দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করেছেন কামারুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান। আপিলে ওই সাজা বাতিল চেয়ে তাঁকে খালাস দেওয়ার আরজি জানানো হয়েছে।কামারুজ্জামানের পক্ষে তাঁর আইনজীবীরা গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল জমা দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে গত ৯ মে তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেন। রায়ের ২৭ দিনের মাথায় আসামিপক্ষ আপিল করল।ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করবে না বলে জানিয়েছেন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান সমন্বয়ক ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ওই মামলায় ট্রাইব্যুনালে সাতটি অভিযোগে কামারুজ্জামানের বিচার হয়েছে। তাঁকে ৩ ও ৪ নম্বর অভিযোগে মৃত্যুদণ্ড, ১ ও ৭ নম্বর অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২ নম্বর অভিযোগে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ৫ ও ৬ নম্বর অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়। দুটি অভিযোগে তাঁকে সর্বোচ্চ শাস্তি ও দুটি অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তাই আমরা মনে করছি, এখানে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। ফলে আপিল না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আমরা বক্তব্য উপস্থাপন করব, যাতে সাজাটা বহাল থাকে।মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার দণ্ডের বিরুদ্ধে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষ পৃথক আপিল করে। এ দুই আপিলের ওপর শুনানি চলছে। এ ছাড়া ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের বিরুদ্ধেও উভয়পক্ষ আপিল করেছে। এ দুই আপিল শুনানির অপেক্ষায় রয়েছে।কামারুজ্জামানের আইনজীবী তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের দেওয়া দণ্ড বাতিল চেয়ে আপিল করা হয়েছে। আপিলে কামারুজ্জামানকে খালাস দেওয়ার আরজি রয়েছে। আপিলের সপক্ষে দুই হাজার ৫৬৪ পৃষ্ঠার তথ্য-প্রমাণসহ ১২৪টি যুক্তি তুলে ধরা হয়েছে। শোনা সাক্ষীর ওপর ভিত্তি করে কামারুজ্জামানের বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে। এর পক্ষে সমর্থনমূলক সাক্ষী অনুপস্থিত, এমনকি যাঁরা ক্ষতিগ্রস্ত, তাঁদের সাক্ষ্য না নিয়ে সুবিধাভোগীদের সাক্ষ্য নেওয়া হয়েছে—আপিলে এসব যুক্তি তুলে ধরা হয়েছে।মামলার রায়ে ট্রাইব্যুনাল মুক্তিযুদ্ধকালে শেরপুরের সোহাগপুরে ‘বিধবাপল্লি’তে নির্বিচার হত্যাকাণ্ড ও গোলাম মোস্তফা হত্যাকাণ্ডের (তৃতীয় ও চতুর্থ অভিযোগ) দায়ে কামারুজ্জামানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করার আদেশ দেন। বদিউজ্জামান, দারাসহ ছয়জনকে হত্যার (প্রথম ও সপ্তম অভিযোগ) দায়ে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এ ছাড়া শেরপুর কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল হান্নানের প্রতি অমানবিক আচরণের দায়ে ১০ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।