দখলদারদের উচ্ছেদ করে বর্ষায় প্রাচীর নির্মাণের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ দখলদারদের ছাড় দিয়ে এবং আদালতের নির্দেশনা অমান্য করে শুষ্ক মৌসুমেই তুরাগ ও বালু নদের সীমানাপ্রাচীর নির্মাণ করে চলেছে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের জেলা প্রশাসন। গতকাল শুক্রবার নদী রক্ষাবিষয়ক টাস্কফোর্স উপকমিটি সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করে চলমান এই কাজ বন্ধ রাখেন। অবৈধ দখলদারদের উচ্ছেদ করে বর্ষাকালে নদীর সীমানাপ্রাচীর নির্মাণের পরামর্শ দেওয়া হয়েছে।গতকাল বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত বালু ও তুরাগ নদ পরিদর্শন করেন উপকমিটির সদস্যরা। উপকমিটি সূত্র জানায়, ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসন শুষ্ক মৌসুমে পানির প্রবাহ ধরে রাখার জন্য চলতি শুষ্ক মৌসুমেই বালু ও তুরাগ নদের সীমানাপ্রাচীর নির্মাণকাজ শুরু করে। পরিবেশবাদী সংগঠনগুলো এ ব্যাপারে আপত্তি জানায়। তাদের পক্ষ থেকে বলা হয়, শুষ্ক মৌসুমে নদীর সীমানাপ্রাচীর নির্মাণ করা হলে নদীর প্রকৃত গতিপথ ও প্রশস্ততা এবং নদীর যেসব জায়গা অবৈধভাবে দখল হয়েছে, তা চিহ্নিত করা সম্ভব হবে না। এই অভিযোগ যাচাইয়ের জন্য নদী রক্ষাবিষয়ক টাস্কফোর্স ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমানকে সভাপতি করে ১০ সদস্যের একটি উপকমিটি গঠন করে।গতকাল উপকমিটির সদস্যরা নারায়ণগঞ্জ, ডেমরা, গাজীপুর ও আশুলিয়ায় সংশ্লিষ্ট বালু ও তুরাগ নদের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপকমিটির সদস্য ও ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক প্রথম আলোকে জানান, অবৈধভাবে যাঁরা নদী দখল করেছেন, তাঁদের অনেককে ছাড় দিয়ে এবং নদীর প্রশস্ততা সংকুচিত করে জেলা প্রশাসন নদীর সীমানাপ্রাচীর নির্মাণ করে চলেছে। নদী রক্ষার জন্য হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছেন, জেলা প্রশাসন তা-ও যথাযথভাবে অনুসরণ করেনি। একই তথ্য জানান বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক রিজওয়ানা হাসান।পরিদর্শন শেষে কমিটি আটটি সিদ্ধান্ত নেয় এবং সে অনুযায়ী কাজ করতে জেলা প্রশাসনকে পরামর্শ দিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে: সীমানাপ্রাচীর বর্ষা মৌসুমে নির্মাণ করতে হবে; এরই মধ্যে যেসব সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে, তা এক মাসের মধ্যে সরিয়ে ফেলতে হবে; সীমানা চিহ্নের নকশায় পরিবর্তন আনতে হবে; বর্ষা মৌসুমে নদীর নাব্যতা বিশ্লেষণ করার পর অবৈধ দখলদারদের চিহ্নিত ও উচ্ছেদ করা; অবৈধ দখলদারদের ছবি তোলা হবে এবং নদীর ভরাট বন্ধ রাখার জন্য তাদের নোটিশ দেওয়া।নদীর জন্য শোকসভা: নদী রক্ষার দাবি ও নদী রক্ষায় সরকারি অব্যবস্থাপনার প্রতিবাদে গতকাল শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অভিনব সভার আয়োজন করে নাগরিক সংহতি। ‘নদীর জন্য শোকসভা’ শীর্ষক এই সভার প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমি বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ, বালু, ভৈরব, রূপসা, কালিগঙ্গা, করতোয়ার মতো মৃত ও মৃতপ্রায় নদীর প্রতিনিধি।’সভায় মৃত নদীর জন্য শোকসংগীত পরিবেশন এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন পরিবেশ বাঁচাও আন্দোলনের (বাপা) চেয়ারম্যান আবু নাসের, রুহিন হোসেন, রাগিব আহসান, ভাস্কর রাসা প্রমুখ। বক্তারা নদীতে বর্জ্য ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ, অবৈধ দখলদার মুক্ত করে নদীর সীমানাপ্রাচীর নির্মাণ এবং ড্রেজিংয়ের মাধ্যমে নদীর নাব্যতা ফিরিয়ে আনার দাবি জানান।