দখিন হাওয়ার আড্ডা
হুমায়ূন আহমেদ মূলত অফিস করার মতো প্রায় সারা দিনই লেখেন বা পড়েন। সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে আড্ডা দেন। এটা তাঁর অনেক পুরোনো অভ্যাস। ‘দখিন হাওয়া’য় আড্ডার নির্দিষ্ট কোনো চরিত্র থাকে না। খোঁজ নিয়ে জেনেছি, ১৯৮২ সালে যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি নিয়ে দেশে যখন ফিরে এলেন, খুব বেশি মানুষজনের সঙ্গে তাঁর জানাশোনা ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার্স ক্লাবে বসে বসে চা খাওয়া বা দাবা খেলার মধ্যেই তাঁর আড্ডা সীমাবদ্ধ ছিল। একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অধ্যাপক ড. আবদুর রাজ্জাক, ড. আনিসুজ্জামান, ড. সিরাজুল ইসলাম চৌধুরী বা ড. হুমায়ুন আজাদের সঙ্গে তাঁর আড্ডা হতো। লেখকের সঙ্গে লেখকের আড্ডা, অনেকটা সে রকম। ড. হুমায়ূন আহমেদ বিজ্ঞান অনুষদের শিক্ষক, কিন্তু বিজ্ঞানীদের সঙ্গে তাঁর খুব মিল ছিল না। তিনি খুঁজতেন সাহিত্যের লোক।বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে প্রথম তাঁর আড্ডাখানা ছিল মতিঝিলের দৈনিক বাংলা ভবনে ‘বিচিত্রা’র অফিসে। ‘দৈনিক বাংলা’র সহকারী সম্পাদক ছিলেন সালেহ চৌধুরী। তাঁর বাড়ি সিলেটে। বয়সে হুমায়ূন আহমেদের ১০ বছরের বড়। হুমায়ূন আহমেদের বাবা যখন সিলেটে ছিলেন, তখন তাঁর সঙ্গেও সালেহ চৌধুরীর জানাশোনা ছিল। ১৯৭০ সাল থেকে সালেহ চৌধুরী আর হুমায়ূন আহমেদ ঘনিষ্ঠভাবে মেলামেশা শুরু করেন। হুমায়ূন আহমেদ তাঁকে ডাকতেন ‘নানাজি’ বলে। সেই সূত্রে আমরাও সালেহ চৌধুরীকে নানাজি বলেই ডাকি। এই নানাজিই মূলত ‘দৈনিক বাংলা’র অফিসে নিয়ে যান হুমায়ূন আহমেদকে। সেখানেই তিনি পরিচিত হন ‘দৈনিক বাংলা’র সম্পাদক আহমেদ হুমায়ুন ও দেশের সেরা কবি শামসুর রাহমানের সঙ্গে। একই ভবনে ‘বিচিত্রা’র অফিস। ‘বিচিত্রা’র সম্পাদক শাহাদত চৌধুরীর সঙ্গে সম্পর্কের সূচনা মূলত একই সূত্র থেকে। ১৯৭৪ সালে সাপ্তাহিক ‘বিচিত্রা’ যখন বাংলাদেশে প্রথম ঈদসংখ্যা প্রকাশ করে, সেখানে হুমায়ূন আহমেদের একটি উপন্যাস ‘অচিনপুর’ ছাপা হয়। সম্পর্কের ঘনিষ্ঠতা সেখান থেকে শুরু। হুমায়ূন আহমেদ একসময় যুক্তরাষ্ট্রে চলে যান বৃত্তি নিয়ে, পিএইচডি করার জন্য। নর্থ ডাকোটা বিশ্ববিদ্যালয় থেকে পলিমার কেমিস্ট্রিতে