দখল হয়ে যাচ্ছে রক্তদহের ৮ শাখা
অবৈধ দখলদারদের তত্পরতায় ভরাট ও দখল হয়ে যাচ্ছে বগুড়ার আদমদীঘি উপজেলার ঐতিহ্যবাহী রক্তদহ বিলের আটটি শাখা খাল। খালগুলোর পাড় কেটে সে মাটি দিয়েই খাল ভরাট করে তৈরি করা হচ্ছে আবাদি জমি। খালের পার্শ্ববর্তী গ্রামগুলোর প্রভাবশালী লোকজন এসব জমির মালিক। ইরি-বোরো মৌসুমে এসব জমিতে চলে ধানের চাষ। খোঁজ নিয়ে জানা গেছে, রক্তদহ বিলের শাখা খালগুলোর মধ্যে সান্তাহার খাড়ি ব্রিজ থেকে রক্তদহ বিল পর্যন্ত খালটি সবচেয়ে বড়। এর দৈর্ঘ্য প্রায় তিন কিলোমিটার। এ ছাড়া রক্তদহ বিল থেকে উপজেলা সদর পর্যন্ত খালের দৈর্ঘ্য প্রায় একই রকম। ইতিমধ্যে রক্তদহ বিল থেকে কদমা, রামপুরা, করজবাড়ি, ছাতনি, ঢেকড়া, সান্দিড়া ও কাশিপুর পর্যন্ত খালগুলো ভরাট হয়ে সমতল জমিতে পরিণত হয়েছে। খালগুলো ভরাট হওয়ায় একদিকে সেগুলো দিয়ে বন্ধ হয়ে গেছে নৌ-চলাচল, অপর দিকে সেচের পানির অভাবে বন্ধ হয়ে গেছে রবিশস্য চাষাবাদও। বিল-পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা জানিয়েছে, দীর্ঘদিন থেকে খালগুলো খনন না করা এবং তদারকির অভাবে অবৈধ দখলদারেরা এগুলোর পাড় কেটে ভরাট করেছে খালের তলদেশ। খাল-পার্শ্ববর্তী ছাতনি গ্রামের বাসিন্দা আবদুল খালেক বলেন, একসময় রক্তদহ বিলের খালগুলো ছিল এ এলাকার মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম। সড়কপথ না থাকায় বেশির ভাগ মানুষজন এক গ্রাম থেকে অন্য গ্রাম এবং সান্তাহার শহরসহ আদমদীঘি উপজেলা সদরের সঙ্গে নৌকাযোগে এসব খাল পেরিয়েই যোগাযোগ রক্ষা করত। খালগুলো ভরাট হয়ে যাওয়ায় সে উপায়ও থাকছে না। সান্দিড়া গ্রামের জেলেপাড়ার বাসিন্দা ধীরেন্দ্রনাথ বলেন, খাল ভরাট হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে জেলেরা। আগে এই খালগুলো এত গভীর ছিল যে সারা বছর পানি থাকত। ফলে এসব খাল-বিলের মাছ ধরেই তাদের সারা বছরের খাওয়া-পরা চলত। বর্তমানে খালসহ রক্তদহ বিল প্রায় ভরাট হয়ে যাওয়ায় খরা মৌসুম শুরু না হতেই শুকিয়ে যায় খালের পানি। তাই বর্ষার তিন-চার মাস এসব জলাশয়ে মাছ পাওয়া গেলেও বাকি সময় জেলেরা বেকার হয়ে পড়ে। তখন এসব জেলের সংসার চলে অর্ধাহারে-অনাহারে।সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহার হোসেন জানান, বিলের শাখা খালগুলো সান্তাহার ইউনিয়নসহ আদমদীঘি সদর এবং পার্শ্ববর্তী নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারইল ইউনিয়নে অবস্থিত। এ কারণে খাল রক্ষার দায়িত্ব অনেকের ওপর বর্তায়। তিনি বলেন, খাল দখলমুক্ত করার জন্য ইউনিয়ন পরিষদসহ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে। আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান বলেন, রক্তদহ বিলের প্রতিটি খাল পর্যায়ক্রমে অবৈধ দখলদারদের কাছ থেকে দখলমুক্ত করা হবে। এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের মাধ্যমে খালগুলো পুনর্খননের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।