দক্ষিণের ১৬৭ কিলোমিটার সড়ক গর্ত ও খানাখন্দে ভরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বরিশালসহ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৬৭ কিলোমিটার সড়ক গর্ত ও খানাখন্দে ভরা। এ সড়কের বেশির ভাগই যানবাহন চলাচলের অনুপযোগী। গর্তে গাড়ি পড়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বরিশাল: বরিশাল-ঢাকা মহাসড়কের বরিশাল থেকে মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা পর্যন্ত ৪৮ কিলোমিটারের বেশির ভাগই গর্ত ও খানাখন্দে ভরা। বরিশাল সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর জানায়, বরিশাল বিভাগে সওজের আওতায় ১১৪ কিলোমিটার জাতীয় মহাসড়ক রয়েছে। এর মধ্যে বরিশাল-ভুরঘাটা ৪৮ কিলোমিটার, বরিশাল-পটুয়াখালী ১৯ কিলোমিটার এবং বরিশাল-ভোলা ১৬ দশমিক ৫ কিলোমিটার। এসব সড়কের অধিকাংশই যান চলাচলের অনুপযোগী। ঢাকা থেকে বরিশালে আসা বাসযাত্রী মো. জহিরুল হাসান বলেন, ‘সারা পথ মনে হয়েছে লাফাতে লাফাতে আসছি।’ বরিশালের চালক দেলোয়ার হোসেন বলেন, ‘একটা ট্রিপ দিয়া আইছি। এর মধ্যে পাতি ভেঙে গেছে।’ বরিশাল বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, রাস্তা ঠিক করা না হলে এসব রুটে গাড়ি বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। বরিশাল সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী দিলীপ কুমার গুহ প্রথম আলোকে বলেন, ‘দরপত্র আহ্বান করলেও অর্থ বরাদ্দ না থাকায় কাজ করতে পারছি না। যে পরিমাণ সড়ক খারাপ হয়েছে, তা মেরামতে এখনই কমপক্ষে ২৭০ কোটি টাকা প্রয়োজন। বর্তমানে জরুরি ভিত্তিতে ঢাকা-বরিশাল মহাসড়কের বড় বড় গর্ত ইট-বালু দিয়ে ভরাটের চেষ্টা করা হচ্ছে।’ভোলা: জেলায় সওজের ২৫০ কিলোমিটার মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক ও সড়কের অধিকাংশ খানাখন্দে ভরা। বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের ভোলা অংশের ১৮ কিলোমিটারের মধ্যে সাড়ে ৮ কিলোমিটারে শত শত গর্ত। এসব গর্তে বৃষ্টি হলে পানি জমে। গত মঙ্গলবার বিকেলে দেখা যায়, সওজের লোকজন ওই গর্তের পানি বের করার চেষ্টা করছে। ভোলা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী সুশীল চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, ভোলায় এ মুহূর্তে ৫০ কিলোমিটার সড়ক জরুরি নির্মাণ করা দরকার। এর মধ্যে জরুরি পুনর্বাসন প্রকল্পের আওতায় ৩৫ কিলোমিটার সড়ক নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়েছে। কিন্তু অর্থাভাবে কাজ শুরু হচ্ছে না।কুষ্টিয়া: কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ২২ কিলোমিটারে বহু গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। গত শনিবার সরেজমিনে দেখা যায়, কুষ্টিয়া শহরের আলফা মোড় এলাকায় একটি ছোট ট্রাক সড়কের মাঝখানে বিকল হয়ে পড়ে আছে। গাড়ির চালক ওলিউর রহমান জানান, খারাপ রাস্তায় গিয়ার পরিবর্তন করতে গিয়ে স্প্রিং ভেঙে গেছে। মহাসড়কের ১৬ কিলোমিটারের মধ্যে এ রকম পাঁচটি ট্রাক বিকল হয়ে পড়ে থাকতে দেখা যায়। এই সড়কে ১২টি বাঁকের মধ্যে মাত্র একটির আগে সতর্কতামূলক সাংকেতিক চিহ্নের দেখা মেলে। সেটিও গাছের পাতার আড়ালে পড়ে গেছে। শনিবার দুপুরে কুষ্টিয়া শহরের পুলিশ লাইনের সামনে ও মিরপুর উপজেলার গোবিন্দপুরে সওজের শ্রমিকদের ইট ফেলে রাস্তা সংস্কার করতে দেখা যায়। সড়ক ও জনপথ অধিদপ্তর কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মদ হাসিবুর রহমান সড়কের বেহাল দশার কথা স্বীকার প্রথম আলোকে বলেন, ‘প্রতিদিনই ইট-বালি দিয়ে সড়ক সংস্কার করা হচ্ছে। কিন্তু তা পরের দিন হারিয়ে যাচ্ছে। এভাবে হয় না।’ পটুয়াখালী: জেলার কলাপাড়া থেকে কুয়াকাটা পর্যন্ত ২২ কিলোমিটার সড়ক এবারও বর্ষায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কের এই অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা যায়, খানাখন্দে আটকা পড়ে বিভিন্ন যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে পর্যটকসহ শত শত মানুষ। কুয়াকাটায় বেড়াতে আসা ঢাকার মিরপুর এলাকার মো. সেলিম আকন বলেন, ‘এখানে বেড়াতে আসতে এত কষ্ট! আগে জানলে আসতাম না।’কুয়াকাটা হোটেল-মোটেল রিসোর্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘প্রতিবছর ঈদের মৌসুমে এখানে ৪৫টি ছোট-বড় হোটেল-মোটেলে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে। শুধু সড়কের বেহাল অবস্থার কারণে এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। আগাম কোনো বুকিং পাওয়া যাচ্ছে না।’ পটুয়াখালী সওজের নির্বাহী প্রকৌশলী মো. শওকত আলী বলেন, এই সড়কের উন্নয়নকাজ চলমান। বর্ষার কারণে সড়কের এই অবস্থা হয়েছে। তবে ইট-সুরকি ফেলে কোনোরকমে সড়কটি সচল রাখার চেষ্টা চলছে।পিরোজপুর: ঢাকা-মঠবাড়িয়া সড়কের পিরোজপুরের চরখালী থেকে মঠবাড়িয়া পর্যন্ত ২৯ কিলোমিটার সড়কের ২২ কিলোমিটারের অবস্থা খুব খারাপ। গত শনিবার সরেজমিনে দেখা যায়, মাদার্শী থেকে মঠবাড়িয়া বাসস্ট্যান্ড পর্যন্ত কোথাও বিটুমিন উঠে মাটি বেরিয়ে এসেছে, কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। পিরোজপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান জানান, সড়ক খারাপ থাকায় গত এক সপ্তাহে ১৫টি গাড়ির গিয়ার বক্স, পাতি ভেঙে গেছে। সড়কের দুই পাশ ভেঙে সরু হওয়ায় একটি গাড়ি আরেকটি গাড়িকে অতিক্রম করতে গেলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। [প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন সাইফুর রহমান, বরিশাল; আরিফ মোস্তফা, পিরোজপুর; নেয়ামতউল্যাহ, ভোলা; শংকর দাস, পটুয়াখালী ও তৌহিদী হাসান, কুষ্টিয়া]