দখলে ছোট হয়ে যাচ্ছে ভাঙ্গুড়ার বড়াল নদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দখলের কারণে ছোট হয়ে যাচ্ছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়াল নদী। বড়াল বেইলি সেতুকে ঘিরে শুরু হয়েছে নদী দখলের প্রতিযোগিতা। অবৈধ দখলদারেরা সেতুর নিচে পুরো নদী এবং দুই পাশ দখল করে দোকানঘর ও বসতবাড়ি তৈরি করেছেন। দখলদারেরা প্রভাবশালী হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিতে পারছেন না বলে স্থানীয় এলাকাবাসী অভিযোগ করেছেন।স্থানীয় এলাকাবাসী জানান, ভাঙ্গুড়া রেলস্টেশন, বাসস্ট্যান্ড, থানা কার্যালয় ও নদীর দুই পারে দুটি বড় বাজারকে কেন্দ্র করে ১৯৮২ সালে বেইলি সেতু তৈরি হয়। এই সেতু তৈরির সময় থেকেই এর চারপাশে গড়ে উঠতে থাকে নতুন নতুন দোকান, বসতবাড়িসহ নানা স্থাপনা। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি জেলা প্রশাসন ও রেলওয়ের কাছ থেকে জমি লিজ নিয়ে দখল-প্রক্রিয়া শুরু করেন। লিজ নেওয়া জমিতে দখলদারেরা প্রথমে ছোট একটি স্থাপনা তৈরি করেন। পরে দিনে দিনে এর আকার বাড়িয়ে বড় করতে থাকেন। আর ছোট হতে থাকে বড়াল নদী।সরেজমিনে দেখা যায়, বেইলি সেতুর দুই পাশে নদীর পার দখল করে তৈরি হয়েছে বিশাল বাজার। দিনে দিনে দখলের পরিমাণ এতটাই বেড়েছে যে সেতুর নিচে প্রায় ১০০ বর্গফুট এলাকার এখন পুরোটাই বাজার। সেতুর এপার-ওপার মিলিয়ে দুই পারে তৈরি হয়েছে প্রায় ৩০০ বিভিন্ন ধরনের দোকান ও বসতবাড়ি। বাজারের দোকানমালিক মিলন রহমান জানান, গত তত্ত্বাবধায়ক সরকারের সময় সেতুর নিচের সব দোকান উচ্ছেদ করা হয়েছিল। দখলমুক্ত হয়েছিল নদীর বিরাট একটি অংশ। কিন্তু পরবর্তী সময়ে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পর নতুন করে আবার এসব দোকান তৈরি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন দোকানমালিক বলেন, বর্তমানে যাঁরা নদীটি দখল করে স্থাপনা নির্মাণ করছেন, তাঁদের অধিকাংশই ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থাকেন এবং স্থানীয় প্রভাবশালী। ফলে ক্ষমতার দাপটে তাঁরা দখলের পরিমাণ বাড়িয়ে চলছেন। প্রশাসনও তাঁদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারছে না।এ বিষয়ে ভাঙ্গুড়া পৌরসভা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. রমজান আলী জানান, বড়াল নদীর এই দখল এক দিনে হয়নি। সেতু তৈরির পর থেকে দিনে দিনে দখলদারেরা নদী দখল করেছেন। সময় ও সুযোগ বুঝে দোকানমালিকেরা তাঁদের দখলের পরিমাণ বাড়িয়ে নিয়েছেন। গত ১০ বছরে নদীর দুই পার থেকে প্রায় ১০০ ফুট পরিমাণ জায়গা এখন বাজারে পরিণত হয়েছে।