দণ্ডবিধি অনুযায়ী এরশাদের বিচার এখনই সম্ভব
অবৈধভাবে সরকার উৎখাতের দায়ে অভিযুক্ত পতিত স্বৈরশাসক এইচ এম এরশাদের বিচারের প্রশ্নটি আবার সামনে এসেছে। তাঁর বিচারের প্রশ্নে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটা প্রহসন চলছে। এবার তার আরেক দফা পুনরাবৃত্তি লক্ষ করা যাচ্ছে। আইন আছে। সেই আইনে এরশাদকে যাবজ্জীবন বা সাত বছর জেল কিংবা অর্থদণ্ডে দণ্ডিত করা যায়। কিন্তু তেমন উদ্যোগ নেই, বরং নতুন আইন তৈরির কথা বলছেন উচ্চ আদালত।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সংবিধানের সপ্তম সংশোধনীসংক্রান্ত রায় দিয়েছেন। এতে নির্বাচিত সরকার উত্খাতের প্রসঙ্গ এসেছে। আদালত বলেছেন, অবৈধ ক্ষমতা দখলকারীকে যথাযথ শাস্তি দিতে সংসদ আইন প্রণয়ন করতে পারে। এর আগে পঞ্চম সংশোধনীসংক্রান্ত আপিল বিভাগের রায়েও সংসদকে এ জন্য উপযুক্ত আইন তৈরির কথা বলা হয়েছিল।ক্ষমতাসীন মহাজোট সরকারের শরিক জাসদের নেতা সাংসদ হাসানুল হক ইনু জেনারেল এরশাদের অবৈধ ক্ষমতা দখলের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা করেছিলেন। ইনু এখন সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ সংসদীয় কমিটির সদস্য। বর্তমানে তিনি টেলিযোগাযোগসংক্রান্ত একটি সম্মেলনে যোগ দিতে অস্ট্রেলিয়া সফরে আছেন। ওই মামলার বিষয়ে মন্তব্য চাওয়া হলে মহাজোট সরকারের মিত্র সাংসদ রাশেদ খান মেনন গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা পাঁচ দলের বৈঠকে আলোচনা করে ওই মামলা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। বিএনপি আমলের স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল মতিন চৌধুরীকে আমরা এ ব্যাপারে অনুরোধ করেছিলাম। কিন্তু তখন মামলাটি ধামাচাপা দেওয়া হয়।’ সেই মামলা সূত্রে এরশাদের বিচার এখনো চান কি না জানতে চাইলে মেনন বলেন, ‘অবৈধ ক্ষমতা দখলকারী যে-ই হোন, তাঁর বিচার আমরা চাইব।’ মামলাটির পরিণতি প্রসঙ্গে তিনি বলেন, ‘এখনই বলতে পারব না। তবে ইনু ২৯ আগস্ট ফিরলে এ নিয়ে আলোচনা করা যাবে।’মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ২০০৫ সালে মতিঝিল থানা ভেঙে পল্টন থানা হয়েছে। সুতরাং পুরোনো নথিপত্র কোথায় কীভাবে আছে, তা খতিয়ে না দেখে বলা সম্ভব নয়।বাংলাদেশ দণ্ডবিধির ১২৪ ধারায় বলা আছে, ‘যে ব্যক্তি, বাংলাদেশের রাষ্ট্রপতি বা সরকারকে, যে কোনো প্রণালীতে রাষ্ট্রপতি বা সরকারের যে কোনো আইনানুগ ক্ষমতা প্রয়োগ করিবার জন্য বা প্রয়োগ করা হইতে বিরত করিবার জন্য প্রলুব্ধ বা বাধ্য করার অভিপ্রায়ে রাষ্ট্রপতিকে বা সরকারকে আক্রমণ করে বা অবৈধভাবে বাধাদান করে, কিংবা অবৈধভাবে বাধাদানের উদ্যোগ করে, অথবা অপরাধমূলক বলপ্রয়োগ বা অপরাধমূলক বল প্রয়োগের ভান করিয়া ভয়াভিভূত করার উদ্যোগ করে। সেই ব্যক্তি যে কোনো বর্ণনায় কারাদণ্ডে—যাহার মেয়াদ সাত বত্সর পর্যন্ত হইতে পারে—দণ্ডিত হইবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবে।’এ ছাড়া দণ্ডবিধির ১২৪(ক) ধারায় রাষ্ট্রদ্রোহের যে বিবরণ দেওয়া আছে, তার আওতায়ও এরশাদের বিচার সম্ভব। এই ধারায় দোষী সাব্যস্ত ব্যক্তির যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড হতে পারে।