দখল-দূষণের পুরোনো বৃত্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জের আগানগর থেকে রাজেন্দ্রপুরমুখী শুভাঢ্যা খালটি পাঠকদের স্মৃতিতে থাকার কথা। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ খালটি সংস্কারের পর এর ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়। শুভাঢ্যা খালের পুনর্জন্ম মানুষকে প্রশান্তি দিয়েছিল। আশ্বস্ত করেছিল, ঢাকায় আরও যত খাল আছে, প্রশাসন চাইলে সেগুলোও দখল-দূষণের হাত থেকে রক্ষা করা সম্ভব।কিন্তু ‘শাসক বদলে গেলে আইন বদলে যাওয়া’ এই দেশে ভালো জিনিস বেশি দিন স্থায়ী হয় না। শুভাঢ্যা খালও এই চক্রের বাইরে থাকতে পারল না। দখলে-দূষণে আবার প্রাণ হারাতে বসেছে সেই খালটি। এর পানি এখন আবার আগের মতো কুচকুচে কালো। পাড় দখল করে গড়ে উঠছে পাকা-আধাপাকা অবৈধ স্থাপনা। খাল ভরাট করে হচ্ছে রাস্তাও। সব চলছে দিনদুপুরে, প্রশাসনের সামনে। কিন্তু অনাচার থামানোর যেন কেউ নেই।গত রোববার গিয়ে দেখা যায়, খালটির জায়গায় জায়গায় দখলের ছোবল। কালো পানিও যেন চাপা পড়ে যাচ্ছে আবর্জনার নিচে। কদমতলায় খাল ভরাট করে রাস্তা হচ্ছে। আগের রাস্তা নিজের ব্যক্তিগত দাবি করে দখল করে নিচ্ছেন জনৈক আবদুল মজিদ বেপারি। পূর্ব আগানগর জোড়া সেতুর কাছে জেলা পরিষদ মার্কেটের পেছনে খেয়াঘাট বন্ধ করে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। চরকালীগঞ্জে নূরু মার্কেটের কাছে দোতলা পাকা মার্কেট উঠেছে। পাশেই স্থাপনা করে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের ব্যবসা করছেন জনৈক রানা মিয়া। একইভাবে মুরগিপট্টি এলাকায় খালের জায়গা দখল করে জেনারেটরের ব্যবসা করছেন সেলিম মিয়া। কৈবর্ত্যপাড়ায় খালে খুঁটি বসিয়ে ১০টি টংঘর উঠছে। চরকালীগঞ্জে টাওয়ার এলাকায় খালের পাড়ে হচ্ছে ‘ফালু হোটেল’।পাঁচ বছর আগে বিএনপি-জামায়াত জোট সরকারের শেষ সময়েও খালটি ছিল দখল আর দূষণের কবলে। ২০০৬ সালের ৮ এপ্রিল পূর্ব আগানগর সেতু এলাকা থেকে তোলা এমন একটি ছবি প্রথম আলোয় ছাপা হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে খাল উদ্ধার অভিযানের পর দৃশ্যপট পাল্টে যায়। ২০০৮ সালের ১৮ আগস্ট পরিচ্ছন্ন সেই খালের ছবিও ছাপা হয় প্রথম আলোয়। সেই খাল দেখতেও গেছে অনেক মানুষ। কিন্তু এখন আবার সেই খাল দখলে-দূষণে হারিয়ে যেতে বসেছে।