দখল-দূষণে বিপন্ন সিলেটের দিঘি-পুকুর
পাহাড়, টিলা আর ছড়া-নালা-খালের প্রবহমান ধারায় কল্লোলিত সিলেট নগরের প্রকৃতি। জল-সবুজের সুরমাপারের এ নগরে দিঘি আর পুকুরের সংখ্যাধিক্য ছিল ঐতিহ্যের অংশ। বড় বড় ১৩টি দিঘির কল্যাণে সিলেট ‘দিঘির শহর’ নামেও পরিচিত। সুন্দরী শ্রীভূমি খ্যাত সিলেটের দিঘি-পুকুর ভরা সেই পরিচিতিতে দেখা দিয়েছে টানাপোড়েন। দিঘির নাম আছে কিন্তু দিঘি নেই। যেগুলো আছে, সেগুলোয় দূষণ ও দখল—দুটোই দৃশ্যমান। সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকাও যেন দায়সারা গোছের। এ ছাড়া সিটি করপোরেশনের বাইরে ১৮৫টি সরকারি পুকুরের দাগ-খতিয়ান আর অস্তিত্বে রয়েছে গরমিল। সরেজমিন প্রতিবেদনে দিঘি-পুকুর শূন্য হওয়ায় জনবসতির সংকটাপন্ন চিত্র ফুটে ওঠার পাশাপাশি নগরজীবনের পরিবেশ-প্রতিবেশের জন্য দিঘি-পুকুরের নাগরিক চাহিদার বিষয়টিও দীর্ঘশ্বাসের সঙ্গে প্রকাশ পেয়েছে। দিঘি-পুকুরের অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করে এ প্রতিবেদন তৈরি করেছেন সিলেটের নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী ও সিলেট প্রতিনিধি সুমনকুমার দাশ।