দণ্ড মওকুফ করতে পারবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামরিক বাহিনী থেকে প্রেষণে নিয়োজিত কর্মকর্তাদের অপরাধের বিচার হবে বর্ডার গার্ড আইনে। আগে সামরিক আইনে বিচার হতো। প্রস্তাবিত বর্ডার গার্ড আইনে এ নিয়ম ছাড়াও ৩০ ধরনের অপরাধ চিহ্নিত করে এ জন্য ভিন্ন শাস্তির বিধান রাখা হয়েছে। কোনো অপরাধ ঘটানোর পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যেই তদন্ত শুরু বাধ্যতামূলক করা হয়েছে। অপরাধভেদে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন ভর্ৎসনা। তবে সরকার বা বর্ডার গার্ডের মহাপরিচালক যেকোনো শাস্তির আদেশ অন্যায্য ঘোষণা করে তা বাতিল করতে পারবেন।প্রধানমন্ত্রীর সংস্থাপনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্বে গঠিত কমিটি নতুন আইনের খসড়া চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। এটি মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।জানা যায়, প্রস্তাবিত এ আইনে ১৬টি অধ্যায়ে ১৩৫টি ধারা রয়েছে। ৩৭টি বিষয়ের বিশদ ব্যাখ্যাও রয়েছে আইনে। মন্ত্রিসভায় অনুমোদনের পর সংসদের চলতি অধিবেশনেই আইনটি পেশ করা হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ একজন কর্মকর্তা জানান। বর্ডার গার্ড আইন হলে যাতে বর্তমান বিচার রাইফেলস অর্ডারে হতে পারে, সে জন্য বিডিআর আইন বা রাইফেলস অর্ডারেও কিছু সংশোধনী আনা হচ্ছে।আইনের প্রথম খসড়া করা হয় বিডিআরের পক্ষ থেকে। পরে তা স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের পরীক্ষা-নিরীক্ষার পর মন্ত্রিসভায় উত্থাপন করা হয়। মন্ত্রিসভা আইনটির নীতিগত অনুমোদন দেয়। তবে প্রধানমন্ত্রীর উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটিকে আইনটি আরও পরীক্ষা-নীরিক্ষা করে খসড়া চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়।জানা গেছে, বিডিআর আইন বা রাইফেলস অর্ডার, ১৯৭২ রহিত করে নতুন আইনে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। বিদ্যমান আইনে সামরিক কর্মকর্তাদের প্রেষণে নিয়োগের বিধান থাকলেও তাঁদের অপরাধের বিচার কোন আইন হবে, তার উল্লেখ নেই। এখন বর্ডার গার্ড আইনেই এই বিচারের কথা বলা হচ্ছে।এ ছাড়া ছোটখাটো যেকোনো অপরাধের ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ারও সুযোগ আগের আইনে নেই। এখন বিভাগীয় বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে। এ ব্যবস্থায় অপরাধভেদে চাকরি থেকে বরখাস্ত, অবসর বা অব্যাহতি দেওয়ারও সুযোগ রয়েছে।আগের আইনে অপরাধগুলো সুনির্দিষ্ট ছিল না। এখন বিদ্রোহ, অগ্নিসংযোগ, লুটপাট, দুর্নীতি, অশোভন আচরণ, শৃঙ্খলাপরিপন্থী কাজ, নেতৃত্বের বিরুদ্ধাচরণ—এ রকম বড়-ছোট ৩০টি ঘটনাকে অপরাধমূলক কাজ চিহ্নিত করে অপরাধভেদে শাস্তির বিধান রাখা হয়েছে।প্রস্তাবিত আইনের ৭১ ধারায় এখতিয়ার ও ক্ষমতাভেদে তিন ধরনের আদালত গঠনের সুযোগ রয়েছে। এক. বিশেষ বর্ডার গার্ড আদালত। এটি গঠন করবেন মহাপরিচালক বা তাঁর ক্ষমতাপ্রাপ্ত আঞ্চলিক অধিনায়ক। তিন থেকে পাঁচ সদেস্যর এই আদালতে তিনজন অতিরিক্ত মহাপরিচালকের মর্যাদার কর্মকর্তা থাকবেন। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সব ধরনের পদবিধারীর অপরাধের বিচার করা যাবে এ আদালতে। দুই. বিশেষ সামারি আদালত। বিশেষ বর্ডার গার্ড আদালত গঠনের ক্ষমতাসম্পন্ন কোনো কর্মকর্তা বা তাঁর ক্ষমতাপ্রাপ্ত অধিনায়কত্বে নিয়োজিত কোনো কর্মকর্তা এই আদালত গঠন করতে পারবেন। এই আদালত সর্বোচ্চ পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিতে পারবেন। তিন. সামারি বর্ডার গার্ড আদালত। ইউনিট, ব্যাটালিয়ন বা স্বতন্ত্র শাখার অধিনায়ক এই আদালত গঠনের ক্ষমতাপ্রাপ্ত। হাবিলদার থেকে সৈনিক বা নিচের যেকোনো সদস্যকে অপরাধের জন্য এই আদালতে বিচার করা যাবে। সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা অন্য কোনো লঘু দণ্ড দিতে পারবেন এই আদালত।বর্ডার গার্ড আপিল ট্রাইব্যুনাল: তিন সদস্যের এক বা একাধিক আপিল ট্রাইব্যুনাল সরকারের ইচ্ছানুযায়ী গঠন করা যাবে। উপমহাপরিচালক পদমর্যাদার কর্মকর্তা সভাপতি, পরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তা এবং বাহিনী বা সরকার কর্তৃক মনোনীত অন্য বাহিনীর একজন প্রতিনিধিকে নিয়ে এই ট্রাইব্যুনাল গঠন করা যাবে। চাকরি থেকে বরখাস্ত, যেকোনো মেয়াদের সশ্রম কারাদণ্ড, যাবজ্জীবন বা মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ যে কেউ আপিল করতে পারবেন।ক্ষমা ও শাস্তি লাঘব: সাত বছর বা তদূর্ধ্ব যেকোনো দণ্ডের ক্ষেত্রে সরকার বা অন্যান্য দণ্ডের ক্ষেত্রে মহাপরিচালক বা তাঁর ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা দণ্ডিত ব্যক্তির দণ্ড শর্তযুক্ত বা শর্তহীনভাবে সম্পূর্ণ মওকুফ, আংশিক বা হ্রাস করতে পারবেন। এমনকি দণ্ড পরিবর্তন করতে পারবেন। দণ্ডিত ব্যক্তিকে প্যারোলে মুক্তিও দেওয়া যাবে।রাইফেলস অর্ডারের সংশোধনী: মহাপরিচালকের নেতৃত্বে আদালত গঠনের বিধানের সঙ্গে বিডিআরের মহাপরিচালক বা জ্যেষ্ঠ কর্মকর্তা (পদমর্যাদা পরিচালকের কম হবে না), এমন কোনো কর্মকর্তার নেতৃত্বে আদালত গঠনের কথা বলা হয়েছে।