দখলের কবলে মেঘনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চর চারতলা এলাকার মেঘনা নদীর তীর থেকে ভেতরে প্রায় ৪০০ ফুট নদী ভরাট হয়ে গেছে। সেখানে প্লাস্টিক কারখানা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে সেখানকার নদীর স্বাভাবিক গতিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। এলাকাবাসী ও জেলা প্রশাসন বলছে, এভাবে নদী ভরাটের কারণে আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বিপর্যয়ের পাশাপাশি নদীর অন্য পারের তিনটি গ্রাম বিলীন হয়ে যেতে পারে।গতকাল মঙ্গলবার এলাকা ঘুরে দেখা গেছে, আশুগঞ্জ সার কারখানা লাগোয়া ওই এলাকার নদী ভরাটের কাজ করছেন ২৫ থেকে ৩০ জন শ্রমিক। ভৈরব সেতুর ওপর দাঁড়ালে মনে হয় বাঁধ দিয়ে যেন নদীর গতিপথ বন্ধ করা হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেল, নিউ এশিয়া সিনথেটিক লিমিটেড নামের একটি কোম্পানি প্লাস্টিক কারখানা করতে ওই জায়গা ভরাট করছে। প্রতিষ্ঠানটির মালিক সাংসদের আত্মীয় বলে কেউ বাধা দিতে সাহস পাচ্ছে না। সরকারি ওই জায়গায় যেন প্লাস্টিক কারখানাটি করতে সমস্যা না হয়, সে জন্য সাংসদ নিজেও সরকারের বিভিন্ন দপ্তরকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও আশুগঞ্জ সার কারখানা কর্তৃপক্ষ।ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘আমি নিজেও ঘটনাস্থলে গিয়ে মাটি ভরাটের বিষয়টি দেখে এসেছি। আমার কাছে মনে হয়েছে, ওই এলাকার অর্ধেক নদী ভরাট হয়ে গেছে। এভাবে কেউ নদী দখল করতে পারে, ভাবাই যায় না।’ আজ বুধবার প্রধানমন্ত্রী আশুগঞ্জ আসছেন। এ সফরের পরই এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক উসমান গনি প্রথম আলোকে বলেন, সার কারখানার কাছে নদীর তীরে এর আগে একটি সিমেন্ট কারখানা স্থাপনের চেষ্টা করা হয়। কিন্তু শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপে সেটি বন্ধ হয়। এখন আবার প্লাস্টিক কারখানা তৈরির চেষ্টা চলছে। এভাবে হয় না। একটি বিষয় মনে রাখতে হবে, আশুগঞ্জ সার কারখানা সরকারের বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই)। সার কারখানার পাশে নদী ভরাট করে এভাবে কোনো প্লাস্টিক কারখানা করলে সার উৎপাদন চরম ঝুঁকির মুখে পড়বে।স্থানীয় প্রশাসন জানিয়েছে, নির্মাণাধীন ওই কারখানার কাজ বন্ধ রাখার অনুরোধ জানিয়ে এরই মধ্যে সার কারখানা, জেলা প্রশাসন ও শিল্প মন্ত্রণালয় থেকে একাধিকবার অনুরোধ জানানো হয়েছে। কিন্তু মাটি ভরাটের কাজ চলছেই।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিউ এশিয়া সিনথেটিক লিমিটেড প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মেজর (অব.) এ মতিন চৌধুরী। তিনি বাণিজ্য মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ লুত্ফুল হাইয়ের ভায়রা।এ বিষয়ে জানতে চাইলে লুত্ফুল হাই গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমি ওই প্রতিষ্ঠানের কেউ না। তবে যারা করছে তারা আমার আত্মীয় ও ঘনিষ্ঠ। আমিই তাদের বলেছি, আমার এলাকায় আসেন। শিল্পকারখানা করেন। এতে মানুষজন চাকরি পাবে। কিন্তু অনেকেই চায় না লোকজন চাকরি পাক। তারা নানা ঝামেলা করছে।’ সরকারি জমি ও নদী দখল করে কেন কারখানা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘কারখানার জন্য ওই জায়গা কেনা হয়েছে, দখল হচ্ছে না।’ নদীর জায়গা তো সরকারের, এটি কীভাবে কেনা যায় জানতে চাইলে তিনি বলেন, ‘জেলা প্রশাসনসহ সরকারের যেসব কর্মকর্তা এসব বলছেন, তাঁরা দেশের ভালো চান না। আর যদি কোনো জায়গা ভরাট হয়ে থাকে, সেটি ছেড়ে দেওয়ার জন্য বলা হবে।’উদ্বিগ্ন সার কারখানা কর্তৃপক্ষ: আশুগঞ্জ সার কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নিউ এশিয়া সিনথেটিক লিমিটেড ২০০৯ সালের ৩ সেপ্টেম্বর সার কারখানার ব্যবস্থাপনা পরিচালকের কাছে ওই জায়গায় কারখানা নির্মাণের জন্য অনাপত্তি সনদ চেয়ে আবেদন করে। জবাবে ২০০৯ সালেরই ২২ অক্টোবর সার কারখানার পক্ষ থেকে জানানো হয়, এখানে কোনোভাবেই প্লাস্টিক কারখানা হতে পারে না। এটি হলে সার কারখানা ঝুঁকির মুখে পড়বে।