পিএইচডি শেষ করে ১৯৮২ সালে দেশে ফিরে এলে আবার এই ‘বিচিত্রা’কে কেন্দ্র করে তাঁর আড্ডাবাজি শুরু হয়। দিনের বেলা পত্রিকা অফিসের আড্ডা শেষ হলে সন্ধ্যাকালীন আসর বসত কখনো ড. হুমায়ুন আজাদের বাসায়, কখনো বা কবি শামসুর রাহমানের বাসায়। ৯০-এর দশক পর্যন্ত এভাবে বিক্ষিপ্তভাবে তাঁদের আড্ডাবাজি চলে। সালেহ চৌধুরী, শামসুর রাহমান, ড. হুমায়ুন আজাদ, ইমদাদুল হক মিলন, কখনো বা ড. মুনতাসীর মামুন—এঁরাই ছিলেন তাঁর আড্ডার সহযোগী।বাংলাদেশ টেলিভিশনের জন্য ‘অয়োময়’ নাটকটি নির্মাণের সঙ্গে সঙ্গে তাঁর আড্ডার চেহারার পরিবর্তন হয়ে যায়। নাটকের উপলক্ষে তাঁর বেশ কিছু নতুন বন্ধুবান্ধব জোটে। এঁরা আগের উল্লেখ করা বইয়ের লেখক নন; তাঁরা কেউ তাঁর নাটকের শৌখিন শিল্পী, কেউ সমঝদার। বাংলা একাডেমীর পরিচালক ওবায়দুল ইসলাম, মোজাম্মেল হোসেন, আসাদুজ্জামান নূর, আলী যাকের, আবুল হায়াত, আবুল কাশেম, ইনামুল হক—এঁদের নিয়ে নাটকের আলোচনা ও নাট্যপাঠ নিয়েই তাঁর আড্ডাসমূহ চলতে থাকে।হুমায়ূন আহমেদ তাঁর কয়েকটি লেখায় তাঁর বন্ধুদের নিয়ে লিখেছেন, তাঁর বন্ধুভাগ্য খুব ভালো নয়। একনাগাড়ে বেশি দিন তাঁর কাউকেই সহ্য হয় না। এক বছরের বেশি সময় ধরে কারও সঙ্গেই তাঁর ঘনিষ্ঠতা থাকে না। হয়েছেও তা-ই। ২০০৪ সালের ১২ ডিসেম্বর শাওনকে বিয়ে করার পর থেকেই মূলত তিনি তাঁর আড্ডার চরিত্র পাল্টে ফেলেন। তিনি কোথাও যাওয়া বন্ধ করে দেন। যদিও বিয়েটা হয়েছে ২০০৪ সালের ডিসেম্বরে, ঘটনা শুরু হয়ে যায় আরও অনেক আগে, ১৯৯৭-৯৮ থেকে, বিশেষ করে ‘আজ রবিবার’ নাটকটি করার সময় থেকে বা তার পর থেকে। সে সময় থেকেই তাঁর আকর্ষণের কেন্দ্র এক দিকে নিবিষ্ট হয়। বাকি আড্ডা সরে যায়। তখন নিজের বাড়িতে তাঁর একান্ত বন্ধুদের ডেকে এনে সান্ধ্য আড্ডায় বসে যেতেন।কতগুলো বুড়ো মিলে এই আড্ডা দেন বলে তিনি নিজে তাঁর এই আড্ডার জায়গার নামও দিয়েছেন ‘ওল্ড ফুলস ক্লাব’—বুড়ো বোকাদের সংঘ। আমার এ সবই শোনা কথা। আমি সেখানে ইন করেছি অনেক পরে।