এসব আইনকানুন সম্পর্কে সংশ্লিষ্ট মহল অবগত থাকলেও তারা বর্তমানে অনেকটা না জানার ভান করছে। এরশাদের বিচারের বিষয়ে দুই প্রধান দলের কোনো আগ্রহ নেই। এর অন্যতম কারণ জেনারেল এরশাদ সরকারের কিছু প্রভাবশালী সদস্য এ মুহূর্তে মহাজোট ও বিরোধী দলের নেতৃত্বকে আলোকিত করে আছেন। এরশাদ সরকারে তাঁরা যেভাবে প্রভাবশালী ছিলেন, কিছুটা সেভাবে বর্তমানে সরকারি জোট ও বিরোধী দলে প্রভাব বিস্তার করে আছেন। উপরন্তু দুই বড় দলই এরশাদের সঙ্গে নির্বাচনী আঁতাতের জন্য আকুলতা প্রকাশ করেছে। সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান এই প্রহসনকে ‘খচ্চর নিয়ে টানাটানির’ সঙ্গে তুলনা করেছিলেন। ১৯৯১ সালে একাদশ সংশোধনীতে এরশাদ সরকারকে ‘অবৈধ ও অগণতান্ত্রিক’ বলা হয়েছিল। সেই সংশোধনী বিল দুই বড় দল সম্মিলিতভাবে পাস করে। হাইকোর্টের রায়ে ১৯৮২ থেকে ’৮৬ পর্যন্ত অবৈধ বলা হয়, কিন্তু ওই বিলে দুই দল ’৮২-এর ২৪ মার্চ থেকে ’৯০-এর ৬ ডিসেম্বর পর্যন্ত এরশাদের পুরো মেয়াদকালকে অবৈধ বলা হয়।আইন থাকতেও এরশাদের বিচার না করে জনগণকে ‘আর কটা দিন সবুর কর’ বলা তাই একটি নিদারুণ পরিহাস। এ সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে একজন সাংসদ গত রাতে আদালতের ওপর দায় চাপাতে সচেষ্ট হন। তাঁর যুক্তিটা হলো, হাইকোর্ট তাহলে কেন তাঁকে দোষী সাব্যস্ত করছেন না!বর্তমান ক্ষমতাসীন দলের নেতা-নেত্রী ও তাঁদের মিত্ররা বিভিন্ন সভা-সমিতি ও টিভি টক শোতে তাঁদের ভাষায় ‘পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিলের ঐতিহাসিক রায়’কে স্বাগত জানাচ্ছেন। আওয়ামী লীগের নেতারা বলছেন না যে পঞ্চম সংশোধনী কার্যত আংশিক বাতিল হয়েছে। জিয়াউর রহমানের অনেকগুলো সামরিক ফরমান ও সংবিধান সংশোধনকে আপিল বিভাগ বৈধতা দিয়েছেন। অপরদিকে ক্ষমতাসীন দলের নেতারা জনগণকে বিশেষভাবে ধারণা দিচ্ছেন যে সংবিধান লঙ্ঘনকারী ও ক্ষমতা জবরদখলকারীদের বিচার করতে তাঁরা অতিশয় আগ্রহী। মোশতাক-সায়েম-জিয়া মারা গেছেন। তাই তাঁদের বিচারের প্রশ্ন তেমন জোরালো হয়নি। তবে কেউ কেউ মরণোত্তর বিচারের কথা বলেছেন এবং এখনো বলে যাচ্ছেন। সবশেষ পাওয়া গেল এরশাদের ক্ষমতা জবরদখলসংক্রান্ত বিষয়ে হাইকোর্টের রায়। দুটি রায়কে কাজে লাগিয়ে বর্তমানে বাংলাদেশের সংবিধানে পাকিস্তানি মডেল সংযোজনের একটি বিরাট চেষ্টা চোখে পড়ে। পরিহাস হলো, বাংলাদেশের রাজনীতিকদের অনেকে কারণে-অকারণে পাকিস্তানকে গালি দেন। আবার সুযোগ পেলেই পাকিস্তানের পদাঙ্ক অনুসরণ করেন। বর্তমানে তেমন একটা অবস্থা দেখা যাচ্ছে।আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের গতকাল একটি টিভি চ্যানেলে বলেন, ‘পঞ্চম কিংবা সপ্তম সংশোধনীসংক্রান্ত কোনো মামলাই আওয়ামী লীগের নয়। তাই এই মামলার রায়ের ফলে আমাদের ঐক্য (জাতীয় পার্টির সঙ্গে) সমস্যায় পড়বে না।’অপরদিকে মওদুদ আহমদ গতকাল একটি টিভি চ্যানেলে বলেন, জেনারেল এরশাদের বিচারের বিষয়টি আদালত, সংসদ ও সরকারের ওপর নির্ভর করে।