এ বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com) প্রশ্ন: ডেন্টাল কলেজগুলো থেকে ব্যাচেলর ডিগ্রি নিয়ে পরবর্তী সময়ে কোন কোন বিষয়ে উচ্চতর ডিগ্রি নেওয়া যায়? বাংলাদেশে বিশেষজ্ঞ ডেন্টিস্ট বা দন্তচিকিৎসকদের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ সম্ভাবনা কী? অর্থোগনেথিক সার্জারি কী এবং কারা এ সার্জারি করে থাকেন? বিদেশে ডেন্টাল সার্জারিতে পড়ার সুযোগ আছে কি? মাহবুব আজাদঢাকা ডেন্টাল কলেজউত্তর: ডেন্টাল সার্জারিতে ব্যাচেলর ডিগ্রি নেওয়ার পর উচ্চশিক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)থেকে উচ্চতর ডিগ্রি নিতে পারেন বিভিন্ন বিষয়ের ওপর। এখন চারটি বিষয়ের ওপর কোর্স চালু আছে: (১) ওরাল অ্যান্ড মেক্সিলোফেসিয়াল সার্জারি, (২) কনজারভেটিভ ডেন্টিস্ট্রি, (৩) অর্থোডন্টিক্স ও (৪) প্রস্থোডন্টিক্স। এর প্রতিটি বিষয়ের ওপরই এফসিপিএস এবং এমএস ডিগ্রি নেওয়া যায়।ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিষয়ের ব্যাপ্তি অনেক। এই সার্জনরা মুখের ভেতর ও বাইরের ক্যানসার, টিউমার, সিস্ট, চোয়ালের ফ্র্যাকচার এবং মুখের জন্মগত ত্রুটি নিয়ে কাজ করে থাকেন। বাংলাদেশে এই সার্জনদের চাহিদা বেশি। উপরন্তু, এ ১৬ কোটি মানুষের দেশে এই ধরনের রোগীর সংখ্যা দিনে দিনে বেড়েই চলছে। অন্য বিষয়গুলোরও রয়েছে বিশাল ব্যাপ্তি। যেমন: অর্থোডেন্টিস্টরা উঁচু-নিচু দাঁতের অবস্থান পরিবর্তনের মাধ্যমে মুখের সৌন্দর্য বৃদ্ধি করে থাকেন। অন্যদিকে, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড অ্যান্ডোডন্টিকের রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। প্রস্থোডন্টিস্টরা সাধারণত দাঁত প্রতিস্থাপন করে থাকেন। মুখের চোয়ালের অবস্থানগত পরিবর্তনের মাধ্যমে যখন সৌন্দর্য বৃদ্ধি করা হয়, তার নাম অর্থোগনেথিক সার্জারি।বিশ্বের বিভিন্ন দেশে উচ্চতর ডিগ্রি নেওয়া যায় ডেন্টাল সার্জারির ওপর। তার মধ্যে জাপানে রয়েছে পিএইচডি করার সুযোগ, ইংল্যান্ডে রয়েল কলেজ থেকে এমএফডিএস করা যায়। তা ছাড়া আমেরিকা ও অস্ট্রেলিয়ায়ও বিভিন্ন বিষয়ের ওপর পড়ার সুযোগ রয়েছে।ডা. আবদুল্লাহ আল মাসুদম্যাক্সিলোফেসিয়াল অ্যান্ড অর্থোগনেথিক সার্জন, সহকারী অধ্যাপকঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতাল