দক্ষিণায়নের দিনে ফরীদির চরিত্রে আসাদ
শওকত আলীর ত্রয়ী উপন্যাস দক্ষিণায়নের দিন, কুলায় কালস্রোত ও পূর্বরাত্রি-পূর্বদিন অবলম্বনে নির্মিত হয়েছে নাটক দক্ষিণায়নের দিন। নাটকটির রাশেদ সাহেবের চরিত্রটি এত দিন করে আসছিলেন প্রয়াত কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদি। এরই মধ্যে নাটকটির ১০টি পর্ব প্রচারিত হয়েছে। দর্শকেরা ২০ পর্ব পর্যন্ত হুমায়ুন ফরীদিকেই দেখবেন। ২১তম পর্ব থেকে ফরীদির চরিত্রটিতে অভিনয় করবেন আরেক শক্তিমান অভিনেতা রাইসুল ইসলাম আসাদ। এরই মধ্যে নাটকটির শুটিংয়ে অংশও নিয়েছেন তিনি।এ প্রসঙ্গে আসাদ বলেছেন, ‘আমরা দীর্ঘদিন ধরে ঢাকা থিয়েটারসহ বিভিন্ন মাধ্যমে একসঙ্গে কাজ করেছি। আসলে তাঁর অসমাপ্ত এই কাজটা তো কাউকে না কাউকে শেষ করতে হবে। আমার মনে হয়েছে, দক্ষিণায়নের দিন ধারাবাহিকটিতে ফরীদির অসমাপ্ত কাজটি করার মধ্য দিয়ে শ্রদ্ধা ও সম্মান জানানোর একটা সুযোগ পেলাম। এই ভাবনা থেকেই আসলে কাজটি করতে রাজি হয়েছি।’দক্ষিণায়নের দিন ধারাবাহিক নাটকটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। তিনি বলেন, ‘ফরীদি ভাইয়ের চলে যাওয়াতে নাটকটি নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছিল। পরে আসাদ ভাইয়ের সঙ্গে কথা বলার পর বেশ আশ্বস্ত হলাম। আমার বিশ্বাস, ফরীদির ভাইয়ের অসমাপ্ত কাজটিতে আসাদ ভাইকে সবাই ভালোভাবেই গ্রহণ করবে।’সাজ্জাদ সুমন আরও বলেন, আগামী মাসের ৩ তারিখ থেকে টানা বেশ কয়েক দিন ধারাবাহিকটির শুটিং শুরু হবে। ৪ তারিখ থেকে একটানা কয়েক দিন শুটিং করবেন রাইসুল ইসলাম আসাদ।টানা কয়েক দিন শুটিংয়ের পর তিন সপ্তাহের জন্য যুক্তরাষ্ট্রের উদ্দেশে বাংলাদেশ ছাড়বেন রাইসুল ইসলাম আসাদ।দক্ষিণায়নের ধারাবাহিক নাটকটির অন্যান্য অভিনয়শিল্পী হলেন শহীদুজ্জামান সেলিম, সুমাইয়া শিমু, জিতু আহসান, নওশীনসহ আরও অনেকে।‘দক্ষিণায়নের দিন’ নাটকটি সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত নয়টা ৪৫ মিনিটে এনটিভিতে দেখানো হচ্ছে।