দখলদারদের কবলে সড়ক
রংপুর বিভাগের আট জেলার মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কের দুই ধারের অনেক জায়গা বেদখল হয়ে গেছে। এসব জায়গায় বসানো হয়েছে বাজার। এ ছাড়া স্থায়ীভাবে নির্মাণ করা হয়েছে বিপণিবিতান। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ একাধিকবার উদ্যোগ নিলেও এসব জায়গা দখলমুক্ত করতে পারেনি। রংপুর: জেলার ১১৩ কিলোমিটার জাতীয় মহাসড়কের ১০টি স্থান সংকুচিত হয়ে গেছে। রংপুর শহরের ভেতর দিয়ে আট কিলোমিটার জাতীয় মহাসড়কের দুই পাশের পুরোটাই ব্যবসায়ীদের দখলে চলে গেছে। মিঠাপুকুর থেকে মধ্যপাড়া পর্যন্ত ২৭ কিলোমিটার ও পাগলাপীর থেকে মাগুড়া পর্যন্ত আট কিলোমিটার অংশের অনেক স্থানে সওজের জায়গায় হাটবাজার গড়ে উঠেছে। দিনাজপুর: জেলায় জাতীয় মহাসড়ক রয়েছে ৬৬ কিলোমিটার। অপরদিকে পাঁচটি আঞ্চলিক মহাসড়কের দৈর্ঘ্য ১১৮ কিলোমিটার। দিনাজপুর সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রশিদ প্রথম আলোকে বলেন, ২৫ বছর আগে মাত্র ১২ ফুট চওড়া সড়কগুলো পর্যায়ক্রমে মহাসড়কের নাম ধারণ করেছে মাত্র। ওপরের কার্পেটিং উঠে গিয়ে অনেক স্থান দেবে গেছে। বিভিন্ন স্থানে ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে।পঞ্চগড়: জেলায় দুটি সড়কের পুনর্নির্মাণ ও সম্প্রসারণের জন্য প্রায় তিন বছর আগে কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু জায়গা বুঝে না পাওয়ায় অনেক স্থানে কাজ শুরুই করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে সড়ক দুটির বিভিন্ন অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জায়গা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব সওজ বিভাগের। কিন্তু জমি অধিগ্রহণে বিলম্ব হওয়ায় সড়ক বুঝিয়ে দিতে পারেনি সওজ।নীলফামারী: নীলফামারী জিরো পয়েন্ট থেকে ডোমার পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার আঞ্চলিক সড়কটি সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় তিন বছর আগে কার্যাদেশ দেওয়া হলেও কাজ শেষ করতে পারেনি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। গাইবান্ধা: গাইবান্ধায় ৭৭ কিলোমিটার মহাসড়কের অনেক স্থান বেদখল হয়ে গেছে। গাইবান্ধা সওজের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম জানান, দখলদারদের উচ্ছেদ করতে গেলে ক্ষমতাসীন দলের চাপ আসে। তিনি বলেন, মহাসড়কের জায়গা থেকে উচ্ছেদের জন্য ৫০ জনকে নোটিশ দেওয়া হয়েছে। লালমনিরহাট: জেলায় সওজ বিভাগের আওতাধীন জাতীয় মহাসড়কের দৈর্ঘ্য ১২১ কিলোমিটার। এর মধ্যে বড়বাড়ী-বুড়িমারী মহাসড়কে রয়েছে ছোট-বড় ১১৭টি বাঁক বা মোড়, ১১টি রেলক্রসিং এবং একটি বড় সেতু ও দুটি কালভার্ট। ১৮ ফুট চওড়া এই সড়কের দুই পাশে গড়ে উঠেছে ছোট-বড় ২০টি হাটবাজার। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়াসহ অনেক সময় দুর্ঘটনা ঘটছে। রংপুর-কুড়িগ্রাম ১৭ কিলোমিটার মহাসড়কে তিনটি হাটবাজার গড়ে তোলা হয়েছে।(প্রতিবেদনটি তৈরি করতে সহায়তা করেছেন আরিফুল হক রংপুর; আসাদুল্লাহ সরকার দিনাজপুর; শহীদুল ইসলাম পঞ্চগড়; মীর মাহমুদুল হাসান নীলফামারী; শাহাবুল শাহীন গাইবান্ধা ও আবদুর রব লালমনিরহাট)