২০০৮ সালের এপ্রিল মাস থেকে তাঁর এই শেষ পর্যায়ের সান্ধ্য আড্ডাসমূহে আমি প্রায় অনিবার্যই এক উপকরণে পরিণত হয়ে যাই। আমারও সান্ধ্য রুটিনে পরিবর্তন এসে যায়। একসময় আমি ভালো ছেলের মতো অফিস থেকে সন্ধ্যায় চলে যেতাম আমার ক্যাডেট কলেজ ক্লাবে। দেড়-দুই ঘণ্টা লন টেনিস খেলতাম প্রতি সন্ধ্যায়। টেনিস খেলার একটা দল তৈরি হয়ে গিয়েছিল আমাদের। আটটা-সাড়ে আটটা পর্যন্ত খেলে, ফাটাফাটি একটা শাওয়ার নিয়ে, আধঘণ্টা সুইমিং-পুলে নিজের শরীর চুবিয়ে, দিনের সমস্ত ক্লান্তি মাঠে ও পুলে ফেলে রেখে বাসায় গিয়ে ভরপেট খেয়ে, আরাম করে ঘুমাতে যেতাম। সে রুটিনেও বড় একটা পরিবর্তন এল।কখনো কখনো সপ্তাহের সাত দিনই চলত আড্ডা। মাঝে মাঝে লেখালেখির চাপ বেড়ে গেলে আড্ডার দিন কমে আসত। সপ্তাহে দুই বা তিন দিন। একসময় এমনও হলো যে, শুধু বৃহস্পতিবার হবে আড্ডা। এ রকম এক-দুই সপ্তাহ আড্ডাটি সপ্তাহান্তে চলে যাওয়ার পর হঠাত্ করে হয়তো কোনো এক মঙ্গলবারই ফোন আসত মাজহারের কাছ থেকে, ‘স্যার বলছেন আজ বৃহস্পতিবার, সুতরাং, চলে আসো।’এই আড্ডা দুই রকমের ছিল। একটি প্রাত্যহিক। এখানে সদস্যাসংখ্যা সীমিত। অন্যপ্রকাশ আর দখিন হাওয়ার লোকজন; যেমন—আলমগীর ভাই, মাজহার, কমল আর আমি। সঙ্গে স্যার আর শাওন। এই দলে অকস্মাত্ এসে হাজির হতেন লাল দাড়ি পাকানো সেহেরী ভাই, বগুড়ার জিলা স্কুলে ক্লাস এইট থেকে একসঙ্গে পড়াশোনা করার সময় থেকে তাঁরা বন্ধু। সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী হিসেবে অবসর নেওয়ার পর প্রায় হাজি মার্কা একটা বেশ ধারণ করেছেন তিনি; সাংঘাতিক ফুর্তিবাজ এক মানুষ। আরেক বন্ধু স্থপতি আবু করিম। তিনিও ধানমন্ডিতে থাকেন। একসময় এই দখিন হাওয়াতেই তাঁর ফ্ল্যাট ছিল। এই দখিন হাওয়া ভবনের স্থপতিও তিনি। সুতরাং, তাঁরও আগমন ছিল প্রায় নৈমিত্তিক। অনিয়মিত আড্ডায় বসেছি তাঁর পুরোনো বন্ধু মুনিরুল ইসলাম, মনিরুজ্জামান—এঁদের সঙ্গেও।এ ছাড়া আরও কিছু প্রিয়জন আছেন স্যারের, যাঁদের ডেকে আনা হতো। তাঁদের মধ্যে আছেন ড. সৈয়দ মনজুরুল ইসলাম, জাদুকর জুয়েল আইচ, ইমদাদুল হক মিলন—এঁরা। এ তিনজনের মধ্যে স্যারের সবচেয়ে পুরোনো বন্ধু জুয়েল আইচ।জাদুবিদ্যার প্রতি হুমায়ূন আহমেদের অনুরাগ ছিল ছোটবেলা থেকেই। তাঁর এক লেখায় পড়েছি, ১৯৬৫ সালে ঢাকা কলেজে ভর্তি হওয়ার সুবাদে তাঁর প্রথম ঢাকা আসা হয়েছিল। ঢাকা এসেই তিনি এক জাদুকরের কাছ থেকে কৌশল শেখার জন্য ৩০০ টাকা দিয়ে সর্বস্বান্ত হন। এই প্রতারক জাদুকরের স্মৃতি তিনি ভুলতে পারেন না। এরপর জাদুবিদ্যার ওপর বইপত্র পড়া শুরু