দখলবিরোধী মিছিলে যুবলীগের হামলা
নারায়ণগঞ্জে পৌরসভার জায়গা দখলের প্রতিবাদে স্থানীয় একটি সামাজিক সংগঠনের বের করা মিছিলে যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে সাংবাদিক, খেলোয়াড়সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। সামাজিক সংগঠন শাপলা ক্রীড়াচক্রের কর্মকর্তারা অভিযোগ করেন, তাঁদের ওপর হামলা চালালেও পুলিশ যুবলীগের পক্ষ নেয়। তবে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, পুলিশের বিরুদ্ধে অভিযোগ সঠিক নয়। পুলিশ যথাযথ ভূমিকা পালন করেছে। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয় সূত্রে জানা গেছে, মাস তিনেক আগে শহরের খানপুর বরফকল এলাকায় পৌরসভার জায়গা দখল করে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের কার্যালয় বানানো হয়। স্থানীয় শাপলা ক্রীড়াচক্র ৩২ বছর ধরে ওই জায়গা ব্যবহার করছিল। ওই জায়গা থেকে যুবলীগের কার্যালয় উচ্ছেদের দাবিতে শাপলা ক্রীড়াচক্রের কর্মকর্তা, খেলোয়াড় ও এলাকাবাসী মিছিল নিয়ে গতকাল দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ পৌরসভায় স্মারকলিপি দিতে যাচ্ছিলেন। এ সময় যুবলীগের ২ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি চঞ্চল মাহমুদের নেতৃত্বে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মিছিলে হামলা চালায়। তারা মিছিলে অংশগ্রহণকারীদের মারধর করে। প্রত্যক্ষদর্শীরা জানান, যুবলীগের নেতা-কর্মীদের হামলায় ফুটবল প্রশিক্ষণার্থী সোহেল, তুষার, ফারুক, গোলাম মোস্তফা, ফটোসাংবাদিক মেহেদী হাসান, মাহমুদুল হাসানসহ ২০ জন আহত হন। একপর্যায়ে এলাকাবাসী ও শাপলা ক্রীড়াচক্রের সদস্যরা সংগঠিত হয়ে যুবলীগের কর্মীদের ধাওয়া করেন। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পুলিশ এসে শাপলা ক্রীড়াচক্রের লোকজনকে ছত্রভঙ্গ করে দেয়। যুবলীগের নেতা-কর্মীরা পুলিশ ও সাংবাদিকদের সামনে নিজেদের কার্যালয় ভাঙচুর করেন। পরে শাপলা ক্রীড়াচক্রের কিছু সদস্য গিয়ে নারায়ণগঞ্জ পৌরসভার মেয়রকে স্মারকলিপি দেন।শাপলা ক্রীড়াচক্রের সভাপতি আলী নূর জানান, মাঠটির মালিক বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। মাঠের পাশে পৌরসভার খালি জায়গাটি ১৯৭৮ সাল থেকে তাঁরা কার্যালয় হিসেবে ব্যবহার করছেন। জায়গাটি ব্যবহার করতে তৎকালীন পৌর চেয়ারম্যান আলী আহম্মদ চুনকা মৌখিক অনুমতি দেন। পরে বরাদ্দের জন্য আবেদন করা হলেও সরকারি নিয়মনীতির কারণে পৌর কর্তৃপক্ষ জায়গাটি বরাদ্দ দিতে পারেনি। মাস তিনেক আগে যুবলীগের নেতা মাহমুদের নেতৃত্বে শাপলা ক্রীড়াচক্রের কার্যালয়ের সামনে খেলোয়াড়দের ড্রেসিং রুম হিসেবে ব্যবহূত কক্ষ দখল করে যুবলীগের কার্যালয় বানানো হয়। আলী নূর অভিযোগ করেন, যুবলীগের কার্যালয়ের সামনে গভীর রাত পর্যন্ত আড্ডা চলে। চলে মাদক সেবনও। ফলে খেলোয়াড়েরা আসতে চায় না। শাপলা ক্রীড়াচক্র থেকে অসংখ্য খেলোয়াড় তৈরি হয়েছে। জাতীয় দলের স্বপন, গাউস, জসীম, জাকির, চন্দন, শাহজাদা, রিয়াজ, নজরুল, সুজন, তপন, হানিফ, দুলাল, মামুনের মতো জাতীয় দলের নামীদামি খেলোয়াড় বের হয়েছেন এই ক্লাব থেকে। যুবলীগ নেতা মাহমুদ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে, পৌরসভার মৌখিক অনুমতি নিয়ে এ কার্যালয় বানানো হয়েছে। শাপলা ক্রীড়াচক্রের কমিটির সবাই বিএনপির লোক। বিএনপির লোকজনই মিছিল নিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে।’ আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি নূরুল হুদা বলেন, যুবলীগের কার্যালয় বানানোর সময় কেউ আমাদের সঙ্গে আলোচনা করেনি। এটি কীভাবে কার জায়গায় হয়েছে, সে ব্যাপারে আমি কিছুই জানি না।’ জানতে চাইলে জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির বলেন, ‘বিষয়টি আমাদের জানার কথা নয়। পৌর যুবলীগ বিষয়টি সম্পর্কে বলতে পারবে। তবে পৌর যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে মুঠোফোনে পাওয়া যায়নি।নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র সেলিনা হায়াত আইভী জানান, ২ নম্বর ওয়ার্ড যুবলীগের কার্যালয় এবং শাপলা ক্রীড়াচক্র—দুটি সংগঠনের কার্যালয়ই অবৈধভাবে পৌরসভার জায়গা দখল করে তৈরি করা হয়েছে। উচ্ছেদ করলে দুটিই করতে হবে।