খাল ভরাট করে রাস্তা: নিজস্ব সম্পত্তি দাবি করে কেরানীগঞ্জের কদমতলীতে ৫০ বছরের পুরোনো সরকারি রাস্তা নিজের দখলে নিয়ে যাচ্ছেন আবদুল মজিদ। আর লোকজনের চলাফেরার জন্য তিনি শুভাঢ্যা খাল ভরাট করে বিকল্প রাস্তা নির্মাণ করছেন। আগানগর ইউনিয়নে কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আশপাশের এলাকায় শুভাঢ্যা খালের বিরাট অংশে দেয়াল তুলে নির্মাণকাজ চলছে। গ্রামবাসী নির্মাণ বন্ধের জন্য কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে। কিন্তু প্রশাসন এখনো গাত্রোত্থান করেনি। খালের পাড় থেকে প্রস্থে প্রায় আট ফুট এবং উত্তর-দক্ষিণে প্রায় ৬০ ফুট দীর্ঘ দেয়াল দেওয়া হয়েছে। এর পাশে খালের মধ্যে নতুন একটি রাস্তা হচ্ছে। সেখানে প্রতিদিন ইটের খোয়া ফেলা হচ্ছে।এলাকার কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, আবদুল মজিদ বেপারীর পরিবার ও তাঁর লোকেরা প্রায় ৫০ বছরের পুরোনো কদমতলী-গোলামবাজার রাস্তাটি বন্ধ করার উদ্দেশ্যে সরকারি খালের জায়গা দখল করে রাস্তা নির্মাণ করছে। গোলামবাজার এলাকার বয়োজ্যেষ্ঠ বাসিন্দা মো. রমিজ উদ্দিন ফরাজী বলেন, ‘প্রায় ৫০ বছর ধরে আমরা এই পথ দিয়ে কালীগঞ্জে যাতায়াত করছি। অথচ মাস খানেক ধরে স্থানীয় অবৈধ দখলদারেরা রাস্তাটি নিজেদের সম্পত্তি দাবি করে বন্ধ করে দেওয়ার পাঁয়তারা করছে। তারা এই রাস্তা দখলে নেওয়ার জন্য অবৈধভাবে খালের জায়গা দখল করে নতুন রাস্তা নির্মাণ করছে।’ আবদুল মজিদ বেপারীর ছেলে মো. শামছুল ওরফে শামসু জানান, তাঁর দাদা আবদুস সামাদ বেপারীর নামে ৮৪ শতাংশ জায়গা রয়েছে। সেই জায়গার কিছু অংশ তাঁর দাদা জনগণের চলাচলের সুবিধার্থে রাস্তার জন্য ছেড়ে দেন। সেই অর্থে রাস্তাটি তাঁদের সম্পত্তি। তিনি বলেন, ‘আমরা সরকারি খাল দখল করে রাস্তা নির্মাণ করিনি। আমাদের জায়গায় আমরা স্থাপনা নির্মাণ করছি।’ একপর্যায়ে তিনি বলেন, ‘খালটি সরকারি, তাই সরকারি খালের কিছু অংশ ভরাট করে সরকারি রাস্তা করলে ক্ষতি কী? জনগণই তো চলাচল করবে।’কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফৌজিয়া খানম শুভাঢ্যা খালের ওপর রাস্তা নির্মাণের ব্যাপারে অভিযোগ পেয়েছেন বলে প্রথম আলোকে জানান। তিনি বলেন, অবৈধ দখলদারদের জিনিসপত্র অবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সরিয়ে না নিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার বুড়িগঙ্গা নদীর মুখ থেকে চরকালীগঞ্জ এলাকা হয়ে গোলামবাজার পর্যন্ত শুভাঢ্যা খালের প্রায় তিন কিলোমিটার অংশে উদ্ধার অভিযান চালায়। এ সময় ১৮৬টি ছোট-বড় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। খাল খনন করে পানির প্রবাহও বাড়ানো হয়। এখন চিত্র ভিন্ন। পূর্ব আগানগর জোড়া সেতুর কাছে জেলা পরিষদ মার্কেটের পেছনে খালপাড়ে বহু বছরের পুরোনো খেয়াঘাটটি বন্ধ করে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। মাঝি বশির উদ্দিন দুঃখ করে বলেন, ‘গত বছর এই সময় খালে নৌকা চালাইছি। আর এবার সব বন্ধ।’