ক পরিবহন সমিতির কার্যালয়ে এক জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে ২৩ নভেম্বরের মধ্যে দাবি না মানা হলে ২৪ নভেম্বর ধর্মঘট কর্মসূচি পালন করা হবে।যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বিশ্বনাথ ঘোষ আজ বুধবার প্রথম আলোকে বলেন, ‘সরকার দাবি মানেনি। এ জন্য আমাদের পূর্বঘোষিত ধর্মঘট কর্মসূচি পালন করা হবে।’যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আলী আকবর জানান, সরকার জ্বালানি তেলের দাম বাড়ালেও বাসভাড়া বাড়ায়নি। এ ছাড়া টায়ারসহ গাড়ির সব যন্ত্রাংশের ওপর অতিরিক্ত কর আরোপ করা হয়েছে। এ অঞ্চলের অধিকাংশ সড়ক যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যার জন্য যানবাহন সঠিকভাবে চলাচল করতে পারছে না।