দক্ষিণাঞ্চলের ১৮টি রুটে লঞ্চ ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালিক পক্ষের দুর্ব্যবহারের প্রতিবাদে বরিশাল লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন আজ রোববার সকাল ছয়টা থেকে ধর্মঘট শুরু করেছে। ফলে দক্ষিণাঞ্চলের ১৮টি রুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে গিয়েছে। লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এমভি চন্দ্রদ্বীপ লঞ্চের মাস্টার নজরুল ইসলাম এবং টিকিট মাস্টার মো. সাদেক ও জাকিরের সঙ্গে গত ২৪ ফেব্রুয়ারি মালিক পক্ষের কথাকাটাকাটি হয়। এ বিষয়টি নিয়ে বেশ কয়েকবার সালিস হলেও কোনো মীমাংসা হয়নি।এ ঘটনাকে কেন্দ্র করে এমভি চন্দ্রদ্বীপ লঞ্চের মালিক মো. পান্না ওই তিন স্টাফকে সাময়িকভাবে বরখাস্ত করেন। পরে লঞ্চ মালিকের কাছে ক্ষমা চাইলে, টিকিট মাস্টার দুজনকে চাকরিতে পুনর্বহাল করা হয়। কিন্তু মাস্টার নজরুলকে তাঁর পদে ফিরিয়ে নেওয়া হয়নি। এসব ঘটনার পর শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মো. শাহ আলম গতকাল শনিবার ঢাকা থেকে বরিশাল আসেন একটি সমঝোতায় পৌঁছানোর জন্য। কিন্তু তিনি বরিশালের লঞ্চ মালিক ও শ্রমিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করলেও বিবদমান পক্ষ দুটি কোনো আপস-রফায় পৌঁছাতে ব্যর্থ হয়। তাই শনিবার রাত থেকে এ ধর্মঘট শুরুর ঘোষণা দেয় শ্রমিক ফেডারেশন, যা আজ সকাল ছয়টা থেকে কার্যকর হয়।বরিশাল লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মাস্টার একিন আলী প্রথম আলোকে বলেন, ‘শ্রমিকেরা মালিকের কাছে ক্ষমা চাওয়ার পরও, মালিক সমিতি অযৌক্তিকভাবে মাস্টার নজরুলকে লঞ্চে ওঠার অনুমতি দেয়নি। বাধ্য হয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি লেবার অ্যাসোসিয়েশনের কোনো শ্রমিক লঞ্চ চালাবে না। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত এই ধর্মঘট চলবে।’এ ব্যাপারে শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘সামান্য ব্যাপার নিয়ে মালিক পক্ষ এক অনড় অবস্থান নিয়েছে। ফলে তাদের সঙ্গে একাধিকবার বৈঠক করলেও কোনো ইতিবাচক সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি। আমরা নতজানু হয়ে তাদের কাছে ক্ষমা চাওয়ার পরও তারা বিষয়টির কোনো সুরাহা করতে রাজি না হওয়ায় শ্রমিকেরা আন্দোলনে নেমেছেন। যেহেতু মালিক পক্ষ শ্রমিকদের কথা শোনেনি, তাই শ্রমিকেরাও তাদের অবস্থানে অনড় আছে।’এ ব্যাপারে চন্দ্রদ্বীপ লঞ্চ মালিকের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।