তিনতলা বাড়িটির সব দিকে ফাটল। জোড়াতালির মেরামতেও ফাটল ঢাকেনি। খসে পড়েছে পলেস্তারা। গত জুনে বাড়ির একাংশ ভেঙে নূর মোহাম্মদ নামের এক বাসিন্দা আহতও হন। বাড়িটিকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে বাসিন্দাদের অন্যত্র যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এর পরও সেখানে বসবাস করছে নয়টি পরিবার।রাজধানীর আজিমপুরের ১৫০ নিউ পল্টন লাইনের এই বাড়িটি পরিত্যক্ত সম্পত্তি। ঝুঁকিপূর্ণ জেনেও দখল হারানোর ভয়ে কেউ বাড়ি ছাড়ছেন না বলে বাসিন্দারা জানান। ওই বাড়ির কারণে আশপাশের বাড়ির মানুষও রয়েছে আতঙ্কে।স্থানীয় লোকজন জানান, ইরাকি গোরস্থানের পাশে পাঁচ কাঠা জমির ওপর ওই বাড়ির বয়স প্রায় ৬০ বছর। গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ড বাড়িটির তত্ত্বাবধানের দায়িত্বে আছে। জুনে বাড়ির একাংশ ভেঙে পড়ার দুই মাস পর ব্যবস্থাপনা বোর্ড বাড়িটি পরিদর্শন করে। এর কিছুদিন পর সেখানে বসবাসকারী পরিবারগুলোকে দ্রুত বাড়ি ছাড়তে চিঠি দিয়ে জানানো হয়, এটি সরকারিভাবে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত হয়েছে। যেকোনো সময় তা ভেঙে পড়ে প্রাণহানি হতে পারে।ব্যবস্থাপনা বোর্ডের সদস্যসচিব একরামুল হক এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, বাড়িটি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। তাই বাসিন্দাদের অন্যত্র গিয়ে বসবাস করতে বলা হলেও তাঁরা মানছেন না।গত বৃহস্পতিবার বাড়িটিতে গেলে বাসিন্দারা এই প্রতিবেদককে ঘিরে ধরেন। সাংবাদিক পরিচয় জেনে কয়েকজন উচ্চ স্বরে বলেন, যা-ই লেখা হোক না কেন, সরকার তাঁদের নামে লিখে না দিলে যত ঝুঁকিই থাকুক, তাঁরা বাড়ি ছাড়বেন না। তাঁদের যাওয়ার জায়গা নেই।বাড়িতে ঢুকে দেখা যায়, ভাঙা অংশে রড বেরিয়ে আছে। স্যাঁতসেঁতে দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। নিচতলা ও দোতলার ঘরগুলোতে চুনকাম করে ফাটল ঢাকার চেষ্টা চোখে পড়ে।চিঠি পাওয়ার পরও বসবাস করা সম্পর্কে জানতে চাইলে নিচতলার বাসিন্দা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শহিদুল হক বলেন, বাড়ি ছাড়লেই দখল হয়ে যেতে পারে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় এর আগে দুটি পরিবার অন্যত্র চলে গিয়েছিল। কিছু দিনের মধ্যেই তাদের ছেড়ে যাওয়া ঘরগুলো নতুন পরিবার দখল করে নিয়েছে। তিনি বলেন, ‘ভবনটি ঝুঁকিপূর্ণ জানি, যেকোনো মুহূর্তে পুরোটা ভেঙেও পড়তে পারে—তাও জানি। কিন্তু ৩২ বছর ধরে বসবাস করে এবং দলিল পাওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ দেওয়ার পরও কেন মালিকানা পাব না। মালিকানা না পাওয়া পর্যন্ত উঠব না। আমরা চলে গেলে কর্তৃপক্ষ এখানে নতুন লোক বসাবে। অতীতে এমন কয়েকটি ঘটনা ঘটেছে।’আরেক বাসিন্দা আবদুল মালেক বলেন, ‘২০০০ সালে গণপূর্তের বিক্রয় প্রস্তাবে সাড়ে চার লাখ টাকা দিলেও এখনো আমাদের রেজিস্ট্রি করে দেওয়া হয়নি। তাই মালপত্র ঘরে রেখে প্রাণভয়ে অন্যত্র বাসা ভাড়া নিয়ে থাকছি।’বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা পরিবার দাবি করে কয়েক বছরে আফসাতুন্নেছা, হালিমা খাতুন, কমল বেওয়ার পরিবার বাড়িটির কয়েকটি কক্ষ দখল নিয়েছে। তবে তাঁরা কেউ গণপূর্ত থেকে বরাদ্দ পাননি।দোতলার এক বাসিন্দা নূরজাহান বেগম জানান, মুক্তিযোদ্ধা পরিবার হিসেবে তিনি তিনটি কক্ষ বরাদ্দ পেতে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আবেদন করেছেন। এটি প্রক্রিয়াধীন। তিনি বলেন, ‘আমাদের মাথা গোঁজার ঠাঁই নেই। তাই এখানে বাস করছি।’নিচতলায় একটি দরজায় লেখা, শহীদ মুক্তিযোদ্ধা মো. আবদুল করিম। তাঁর মেয়ে রুবিনা বেগম বলেন, ‘বরাদ্দ পাওয়ার আশায় ১৯৯৭ সাল থেকে রয়েছি। অনেক আবেদন করেছি, কিন্তু ফল হচ্ছে না।’ ভবনের কয়েকজন বাসিন্দা বলেন, ঝুঁকিপূর্ণ যদি হয় তবে এটি ভেঙে নতুন ভবন নির্মাণ করে তা তাঁদের বরাদ্দ দেওয়া হোক। অপর কয়েকজন বলেন, তাঁরা মালিকানার দলিল চান।এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া বলেন, ওই বাড়ির বাসিন্দাদের ব্যাপারে তিনি খোঁজখবর নেবেন। পরে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।