দখলের দৌরাত্ম্যে ছোট হয়ে আসছে কক্সবাজার সৈকত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দখলের দৌরাত্ম্যে দিন দিন ছোট হয়ে আসছে কক্সবাজারের সাগরসৈকত। সেখানকার বালুচরের সরকারি জমি একের পর এক দখল করে যাচ্ছেন একশ্রেণীর প্রভাবশালী ব্যবসায়ী। এসব জমিতে তাঁরা হোটেল-মোটেলসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য ভবন ও সড়ক নির্মাণ করছেন। একই সঙ্গে বাঁশ ও স্থায়ী খুঁটি গেড়ে তাঁরা যে যাঁর মতো জমি দখলে রাখছেন। গত সোমবার সকালে কলাতলী সাবমেরিন কেবলের ল্যান্ডিং পয়েন্ট থেকে (সাগরের তলদেশ দিয়ে আনা কেব্ল এখান থেকে বাংলাদেশে প্রবেশ করেছে) ডায়াবেটিক হাসপাতাল পয়েন্ট পর্যন্ত সৈকতের প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ স্থান ঘুরে বালুচরের অনেক জমি দখল হওয়ার দৃশ্য চোখে পড়ে। কিছু হোটেল ও মোটেল মালিক নিজ জমি বা সীমানাপ্রাচীরের বাইরে গিয়ে সৈকতের জমিতে পাকা রাস্তা নির্মাণ করছেন। কেউ কেউ জমি দখল করে রেস্তোরাঁ ও দোকানপাট গড়ে ব্যবসা করছেন। ভবিষ্যতে স্থাপনা তৈরির লক্ষ্যে কেউ কেউ বাঁশ ও স্থায়ী পাকা খুঁটি তুলে খণ্ড খণ্ডভাবে জমি ঘিরে রেখেছেন। বালুচরসংলগ্ন ঝাউবনেও জমি দখল করে অনেকে দোকানপাট ও পাকা ঘরবাড়ি তৈরি করে বিভিন্ন ব্যবসা খুলেছেন। ঢাকা থেকে আসা পর্যটক ইয়াসমিন আকতার (৪৫) বলেন, ‘এই সৈকতকে বিশ্বের দীর্ঘতম সৈকত বলে দাবি করা হয়। এ নিয়ে আমাদের গর্বের শেষ নেই। কিন্তু এখন যেভাবে সৈকতের জমি দখল করে স্থাপনা গড়ে উঠছে, একসময় পর্যটকেরা বালুচরে হাঁটার একটুও জায়গা পাবেন না। সরকারি কর্মকর্তারা এসব কি দেখেন না?’কলাতলী সার্ফিং পয়েন্টে সৈকতের বিশাল জমি দখল করে পাকা রাস্তা তৈরি করছে নির্মীয়মাণ হোটেল বে প্যারাডাইস কর্তৃপক্ষ। এর মালিক জাতীয় পার্টির (এরশাদ) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নুরুল আলম সানু। সেখানে গিয়ে দেখা যায়, ওই হোটেলের এক একর জমিতে সীমানাপ্রাচীর তুলে ঘিরে ফেলে ভেতরে পাহাড়কাটা মাটি ফেলা হচ্ছে। পশ্চিম দিকের সীমানাপ্রাচীরের বাইরে সৈকত দখল করে সেখানে গাড়ি চলাচলের পাকা সড়ক তৈরি হচ্ছে। এ ব্যাপারে ওই হোটেল নির্মাণের দায়িত্বে থাকা তত্ত্বাবধায়ক মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সৈকত থেকে হোটেলে আসার রাস্তা নেই। তাই পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে ১৭৫ ফুট দীর্ঘ ও ৩০ ফুট চওড়া পাকা সড়কটি তৈরি করা হচ্ছে। এ জন্য হোটেল মালিক সানু ভাই (নুরুল আলম সানু) প্রশাসন থেকে মৌখিকভাবে অনুমতি নিয়েছেন।’ দেখা গেছে, হোটেল বে প্যারাডাইসের স্থান থেকে উত্তরদিকে আরও ছয়টি নির্মাণাধীন হোটেলের মালিক সরকারি জমি দখল করে প্রায় দেড় হাজার ফুট দীর্ঘ সড়ক তৈরি করছেন। পাহাড়কাটা মাটি দিয়ে সড়কটি চলাচলের উপযোগী করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে একটি হোটেলের নির্মাণকাজের তত্ত্বাবধায়ক জানান, এই মাটির সড়কটিও নুরুল আলম নির্মাণ করেছেন। এ ব্যাপারে মাসুদুর রহমান বলেন, ‘কিছু দিনের মধ্যে আমাদের হোটেলের নির্মাণকাজ শুরু হবে। ইট-বালু, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ট্রাকবোঝাই করে হোটেলে আনার মতো রাস্তা নেই। তাই মোটা অঙ্কের টাকা খরচ করে এই রাস্তাটিও আমরা তৈরি করছি।’ হোটেল বে প্যারাডাইসের দক্ষিণ দিকে কলাতলী সাবমেরিন কেবলের ল্যান্ডিং পয়েন্ট পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ সৈকতের জমি দখল করে নিয়েছেন আরও আটজন। এর উত্তর পাশে সৈকতের জমি দখল করে বাঁশের খুঁটি দিয়ে ঘিরে রেখেছে ঢাকার একটি প্রভাবশালী গ্রুপ। এই জমির ভেতর লাগানো একটি সাইনবোর্ডে লেখা—‘এই প্লটের (জমির) মালিক ‘সামির প্রপার্টিজ’ ২০/২ পান্থপথ, ধানমন্ডি ঢাকা।’ সাইনবোর্ডে লেখা মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করা হলে সামির প্রপার্টিজ লিমিটেডের বাণিজ্যিক বিভাগের কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, ‘আমাদের প্রতিষ্ঠান কাগজপত্র দেখেই জমিটি কিনেছে। বালুচরের যেখানে বাঁশের বেড়া আছে, তার বাইরেও আমাদের জমি রয়েছে। ওই পর্যন্ত ঘিরে ফেললে পর্যটকের হাঁটাচলার জায়গা থাকবে না। সৈকত সংকুচিত হয়ে যাবে। এই ভেবে সৈকতের আরও নয় ফুট জমি ছেড়ে দিয়ে আমরা অবশিষ্ট জমি ঘিরে রেখেছি।’ এর পাশে অনেকখানি জমি দখল করে ঘিরে রেখেছে ‘হোটেল সি-ওয়েভ’ নামে একটি প্রতিষ্ঠান। জমির মালিক দাবি করে কক্সবাজারের খুরুশকুলের বাসিন্দা এম আর খোকন জানান, তাঁরা ১০ জন মিলে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে ৫৪ শতক জমি কিনেছেন। একই স্থানে সৈকতের জমি দখল করে ‘ফকির গ্রুপ’ পাকা দেয়াল তুলেছে। ভেতরে চলছে স্থাপনা তৈরির কাজ। সুগন্ধা পয়েন্টের বালুচরে জমি দখল করে ৩০টির বেশি দোকান তৈরি করেছেন শহরের বাহারছড়া এলাকার লাল মিয়া। সেখানে একটি মসজিদও রয়েছে। তিনি বলেন, ‘স্থানীয় কিছু বেকার লোকের জীবিকার জন্য অস্থায়ীভাবে এই দোকানপাট তৈরি করা হয়েছে। আর পর্যটকদের নামাজের জন্য মসজিদটি নির্মাণ করা হয়। প্রশাসন যখন চাইবে, এসব স্থাপনা তুলে নেওয়া হবে।’ সৈকতের সমিতিপাড়ায় ঝাউবাগানের ভেতর চর দখল করে সীমানাপ্রাচীর তুলে ভেতরে আধুনিকমানের একটি কটেজ তৈরি করেছেন পুলিশের সদর দপ্তরে কর্মরত পুলিশের উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম। কটেজের তত্ত্বাবধানকারী নুরুল ইসলামের আত্মীয় আমিন সিকদার বলেন, ‘আমরা কয়েকজন মিলে ৬০ শতকের এই সরকারি খাসজমিতে কটেজটি তৈরি করেছি। এর আশপাশে অনেকে এভাবে জমি দখল করে নানা স্থাপনা তৈরি করেছেন। তাদের যে দশা হবে, আমরাও তাই মেনে নেব।’ সৈকতের জমি দখল প্রসঙ্গে জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ বলেন, সৈকতের জমিতে পাকা রাস্তা তৈরি, রেস্তোরাঁ বা দোকানপাট নির্মাণ সম্পূর্ণ অবৈধ। অনেকে বাঁশ ও স্থায়ী পাকা খুঁটি তুলে খণ্ড খণ্ডভাবে জমি ঘিরে রেখেছেন। ঝাউবনেও জমি দখল করে অনেকে দোকানপাট ও পাকা ঘরবাড়ি তৈরি করে বিভিন্ন ব্যবসা খুলেছেন। অতিরিক্ত জেলা প্রশাসককে (এডিসি-রাজস্ব) এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এডিসি মো. শুকুর আলী বলেন, সরেজমিন অনুসন্ধান করে শিগগিরই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।