তিনি বলেন, কিছু প্রভাবশালী ব্যক্তি এই নদী দখলের সঙ্গে জড়িত। তাই চেষ্টা করেও তাঁদের উচ্ছেদ করা সম্ভব হয় না। পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সামাদ বলেন, দখলকৃত এই জমির মালিক পাবনা জেলা পরিষদ। তাই দখলের বিষয়টি দেখার দায়িত্ব জেলা পরিষদের। এ বিষয়ে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, ‘জেলা পরিষদের নথিতে দখলের বিষয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে। কোনো দখলদার থাকলে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।’অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমাম উদ্দিন কবির বলেন, ‘নদী দখলের কিছু তথ্য আমরা পেয়েছি। খুব শিগগিরই দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কার্যক্রম শুরু হয়েছে।’সরেজমিনে দেখা যায়, ভাঙ্গুড়া বাজার থেকে ২০০ মিটার পশ্চিমে স্থানীয় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আইনুল হক স মিল বসিয়ে নদের কিছু অংশ দখলে নিয়েছেন। তার পাশেই নদের মধ্যে ঢুকে রয়েছে মো. শাহজাহান আলীর বসতবাড়ির একাংশ। ভাঙ্গুড়া বাজার এলাকায় একইভাবে নদের পাড় দখল করে মার্কেট তৈরি করেছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ফজলুর রহমান, জিলিম উদ্দিন, শফিউর রহমানসহ আরও অনেকেই।অপর দিকে ব্রিজের অপর দিকে শরৎ নগর বাজারে পাশ দিয়ে নদ দখল করে বকুল হোসেন, সাইদ হোসেন ও হারান আলীসহ আরও প্রায় শতাধিক দখলদার বাড়ি, দোকানঘরসহ বিভিন্ন স্থাপনা তৈরি করেছেন।অনুসন্ধানে জানা যায়, এসব দখলদারেরা প্রথমে রেলওয়ে ও জেলা পরিষদের কাছে থেকে কিছু জমি লিজ নিয়ে ছোট্ট স্থাপনা তৈরি করেছেন। পরে নদ দখল করে সেটিকে বাড়িয়ে বড় করা হয়েছে।তবে এ বিষয়ে একাধিক দখলদার বলেছেন, তাঁরা বৈধ কাগজপত্রের মাধ্যমেই বাড়ি, মার্কেটসহ বিভিন্ন স্থাপনা তৈরি করেছেন। অবৈধ ভাবে নদের কোনো জমি তাঁরা দখল করেননি।নদের একাংশ দখলে রাখা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আইনুল হক বলেন, তিনি নদের কোনো জায়গা দখল করেননি। রেলওয়ের কাছ থেকে জমি লিজ নিয়ে স মিল করেছেন। এখানে দখলের প্রশ্নই আসে না।একাধিক এলাকাবাসী জানিয়েছেন, ১০ বছর আগেও বড়াল নদের পাড় ঘেঁষে এসব বসতবাড়ি বা মার্কেট কিছুই ছিল না। দিনে দিনে এসব ব্যক্তি রেলওয়ে ও জেলা পরিষদের কাছ থেকে একটি দোকান করার মতো জায়গা লিজ নিয়ে পরে বড় বড় মার্কেট করেছেন। কিন্তু এই দখল থেকে নদকে রক্ষার জন্য প্রশাসনিকভাবে কখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, কিছুদিন আগেও বড়াল নদ অনেক বড় ছিল। নদের পাড়ে কোনো স্থাপনা বা বসতি ছিল না। ব্রিজটি তৈরি হওয়ার পর থেকেই দখল শুরু হয়। কিন্তু স্থানীয় প্রশাসন দখলদারদের বিষয়ে খুবই উদাসীন। তারা দখলের বিরুদ্ধে কখনোই কোনো পদক্ষেপ নেয়নি।উপজেলার চৌবাড়িয়া গ্রামের আহম্মদ আলী বলেন, ‘আগে নদের পনি টল টল (পরিষ্কার) ছিল। মা-খালারা এই পানি দিয়ে ভাত-তরকারি রান্না করতেন। এখন বাজারের ময়লা আবর্জনায় নদের পানিও নষ্ট হয়ে গেছে। এখন এই পানি দিয়ে গোছল করলিও গাও চুলকায়। মাঝে মধ্যি দেহি মাছ মরে ভাসে ওঠে।’