দণ্ডবিধির ৪০৮ ধারা দুদক আইনের তফসিলবহির্ভূত করা জরুরি
দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ বিগত ২৩ ফেব্রুয়ারি, ২০০৪ রাষ্ট্রপতির সম্মতি লাভ করেছে এবং সেই দিনই আইনটি সর্বসাধারণের অবগতির জন্য গেজেটে প্রকাশ করা হয়েছে; যা ২০০৪ সালের ৫ নম্বর আইন হিসেবে পরিচিত। দুদক আইন, ২০০৪-এর ধারা ৩৮-এর পরে একটি তফসিল দেওয়া হয়েছে। তফসিলে দুদক আইনের অধীন অপরাধসমূহ লিপিবদ্ধ হয়েছে। যেমন—Prevention of Corruption Act, 1947 (Act II/47)-এর অধীন শাস্তিযোগ্য অপরাধসমূহ; মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০০২, দণ্ডবিধির ১৬১-১৬৯; ২১৭, ২১৮, ৪০৮, ৪০৯ এবং ৪৭৭ক-এর অধীন শাস্তিযোগ্য অপরাধসমূহ ইত্যাদি। উল্লিখিত তফসিলভুক্ত অপরাধসমূহের মধ্যে উল্লেখযোগ্য একটি ধারা হলো দণ্ডবিধির ৪০৮। দণ্ডবিধির ৪০৮ ধারাটি কর্মচারী কর্তৃক অপরাধমূলক বিশ্বাস ভঙ্গকরণ। ৪০৮ ধারার অনুবাদ নিম্নরূপ:যে ব্যক্তি কেরানি বা চাকর হয়ে অথবা কেরানি বা চাকররূপে নিয়োজিত হন এবং অনুরূপ ক্ষমতায় যেকোনো প্রকারে কোনো সম্পত্তি বা কোনো সম্পত্তির ওপর কোনো প্রকার আধিপত্যের ভারপ্রাপ্ত হয়ে ওই সম্পত্তি সম্পর্কে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করেন, সেই ব্যক্তি যেকোনো বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ সাত বছর পর্যন্ত হতে পারে, দণ্ডিত হবেন এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন।দণ্ডবিধির ৪০৮ ধারার শাস্তির পরিমাণ অনূর্ধ্ব সাত বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। দণ্ডবিধির ৪০৮ ধারাটি দুদক আইন ২০০৪-এর আগে আপসযোগ্য ছিল। তবে আপস করতে হলে তা আদালতের অনুমতি সাপেক্ষে হতে হবে। যেমন, একজন কর্মচারী তাঁর মালিক/প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের দায়ে অভিযুক্ত হওয়ার পর তা যদি আদালতে বিচার চলাকালে দোষ স্বীকার করে আত্মসাৎকৃত টাকা ফেরত দিতে চান, তাহলে আদালতের অনুমতি সাপেক্ষে মামলাটি আপস করা যেত এবং সে ক্ষেত্রে মামলার বাদী টাকা ফেরত পেলে তাঁরও কোনো অভিযোগ থাকত না। কিন্তু দুদক আইন ২০০৪-এর পরে দণ্ডবিধির ৪০৮ ধারাটি দুদক আইনের তফসিলভুক্ত হওয়ার কারণে মামলাটি আপসের কোনো সুযোগ নেই। কারণ দুদক আইন একটি বিশেষ আইন এবং ধারাটি তফসিলভুক্ত। ধারাটি তফসিলভুক্ত হওয়ার কারণে এ ধারার মামলাগুলোর তদন্ত করছে দুদক এবং মামলাগুলোর বিচারকাজ পরিচালিত হচ্ছে বিশেষ আদালতসমূহে। বর্তমানে রাজধানী ঢাকাসহ দেশের বিশেষ আদালতসমূহে উল্লেখযোগ্যসংখ্যক মামলার বিচারকাজ চলছে দণ্ডবিধির ৪০৮ ধারায়। এ অবস্থায় অভিযুক্ত ব্যক্তি যদি তাঁর প্রতিষ্ঠান/মালিককে আত্মসাৎকৃত টাকা ফেরত দিয়ে আপস করতে চান (বাদীর সম্মতি সাপেক্ষে) আদালতে আপস করার কোনো সুযোগ নেই। কারণ ধারাটি দুদক আইন, ২০০৪-এর তফসিলভুক্ত অপরাধ এবং আইনে আপসযোগ্যতার কথা কোথাও বলা নেই, যা দণ্ডবিধিতে বলা হয়েছে। কাজেই অভিযুক্ত ব্যক্তি বিচার চলাকালে তাঁর প্রতিষ্ঠান/মালিককে টাকা ফেরত দিতে চাইলেও তফসিলভুক্ত অপরাধ হওয়ার কারণে তা আপস করা যাচ্ছে না। মামলার বাদী আত্মসাৎকৃত টাকা ফেরত পেলে তিনি মামলায় সাক্ষ্য দিতে চান না বা মামলার তদবিরও করতে চান না সংগতকারণেই। কিন্তু সমস্যা হচ্ছে, তফসিলভুক্ত অপরাধ। কারণ টাকা ফের দিলেও তিনি মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন না শুধু তফসিলভুক্ত অপরাধ হওয়ার কারণে। দুদক যদি মামলা প্রমাণ করতে পারে তাহলে সাজা নিশ্চিত। কিন্তু এ কেমন আইন, টাকাও ফেরত দিতে হবে, আবার সাজাও খাটতে হবে। দুদকও ৪০৮ ধারা নিয়ে চিন্তিত। কারণ বর্তমানে ৪০৮ ধারার বেশ কিছু মামলা তদন্তাধীন এবং বিচারাধীন। দুদক আইনেও এর কোনো জবাব নেই। তাহলে উপায়টি কী? উপায়টা হলো, দণ্ডবিধির ৪০৮ ধারাটি দুদক আইন, ২০০৪-এর তফসিল থেকে সরাতে হবে। সরাতে পারলে ধারাটি আগের অবস্থায় ফিরে যাবে, অর্থাৎ আদালতের অনুমতি সাপেক্ষে বাদী আপস করে মামলা তুলে নিতে পারবেন এবং দুদকও বাড়তি ঝামেলা থেকে রেহাই পাবে। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।