দণ্ড মওকুফ হওয়া আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি কর্তৃক দণ্ড মওকুফের সময় আইনের দৃষ্টিতে পলাতক থাকায় এক আসামিকে ছয় সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় করা মামলায় আসামি সরোয়ার কামালকে আট বছরের কারাদণ্ড দিয়েছিলেন হাইকোর্ট। কিন্তু হাইকোর্টের এ রায় বিচারিক আদালতে কবে পৌঁছেছে, তা উল্লেখ না থাকার বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কক্সবাজারের সহকারী দায়রা জজকে নির্দেশ দেওয়া হয়েছে।আদালতে সরোয়ার কামালের পক্ষে মামলা পরিচালনা করেন এস এম জাফর সাদিক। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মামুনুর রশীদ।আদালত থেকে বেরে হয়ে জাফর সাদিক প্রথম আলো ডট কমকে বলেন, রাষ্ট্রপতি যখন সরোয়ার কামালকে ক্ষমা করেছিলেন, তখন তিনি আইনের দৃষ্টিতে পলাতক থাকায় আদালত তাঁকে ছয় সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আদালত এক আসামির দণ্ড মওকুফ-সংক্রান্ত নথি উপস্থাপন না করায় আদালত অবমাননার রুল থেকে স্বরাষ্ট্রসচিবকে অব্যাহতি দিয়েছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মারধরের কারণে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় সরোয়ার কামালসহ তিনজনের বিরুদ্ধে ১৯৮১ সালের ২৫ জুলাই কক্সবাজারের টেকনাফ থানায় একটি মামলা হয়। ওই মামলায় ১৯৮৯ সালের জুলাই মাসে বিচারিক আদালতের রায়ে তাঁদের ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এ রায়ের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে আপিল করেন। ১৯৯২ সালের ৩ সেপ্টেম্বর হাইকোর্ট সরোয়ার কামালের দণ্ড দুই বছর কমিয়ে আট বছর সাজার রায় দেন। একই সঙ্গে তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। পরে সরোয়ার কামালের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৯৯৩ সালের ১২ এপ্রিল রাষ্ট্রপতি তাঁর সাজা মওকুফ করেন। হাইকোর্টের রায় বিচারিক আদালতে পৌঁছালে ১৯৯৭ সালের ৩১ আগস্ট সংশ্লিষ্ট আদালত সরোয়ার কামালের বিরুদ্ধে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর বিরুদ্ধে সরোয়ার কামাল হাইকোর্টে ফৌজদারি রিভিশন করেন। আদালত সূত্র জানায়, প্রাথমিক শুনানির পর ১৯৯৭ সালের ২৯ অক্টোবর হাইকোর্ট পরোয়ানার আদেশের কার্যকারিতা স্থগিত করেন। একই সঙ্গে রুলও জারি করেন।