উল্লেখ্য, বাংলাদেশে পঞ্চম ও সপ্তম সংশোধনীসংক্রান্ত যে রায় দুটি সম্প্রতি আমরা পেলাম, তার ভিত্তি পাকিস্তান। আসামা জিলানি মামলায় পাকিস্তান সুপ্রিম কোর্ট রায় দেন ১৯৭২ সালে। এই রায়ে জেনারেল আগা মুহাম্মদ ইয়াহিয়া খানের ক্ষমতা দখলকে অসাংবিধানিক বলা হয়। তাঁকে ক্ষমতা জবরদখলকারী হিসেবেও ঘোষণা করা হয়। তখনো ইয়াহিয়া বেঁচে ছিলেন। ইয়াহিয়া খান ১৯৮০ সালে মারা যান। পাকিস্তান সুপ্রিম কোর্টের ওই রায়ে ইয়াহিয়ার সব কার্যক্রমকে বেআইনি আখ্যা দেওয়া হলেও তা আবার একই সঙ্গে মার্জনা করা হয়। বাংলাদেশেও তার পুনরাবৃত্তি ঘটল। পাকিস্তান তার দণ্ডবিধির আওতায় ইয়াহিয়ার বিচার করতে পারত, কিন্তু করেনি।তবে এখন দেখার বিষয় হলো, বাংলাদেশের বর্তমান রাজনীতির দৃশ্যপটের সঙ্গে ১৯৭২-৭৩ সালের পাকিস্তানি দৃশ্যপট মিলে যাচ্ছে। কারণ আসমা জিলানির রায়ের পর জুলফিকার আলী ভুট্টো সংবিধান সংশোধন করলেন এবং সংবিধানের ৬ অনুচ্ছেদে লেখা হলো, ‘অবৈধভাবে ক্ষমতা দখলকারী হবে চরম বিশ্বাসঘাতক। সাজার মেয়াদ সংসদ আইন দ্বারা ঠিক করবে।’ পাকিস্তানের উদারনৈতিক দল পিপিপি এ রকম একটা সংশোধনী লাতিন আমেরিকা থেকে আমদানি করেছিল। তারা জনগণকে ধারণা দিয়েছিল, সামরিক শাসনের দৈত্য আটকে দিলাম। এরপর বন্দুকের নল উঁচিয়ে এলেন জেনারেল জিয়াউল হক। তিনি সংবিধান স্থগিত করলেন। নুসরাত আলী ভুট্টো উচ্চ আদালতে গেলেন। ওই ৬ অনুচ্ছেদের বরাত দিলেন। জিয়াউল হকের শাস্তি চাইলেন। সুপ্রিম কোর্ট বলে দিলেন, জাতীয় সংকট মোকাবিলায় সামরিক শাসন বৈধ। পাকিস্তান আজ পর্যন্ত কোনো জবরদখলকারীর বিচার করেনি। এমনকি ২০১০ সালে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পরে অনেকেই একমত যে জেনারেল পারভেজ মোশাররফের বিচার না করে জারদারি সরকার পার পাবে না। সুপ্রিম কোর্ট পারভেজ সম্পর্কে অনেক কঠোর উক্তি করেছেন। কিন্তু পারভেজকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কোনো লক্ষণ নেই। বরং এই রায়ের পরে পাকিস্তানের সংসদ সংবিধানের ১৮তম সংশোধনী আনে। এর মাধ্যমে নতুন করে ক্ষমতা জবরদখলসংক্রান্ত ওই ৬ অনুচ্ছেদ আরও কঠোর করা হয়েছে। বলা হয়েছে, সংবিধান লঙ্ঘনকারীর সহযোগী একইভাবে চরম বিশ্বাসঘাতক বলে গণ্য হবেন। অবৈধ ক্ষমতা দখলকে কোনো আদালত বৈধতা দিতে পারবেন না।জেনারেল এরশাদ গত ২৬ আগস্ট রায় ঘোষণার আগে এক সাক্ষাত্কারে বলেন, ‘সামরিক আইন সংবিধানে লেখা থাকে না। আমি ক্ষমতা দখল করিনি। আমাকে ক্ষমতা দেওয়া হয়েছে।’ আবার রায় ঘোষণার পর তিনি রায়কে ঐতিহাসিক বলে স্বাগত জানিয়েছেন। ভারতের সংবিধান অনুযায়ী সামরিক আইন জারির বিধান আছে। কিন্তু সরকার উত্খাতে কখনো তা প্রয়োগ করা হয়নি। এর আগে প্রথম আলোতে খবর বেরিয়েছিল, সংসদীয় কমিটি আর্জেন্টিনা ও মেক্সিকোর সংবিধান খতিয়ে দেখবে। আর্জেন্টিনার সংবিধানে পাকিস্তানের চেয়েও কঠোর ও বিস্তারিত বিধান আছে। তবে আর্জেন্টিনা জেনারেলদের বিচার করেছে। বিশ্বকাপে জিতলে বুয়েনস এইরেসের রাস্তায় ম্যারাডোনা নগ্ন হয়ে দৌড়াতে সংকল্প করেছিলেন, সেই রাস্তায় গণপিটুনি খেয়ে নগ্ন অবস্থায় সেনাকর্তাদের দৌড়াতে দেখা গেছে। পোড় খাওয়া আর্জেন্টিনা তার সংবিধানে ক্ষমতার ভারসাম্য এনেছে। সরকারের মেয়াদ কমিয়ে চার বছর করেছে।