কিন্তু এই অনাপত্তির পরও মাস দুয়েক আগে নিউ এশিয়া সিনথেটিক লিমিটেড স্থানীয় ঠিকাদার মেসার্স মজনু ট্রেডার্সকে দিয়ে সার কারখানা লাগোয়া মেঘনা নদীর তীরে মাটি ভরাটের কাজ শুরু করে।এ ঘটনার পর ২৯ মার্চ সার কারখানার পক্ষ থেকে জেলা প্রশাসককে চিঠি দিয়ে প্রতিকার চাওয়া হয়।আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (কারিগরি) সুভাষ চন্দ্র সাহা বলেন, কারখানার পাশে নদী দখল করে মাটি ভরাটের কারণে কয়েক দিন ধরে পানি ঘোলা হয়ে যাচ্ছে। পানিতে এঁটেলজাতীয় পদার্থ দেখা যাচ্ছে। এভাবে চলতে থাকলে যেসব পাইপ দিয়ে পানি আসে সেগুলো বন্ধ হয়ে যাবে। এমনিতেই মাটি ভরাটের কারণে কয়েক দিন ধরে ধীরে ধীরে উৎপাদনও কমছে। ৯ মে এক হাজার ৩০১ মেট্রিক টন সার হয়েছে, পরদিন তা কমে এক হাজার ২৮০ টনে নেমেছে।উদ্বিগ্ন জেলা প্রশাসনও: আশুগঞ্জের ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, নদীর তীরের প্রায় আট একর জমি এরই মধ্যে ভরাট হয়ে গেছে। এর মধ্যে সাড়ে তিন বিঘা খাসজমি রয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ২৯ মার্চ খাসজমি এবং নদীর ওপর মাটি ভরাট থেকে বিরত থাকতে মেসার্স মজনু ট্রেডার্সকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নোটিশ দেওয়া হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) মনিরা বেগম ওই নোটিশ দেন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা বেগম প্রথম আলোকে জানান, ‘কাজ করার আগে প্রস্তাবিত পলিয়েস্টার প্লান্টের পক্ষ থেকে আমাদের সঙ্গে কেউ যোগাযোগ কিংবা অনুমতি নেওয়ারও প্রয়োজন বোধ করেনি। মাটি ভরাট কাজ শুরুর কথা জেনে ইউএনও স্যার ও আমি আমাদের জরিপকার নিয়ে জায়গা পরিমাপ করে দেখি, প্রতিষ্ঠানটি সরকারের খাসজমি বালু দিয়ে ভরাট করে ফেলেছে। এ অবস্থায় ভরাট বন্ধ করতে প্রথমে ২৯ মার্চ ও পরে ১৩ এপ্রিল দুই দফা নোটিশ দিয়েছি। কিন্তু তারা আমাদের নোটিশের লিখিত জবাব না দিয়ে মৌখিকভাবে বালু সরিয়ে নেওয়ার কথা বলেছে। কিন্তু প্রকৃতপক্ষে এখনো খাসজমি ভরাট করে চলছে।’প্লাস্টিক কারখানার বক্তব্য: প্লাস্টিক কারখানার হয়ে ওই এলাকায় ভরাটের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মজনু ট্রেডার্স। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীদের একজন আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, মাটি ভরাট বন্ধের জন্য ভূমি অফিসের নোটিশ পেয়েছেন। তবে সেখানে সামান্যতম খাসভূমি নেই।নিউ এশিয়া সিনথেটিক লিমিটেডের পলিয়েস্টার প্লান্ট নির্মাণ প্রকল্পের পরিচালক আরশাদ আমিন বলেন, ‘আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি। আমাদের ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে জমি মেপে সীমানা নির্ধারণের অনুরোধ করেছি। আশা করছি, দ্রুত এটি করা সম্ভব হবে।’নিউ এশিয়া সিনথেটিক লিমিটেডের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক এ মতিন চৌধুরী বলেন, প্লাস্টিক কারখানা করার জন্য জিয়া সারখানার কাছে অনাপত্তি চাওয়াটাই ভুল হয়েছে। তাদের কাছ থেকে অনুমতি নেওয়ার কিছু নেই। আর প্লাস্টিক কারখানার কারণে পরিবেশও দূষিত হবে না। নদী ভরাটের বিষয়ে তিনি বলেন, ‘প্রশাসনের সঙ্গে আমরা বসব। প্রশাসন যদি বলে নদী ভরাট হয়েছে, তাহলে আমরা দখলমুক্ত করব।’এলাকাবাসী জানান, এভাবে নদী ভরাটের কারণে নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের তিনটি গ্রাম বিলীন হয়ে যাবে। মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, মাঝনদী পর্যন্ত দখল হয়ে যাওয়ার কারণে নদীর স্রোত স্বাভাবিক পথে প্রবাহিত হতে না পারায় আঘাত করবে ভৈরব বাজারসহ তার ইউনিয়নের তিনটি গ্রামে।