দণ্ডিত কর্মকর্তা আপিলে খালাস পেলেও চাকরি ফিরে পাবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো সরকারি চাকরিজীবী দুর্নীতি ও নৈতিক স্খলনের অপরাধে নিম্ন আদালতে দণ্ডিত হলে আর চাকরি ফিরে পাবেন না। এ ক্ষেত্রে উচ্চ আদালতে আপিল করে খালাস পেলেও তিনি আর চাকরিতে ফিরতে পারবেন না। এমন কঠোর বিধান রেখে বেসামরিক প্রশাসনের জন্য একটি আইন (সিভিল সার্ভিস অ্যাক্ট, ২০১০) তৈরি করা হচ্ছে। অবশ্য দুর্নীতি ও নৈতিক স্খলনের কারণে তিন বছর মেয়াদে দণ্ডিত কাউকে চাকরিতে বহাল রাখার বিষয়ে রাষ্ট্রপতির সিদ্ধান্তই চূড়ান্ত বলে আইনে সুযোগ রাখা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মতামত নিয়ে সংস্থাপন মন্ত্রণালয় আইনটির খসড়া তৈরি করেছে। ইতিমধ্যে কিছু পর্যবেক্ষণসহ প্রধানমন্ত্রী তাতে সম্মতি দিয়েছেন বলে জানা গেছে। প্রশাসন-সংশ্লিষ্টরা বলছেন, সংবিধানের ১৩৩ অনুচ্ছেদ অনুযায়ী বেসামরিক প্রশাসন পরিচালনার জন্য আইন করার কথা থাকলেও গত ৩৯ বছরে কোনো সরকার এ আইন করেনি। যখন যে সরকার ক্ষমতায় এসেছে, তারা একটি করে কমিশন বা কমিটি করেছে। তবে সুপারিশ বাস্তবায়িত হয়েছে খুব সামান্যই। এসব কর্মকর্তার মতে, সব সরকারই নিজের পছন্দমতো রাজনৈতিকভাবে প্রশাসন চালাতে আগ্রহী। ফলে প্রস্তাবিত আইনটিও শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। জানতে চাইলে সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদ প্রথম আলোকে বলেন, যেহেতু আইনটি এখনো প্রকাশ করা হয়নি, তাই এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সমীচীন হবে না। তবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেকোনো-ভাবেই হোক, কোনো কর্মকর্তা একবার দণ্ডিত হলে তাঁকে আর প্রশাসনে নেওয়া হবে না—এ রকম বিধান করে প্রকৃতপক্ষে সরকার চাইছে, কর্মকর্তারা যেন দুর্নীতি ও নৈতিক স্খলনজনিত কাজ থেকে বিরত থাকেন। প্রশাসনের কাঠামোতে পরিবর্তন: জানা গেছে, প্রস্তাবিত আইনে বেসামরিক প্রশাসনের কাঠামোতেও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। সরকারি চাকরিজীবীদের বেতন স্কেল অনুযায়ী শ্রেণীভেদে তিনটি স্তরে ভাগ করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় গ্রেডের কর্মকর্তাদের সর্বোচ্চ স্তর (সুপিরিয়র), তৃতীয় থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের জ্যেষ্ঠ স্তর এবং দশম থেকে ১২তম গ্রেডের কর্মকর্তাদের কনিষ্ঠ স্তরে চিহ্নিত করা হয়েছে। স্তর অনুযায়ী কাজের পরিধিও আলাদা নির্ধারণ করে দেওয়া হয়েছে। পদোন্নতির বিষয়েও সুস্পষ্টভাবে আইনে উল্লেখ থাকছে। সর্বোচ্চ স্তরের কর্মকর্তাদের পদোন্নতি হবে পুরো চাকরিজীবনের কর্মদক্ষতা যাচাই করে। জ্যেষ্ঠ স্তরের ক্ষেত্রে ৮০ শতাংশ পদে সরাসরি নিয়োগ হবে এবং বাকি ২০ শতাংশ পদ কনিষ্ঠ পদধারী থেকে পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে। কনিষ্ঠ স্তরে পিএসসির মাধ্যমে সরাসরি নিয়োগের সুযোগ রাখা হলেও সরকার ইচ্ছে করলে ২০ শতাংশ বিধি দ্বারা নির্ধারিত পদে সরাসরি নিয়োগ দিতে পারবে বলে শর্ত রাখা হয়েছে। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, পদোন্নতি পরীক্ষায় পর পর তিনবার কেউ অকৃতকার্য হলে তিনি স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিতে পারবেন। তবে চতুর্থবারের মতো অকৃতকার্য যে কাউকে সরকার বাধ্যতামূলক অবসর দিতে পারবে। এমন কর্মকর্তাকে ৫৫ বছর বয়সে স্বাভাবিক অবসরে পাঠানোর বিধানও রাখা হয়েছে। তবে চাকরির স্বাভাবিক অবসরের বয়স ৫৭ থেকে বাড়িয়ে ৬০ বছর করার প্রস্তাব করা হয়েছে আইনে। দায়িত্ব পালনে কর্মকর্তার দায়: দায়িত্ব পালনের ক্ষেত্রে ক্ষমতার অপপ্রয়োগ কর্মকর্তার ব্যক্তিগত দায় হিসেবে গণ্য করার বিধান রাখা হয়েছে আইনে। স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে সরকারের বা রাষ্ট্রের অথবা কোনো ব্যক্তির ক্ষতি হলে, তার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে জবাবদিহি করার কথাও বলা হয়েছে আইনে। তবে প্রস্তাবে জবাবদিহি বা শাস্তি নির্ধারণ করে দেওয়া হয়নি। অবশ্য এ জন্য আলাদা বিধিমালায় শাস্তির বিধান রয়েছে। কর্মকর্তাদের আত্মরক্ষার বিধান: আইনের আশ্রয় ও আদালতের দণ্ড দেওয়া সম্পর্কে প্রস্তাবিত আইনের ১৭ (২) ধারায় বলা হয়েছে, দায়িত্বপালনের সময় কোনো ঘটনার কারণে ফৌজদারি অপরাধ হলে সরকারের পূর্ব অনুমোদন ছাড়া কোনো আদালত ওই অপরাধের জন্য কোনো মামলা নিতে পারবে না বা কোনো কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মকর্তাকে গ্রেপ্তারও করতে পারবে না। দুর্নীতি ও নৈতিক স্খলনের কারণে তিন বছর মেয়াদে দণ্ডিত কাউকে চাকরিতে বহাল রাখার বিষয়ে রাষ্ট্রপতির সিদ্ধান্তই হবে চূড়ান্ত। মাঠপর্যায়ে বদলি ও নিয়োগ: মহানগর এলাকার বাইরে মাঠপর্যায়ের যেকোনো পদে তিন বছরের কম অভিজ্ঞতাসম্পন্ন কোনো কর্মকর্তাকে সচিবালয়ে সমপর্যায়ের কোনো পদে নিয়োগ করা যাবে না মর্মে আইনে বিধান রাখা হয়েছে। জানতে চাইলে সাবেক সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান বলেন, আইন প্রণয়নের প্রয়োজন আছে। কারণ, যখন যে সরকার ক্ষমতায় আসে তারা তাদের মতো করে বিধিবিধানের মাধ্যমে স্বেচ্ছাধীন ক্ষমতার প্রয়োগ করে। তবে এ আইনের অপপ্রয়োগ হয় কি না, সেটাই নিশ্চিত হওয়া দরকার।