দগ্ধ শিশুর মৃত্যু, ক্ষতিগ্রস্তদের তালিকা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নিমতলী নবাব কাটরায় অগ্নিদগ্ধ পাঁচ বছরের শিশু সায়েম গতকাল রোববার বিকেলে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছে। এ নিয়ে গত ৩ জুনের ওই অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা দাঁড়াল ১১৮ জনে।যে দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমারকে প্রাথমিকভাবে আগুনের উৎস বলে মনে করা হয়েছিল, গতকাল ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) প্রকৌশলীরা পরীক্ষা করে দেখেন, দুটি ট্রান্সফরমারই সচল আছে। অবশ্য গত শনিবার সন্ধ্যায় দুটি বহনযোগ্য ট্রান্সফরমার (ট্রলি মাউন্টেড ট্রান্সফরমার) দিয়ে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। তবে যেসব বাড়ির ভেতরের তার (ওয়্যারিং) গলে গেছে, সেগুলোতে বিদ্যুৎ যায়নি। ফলে জনদুর্ভোগ রয়ে গেছে।এলাকায় গিয়ে দেখা গেছে, পঞ্চায়েত কমিটির কার্যালয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সমন্বয়কেন্দ্র খোলা হয়েছে। উদ্ধার ও পরিচ্ছন্নতার কাজ মোটামুটি শেষ। পোড়া দোকানগুলোর ভেতর সারি সারি করে রাখা হয়েছে ওয়াসার অস্থায়ী পানির ট্যাংক। ক্ষতিগ্রস্ত বাড়িগুলোতে গ্যাস-পানির সংযোগ চালু হয়নি। দোকানপাট খোলেনি। রাস্তায় যানবাহনের প্রবেশ বন্ধ রয়েছে। স্থানীয় বাসিন্দারা বিষণ্ন চেহারায় কালো ব্যাজ পরে ঘোরাফেরা করছে। ডিপিডিসির কারিগরি ব্যবস্থাপক হাবিবুল্লাহ মল্লিক বলেন, ‘প্রধান লাইন আমরা মেরামত করে দিয়েছি। কিন্তু বাড়ির সংযোগের তার ও মিটার আমরা দিতে পারছি না। বাসিন্দাদের ব্যক্তিগতভাবেই এগুলো সংগ্রহ করতে হবে। আমরা সার্ভিস চার্জ ছাড়াই সংযোগ দেওয়ার কাজ করতে পারি।’ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের হাতে এখন টাকা-পয়সা না থাকায় তাঁরা বাড়িতে বিদ্যুৎ সংযোগ নিতে পারছেন না। তাঁরা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। ৫৭ নম্বর নবাব কাটরার আরশাদ, ৪৩ নম্বরের শাকিল হোসেনসহ ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানালেন, তাঁদের হাতে এখন টাকা নেই। অন্যের বাড়িতে থাকছেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পক্ষে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মোহন ডিপিডিসির কর্মকর্তাদের কাছে সুপারিশ করছিলেন বিনা খরচায় সংযোগের ব্যবস্থা করতে। তিনি প্রথম আলোকে বলেন, ‘মিটার ও তারসহ প্রতি বাড়িতে সংযোগের জন্য কমপক্ষে দুই হাজার টাকা দরকার। তাঁদের পক্ষে এই টাকা জোগাড় করা কঠিন। সরকার যেহেতু সব সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে, তাই এর ভেতরেই বিনা খরচে বিদ্যুৎ সংযোগ দেওয়াকেও অন্তর্ভুক্ত করা হোক।’সকালে সেনাবাহিনীর সমন্বয়কেন্দ্রে সমন্বয়কারী ব্রিগেডিয়ার জেনারেল শারাফত হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমরা এখন দুর্যোগ-পরের পুনর্বাসনের কাজ করছি। বাড়িতে বিদ্যুৎ, পানি, গ্যাসসংযোগ দেওয়া, খাবারের ব্যবস্থা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জরিপ করা হচ্ছে। প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা যাতে সাহায্য পান সে জন্য তালিকা করা হচ্ছে।’ তিনি সকালে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডার থেকে পাওয়া বস্ত্র বিতরণ করেন।