করেন। ১৯৮৪-৮৫ সালের দিকে তাঁর সঙ্গে পরিচয় হয় জুয়েল আইচের। তাঁর ‘এইসব দিনরাত্রি’ নাটকে একটি বিশেষ অংশে জাদুকর জুয়েল আইচের উপস্থিত থাকার দৃশ্যে তিনি হাজির হন। সম্পর্কের ঘনিষ্ঠতা সেখান থেকেই। জুয়েল আইচের সহযোগিতায় হুমায়ূন আহমেদ বিশ্ব জাদুকর সংঘের সদস্যও হয়ে যান। বেশ কটি জাদু তিনি দেখাতে পারেন। আমাদের আড্ডায় বেশ কিছু জাদু দেখে আমরা মুগ্ধ হয়েছি। হুমায়ূন আহমেদ হাতের তালুর ভাঁজে মুদ্রা লুকানোর এক জটিল কৌশল আয়ত্ত করে ফেলেন। বারবার দেখার পরও তাঁর কৌশল ধরে ফেলা যায় না। জুয়েল আইচের সামনেও তিনি জাদু দেখাতেন। জুয়েল আইচ শুধু মুচকি হাসতেন, এগুলো দেখে।এই জুয়েল আইচকে বিগত সাড়ে চার বছরে বহুবার দখিন হাওয়ার আড্ডায় দেখেছি। কিন্তু আসরে জুয়েলদাকে কেউ জাদু দেখানোর জন্য অনুরোধ করে না, এমনকি হুমায়ূন আহমেদ নিজেও না। আসরে জুয়েলদা বেশির ভাগ ক্ষেত্রেই মুগ্ধ শ্রোতার ভূমিকায় থাকতেন। যখন কথা বলেন, তখন অত্যন্ত মাপা, পরিমিত ও খুব গোছানো থাকে তাঁর শব্দমালা।হুমায়ূন আহমেদ জাদুবিষয়ক একটা উপন্যাস লিখেছিলেন, ‘ম্যাজিক মুনসি’। বইটি তিনি উত্সর্গ করেছিলেন জাদুকর জুয়েল আইচকে। উত্সর্গপত্রে লিখেছিলেন,‘জুয়েল আইচ। জাদুবিদ্যার এভারেস্টের চূড়ায় যিনি উঠেছেন। এভারেস্ট বিজয়ীরা শৃঙ্গ বিজয়ের পর নেমে আসেন। তিনি নামতে ভুলে গেছেন।’আমাদের আড্ডা সবচেয়ে জমজমাট হতো যেদিন এস আই টুটুল এসে হাজির হতো। টুটুল কখনো একা আসে না। সঙ্গে তানিয়া ও তাদের পুত্রদ্বয়। তানিয়াও ভালো আড্ডাবাজ। যেকোনো আড্ডার মাঝখান থেকে শুনেও গল্প ধরে ফেলে যোগ দিতে পারে। টুটুল হয়তো জানত যে, এখানে এলে তাকে গান গাইতে হবে। সে ঘরে ঢুকেই দরজার কোনায় গিটারটা রেখে দিত। স্যার একটু পর হয়তো বলতেন, ‘টুটুল, ওই গানটা ধরো তো।’ টুটুল বলত, ‘হুমায়ূন ভাই [বা স্যার], আমি একটু গিটারটা নিয়ে আসি।’‘গিটার এখন পাবা কোথায়? খালি গলায় গাও।’‘পাব, আছে।’টুটুল গিটার যোগে গান ধরে। কখনো একা, কখনো দ্বৈত। হুমায়ূন আহমেদের লেখা, টুটুলের সুর দেওয়া অনেক গান হয়েছে হুমায়ূন আহমেদের বেশ কটি সিনেমায়। সেগুলো গেয়েছে টুটুল ও শাওন। সেই সব গানই আমাদের শোনা হতো বেশি। (লেখাটি লেখকের প্রকাশিতব্য ‘স্মৃতিকথা হুমায়ূন আহমেদ: এক যে ছিল মুগ্ধকর’ গ্রন্থ থেকে সংকলিত)