দক্ষিণের ছয় জেলায় পরিবহন ধর্মঘট শুরু
অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে বাগেরহাট, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরাসহ দক্ষিণাঞ্চলের ছয়টি জেলায় আজ রোববার ভোর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের কারণে বাগেরহাট জেলা ও এর আশপাশের ৩০টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা।বাগেরহাট আন্তজেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খান মনির হোসেন প্রথম আলো ডটকমকে ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নসিমন, করিমন, ভাড়ার মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল বন্ধের দাবিতে দীর্ঘদিন ধরে যোগাযোগ মন্ত্রণালয়সহ প্রশাসনের কাছে দাবি জানানো হচ্ছে। কিন্তু এর পরও এ ব্যাপারে তাঁদের কোনো ভ্রূক্ষেপ নেই। তাই গত ২৮ জুন খুলনার রূপসা ও বাগেরহাটের আটটি মালিক সমিতি ও তাদের সহযোগী শ্রমিক সংগঠন যৌথভাবে সভা করে আজ সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেয়।বাগেরহাট আন্তজেলা সড়ক পরিবহন মালিক সমিতির অফিস সেক্রেটারি মৃণ্ময় কুমার দাস বলেন, আজ ভোর থেকে বাগেরহাট টার্মিনাল থেকে বিভিন্ন জেলায় চলাচলকারী দূরপাল্লার বাস এবং বাগেরহাটের অভ্যন্তরীণ সড়কগুলোতে চলাচলকারী বাস, টেম্পো, ইজিবাইক ও ভাড়ার মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি অন্য জেলা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসও বাগেরহাটের ওপর দিয়ে চলতে দেওয়া হচ্ছে না। এতে সারা দেশের সঙ্গে বাস যোগাযোগ বন্ধ হয়ে গেছে।বিআরটিসি খুলনা ডিপোর ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মো. জামিল হোসেন অভিযোগ করে বলেন, ধর্মঘট আহ্বানকারী মালিকদের সন্ত্রাসীরা বিআরটিসির বিভিন্ন ডিপো থেকে ছেড়ে আসা চারটি যাত্রীবাহী বাস আটকে দেয়। তারা বাসের যাত্রীদের নামিয়ে দেয় এবং বাসচালক ও সহকারীদের মারধর করে।বিআরটিসির বাস আটকে দেওয়ার কথা স্বীকার করে খান মনির হোসেন বলেন, বিআরটিসি পরিচালনাকারীরা এই আন্দোলনে যোগ দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। তার পরও আজ সকালে ধর্মঘটে যোগ না দিয়ে তাঁরা ডিপো থেকে গাড়ি ছাড়েন। তাই বিআরটিসির বাসগুলোকে আটকে দেওয়া হয়েছে।বাগেরহাটের ভারপ্রাপ্ত পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় প্রথম আলো ডটকমকে বলেন, বাগেরহাট জেলা পুলিশ সড়ক থেকে অবৈধ যানবাহন সরিয়ে দিতে কাজ করছে। আজ সকাল থেকে শুরু হওয়া ধর্মঘটে খুলনা ও বরিশাল বিভাগের কয়েকটি জেলাও সম্পৃক্ত। তাই বাগেরহাট পুলিশের পক্ষে এককভাবে সমস্যাটি সমাধান করা সম্ভব নয়।