চরকালীগঞ্জ এলাকায় নূরু মার্কেটের কাছে খালপাড়ে দোতলা পাকা মার্কেট নির্মাণ করা হয়েছে। মার্কেটে ৭০টির মতো দোকান রয়েছে। পাশে গড়ে উঠেছে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের জন্য ‘রানা মিয়ার পাকা ঘর’। মুরগিপট্টি এলাকায় সেলিম মিয়ার মুরগির দোকানের সঙ্গে দাউদ জেনারেটর সার্ভিসের দোকান নির্মাণ করা হয়েছে।কৈবর্ত্যপাড়া এলাকায় খালপাড়ে ১০টি টংঘর তৈরির কাজ চলছে। নূরু মার্কেটের ব্যবস্থাপক মো. রানা মিয়া জানান, তাঁর মালিক শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত নূর হোসেন নূরু মিয়ার নামে এই এলাকায় প্রায় চার একর জমি রয়েছে। তাঁরা খাল দখল করে মার্কেট নির্মাণ করেননি। চরকালীগঞ্জ এলাকায় টাওয়ারের পাশে একটি টিনশেড ঘর বানিয়ে ‘ফালু হোটেল’ খুলে বসেছেন একজন। আগানগর জোড়া সেতুর কাছে ৩০টি টংদোকান করে ভাড়া দেওয়া হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের এক নেতা এসব দোকান করেছেন বলে অভিযোগ পাওয়া যায়। আবদুল আজিজ নামের এক দোকানি জানান, তাঁদের কাছ থেকে ৩০ হাজার টাকা অগ্রিম নেওয়া হয়েছে।দূষণ: মিরেরবাগ থেকে কালীগঞ্জ বাজার পর্যন্ত বুড়িগঙ্গা নদীর শাখা খালের প্রায় দুই কিলোমিটার অংশজুড়ে ময়লা, টুকরো কাপড় ও গার্মেন্টসের বর্জ্য ফেলায় শুভাঢ্যা খালটিও ভরাট হয়ে যাচ্ছে। পাশাপাশি খালের অনেক স্থানে বহুতল ভবন ও বিপণিবিতান নির্মাণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিলেও বাস্তবে কিছু করছে না।বেগুনবাড়ি এলাকার বাসিন্দা মিজান শেখ জানান, খালটিতে ময়লা-আবর্জনা ফেলার কারণে মশা-মাছির উৎপাত বেড়েছে। দুর্গন্ধে জনজীবনও অতিষ্ঠ হয়ে পড়েছে। কালীগঞ্জ বাজারের কাছে জোড়া সেতুর নিচে বারোয়ারি বর্জ্যে শুভাঢ্যা খালটি ভরাট হয়ে যাচ্ছে।কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন জানান, খালে যাতে গার্মেন্টস বর্জ্য ও টুকরো কাপড় ফেলা না হয়, তার জন্য সমিতির পক্ষ থেকে এক লাখ ৬০ হাজার টাকায় আটটি ভ্যানগাড়ি তৈরি করা হয়েছে। ব্যবসায়ীরা প্রতিদিনের বর্জ্য একটি নির্দিষ্ট জায়গায় রাখবেন। ভ্যানগাড়ির চালকেরা সেগুলো সংগ্রহ করে মাতুয়াইলে ফেলবেন—এমন ব্যবস্থা করা হয়েছে। গার্মেন্টসের বর্জ্য খালে না ফেলার জন্য মাইকিংও করা হয়েছে, কিন্তু কাজের কাজ হচ্ছে না। খালের এই করুণ হাল সম্পর্কে জানতে চাইলে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. শাহীন আহমেদ একটি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। ‘শুভাঢ্যা খাল অবশ্যই দখলমুক্ত করে পানির প্রবাহ বাড়ানো হবে। প্রশাসন এ ব্যাপারে তৎপর রয়েছে।’