মেডিকেল ক্যাম্প: বিকেলে সমন্বয়কেন্দ্রে দায়িত্বরত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ তারিক জানান, বেলা তিনটা থেকে মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে। এখানে চিকিৎসার পাশাপাশি মনোরোগ চিকিৎসকেরা স্বজনহারা নিঃস্বদের মনোবল ফিরিয়ে আনতে সহায়তা দেবেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রাথমিক তালিকা তাঁদের হাতে এসেছে। স্থানীয় লোকজনের সঙ্গে সেনাসদস্যরা তিন বেলা বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিচ্ছেন। তিনি বলেন, ‘এই ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সচ্ছল ছিলেন। কিছু চেয়ে নেওয়ার অভ্যাস তাঁদের নেই। ঘরে খাবার না থাকলেও লজ্জা-সংকোচে অনেকেই কেন্দ্রে আসছেন না। আমরা তাঁদের মেহমান বলে মনে করছি এবং বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছি।’তালিকা নিয়ে দলাদলির অভিযোগ: ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্যের জন্য তালিকা তৈরি নিয়ে স্থানীয় নেতাদের মধ্যে দলাদলির অভিযোগ উঠেছে। দুপুরে নবাব কাটরা পঞ্চায়েত কমিটির কার্যালয়ের পেছনের মাঠে তালিকা তৈরি নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে তলিকায় নাম লেখার কাজ বন্ধ হয়ে যায়। পঞ্চায়েত কমিটির সভাপতি হাজি সাইয়িদ অবশ্য বলেন, বিষয়টি তালিকা নিয়ে নয়, তাঁদের নিজেদের মধ্যে অন্য একটি ঘরোয়া বিষয় নিয়ে বাগিবতণ্ডা হয়েছে। তবে অন্যপক্ষের নেতৃস্থানীয় হাজি আকবর হোসেন প্রথম আলোকে বলেন, ‘ওই পঞ্চায়েত কমিটি আগেই আমরা এলাকাবাসী বাতিল করে দিয়েছি। কাজেই উনার সভাপতি থাকার প্রশ্নই আসে না। তালিকা তৈরি করার ক্ষেত্রে অনিয়ম করার চেষ্টা করা হচ্ছিল বলে আমরা প্রতিবাদ করেছি।’ তালিকায় নাম লেখাতে গিয়ে ফিরে আসছিলেন শাকিল হোসেন। তাঁর চার বছরের ছোট বোন সামিরা হাফসা মারা গেছে আগুনে। গুরুতর দগ্ধ মা সিএমএইচে ও বাবা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। শাকিল বলেন, ‘গণ্ডগোলের কারণে নাম লেখা বন্ধ হয়ে গেছে।’লাশ দিতে টাকা নেওয়ার অভিযোগে দুই কর্মচারী সাময়িক বরখাস্ত: অগ্নিকাণ্ডে মৃতদের তিনজনের লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গ থেকে স্বজনদের কাছে হস্তান্তরের সময় টাকা নেওয়ার অভিযোগে মর্গের দুই কর্মচারীকে গতকাল সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন ডোম শ্যামল চন্দ্র দাস ও প্রহরী রাহাত। সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. আবু আজাহার ওই দুজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ শ্যামলকে গ্রেপ্তার করেছে। অগ্নিকাণ্ডে নিহত তিনজনের লাশ হস্তান্তরের জন্য টাকা নেওয়ার অভিযোগসংক্রান্ত খবর গতকাল একটি দৈনিকে প্রকাশিত হলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালকসহ একটি প্রতিনিধিদল সেখানে গিয়ে বিষয়টি তদন্ত করে। তাঁদের সঙ্গে অভিযোগকারী মোহাম্মদ সুমনও ছিলেন। তিনি অভিযুক্ত ব্যক্তিদের নাম বলেন এবং একজনকে শনাক্ত করেন। অগ্নিকাণ্ডে সুমনের বোন সাজেদা বেগম, ভাগ্নে সিমেল ও ভাগ্নি আনিকা মারা যায়। তাদের লাশ আনতে সুমনকে সাত হাজার টাকা দিতে হয়েছে বলে তিনি অভিযোগ করেন। শ্যামল চন্দ্র অভিযোগ অস্বীকার করে বলেন, লাশ নেওয়ার সময় সুমনের সঙ্গে তাঁর ও রাহাতের কথাকাটাকাটি হয়। এরই জের ধরে তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে।প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক দিনা হক সাংবাদিকদের বলেন, লাশ হস্তান্তরের সময় টাকা নেওয়ার খবর পড়ে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট ব্যক্তিদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক তাৎক্ষণিকভাবে তা অনুসন্ধান করে ব্যবস্থা নিতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষকে নির্দেশ দেন। দুই কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ হওয়ায় তাঁদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।