দগ্ধ রহিমাকে চিকিৎসা দেওয়া হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরের উত্তর পীরেরবাগের দগ্ধ সেই রহিমা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে চিকিৎসা দেওয়া হয়েছে। আজ রোববার সকালে স্থানীয় কয়েকজন মানুষ এবং একটি মানবাধিকার সংস্থার লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যান। রহিমাকে হাসপাতালে নিয়ে যাওয়া ব্যক্তিরা প্রথম আলো ডটকমকে বলেন, ‘এত দিন রহিমার বোন মাহিনূর রাজি না হওয়ায় রহিমাকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। আজ মাহিনূরকে বুঝিয়ে রহিমাকে হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁর ক্ষত স্থানে ব্যান্ডেজ করে দেন। নিয়মিত খাওয়ার জন্য ব্যবস্থাপত্রে কিছু ওষুধও দেন।’ হাসপাতালে নিয়ে যাওয়া লোকজনই রহিমার প্রাথমিক এ চিকিত্সা করান এবং ওষুধপত্র কিনে দেন। এক সপ্তাহ পর চিকিৎসক আবার রহিমাকে দেখা করাতে বলেছেন।গত ৩১ জানুয়ারি প্রথম আলোতে ‘দুর্বিষহ জীবন’ নামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ১৬ ডিসেম্বর রাতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হন হতদরিদ্র রহিমা। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না তিনি। ফলে তাঁর জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এ প্রতিবেদনের পর দেশ-বিদেশের অনেকেই রহিমাকে আর্থিক সাহায্য দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। অনেকেই নিয়মিত তাঁর খোঁজখবরও নিয়েছেন। রহিমা দুই সন্তান নিয়ে মিরপুরের উত্তর পীরেরবাগে আলালের প্লটে একটি টিনশেডের বাসায় থাকেন।