দপ্তর বণ্টন হয়নি, আইনি জটিলতা
নবনিযুক্ত দুই মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ও ওবায়দুল কাদের শপথ নেওয়ার দুই দিন পরও তাঁদের দপ্তর দেওয়া হয়নি। তাঁরা এখনো দাপ্তরিক কর্মবিহীন রয়েছেন।সরকারি সূত্রগুলো জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুরঞ্জিত সেনগুপ্তকে সংসদবিষয়ক মন্ত্রী এবং ওবায়দুল কাদেরকে তথ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু সংসদবিষয়ক নতুন মন্ত্রণালয় করার ক্ষেত্রে আইনি জটিলতা দেখা দিয়েছে বলে জানা গেছে।অপর মন্ত্রী ওবায়দুল কাদের তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে কিছুটা আপত্তি করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। চ্যালেঞ্জ হিসেবে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিনির্ভর একটি মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে তাঁর আগ্রহ। কাজ করা যায়, এমন কোনো দায়িত্ব তিনি চান। প্রধানমন্ত্রীও বিষয়টি ইতিবাচক হিসেবে নিয়েছেন বলে জানা গেছে। তাই এসব বিষয়ে নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ে নতুন করে চিন্তাভাবনা হচ্ছে। ফলে দুই মন্ত্রীর দপ্তর বণ্টনেও সময়ক্ষেপণ হচ্ছে।সূত্র জানায়, সরকার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়কে দুই ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে। সুরঞ্জিত সেনগুপ্তের দীর্ঘ সংসদীয় অভিজ্ঞতার কারণে তাঁকে সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার ব্যাপারে সরকারের শীর্ষ পর্যায় নীতিগত সিদ্ধান্ত নেয়। কিন্তু সংবিধানের ৭৯ অনুচ্ছেদ অনুসারে সংসদবিষয়ক মন্ত্রণালয় গঠনে আইনি জটিলতা দেখা দিয়েছে।সংবিধানের ৭৯ অনুচ্ছেদে বলা আছে, ‘সংসদ কর্তৃক বিধান প্রণীত না হওয়া পর্যন্ত স্পিকারের সহিত পরামর্শক্রমে রাষ্ট্রপতি সংসদ সচিবালয়ের কর্মচারীদের নিয়োগ ও কর্মের শর্তসমূহ নির্ধারণ করিয়া বিধি প্রণয়ন করিতে পারিবেন এবং অনুরূপভাবে প্রণীত বিধিসমূহ যে কোনো আইনের বিধান সাপেক্ষে কার্যকর হইবে।’ সংবিধানের এই ধারা অনুসারে সংসদবিষয়ক মন্ত্রণালয় করতে হলে নতুন আইন করতে হবে বলে সংশ্লিষ্টরা মত দিয়েছেন। কারণ, সংবিধান অনুসারে স্পিকারের সার্বভৌম ক্ষমতা থাকায় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাঁর অধীন। নির্বাহী বিভাগের আওতায় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা থাকতে পারেন না।সূত্র জানায়, গতকাল বুধবার আইনমন্ত্রী শফিক আহমেদ এবং প্রধানমন্ত্রীর সংস্থাপনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সঙ্গে বৈঠক করেছেন। তাঁদের মধ্যে আইনি জটিলতা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। এ বিষয়ে আইনমন্ত্রী ও উপদেষ্টা এইচ টি ইমাম প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। তবে আগামী দু-এক দিনের মধ্যে নবনিযুক্ত দুই মন্ত্রীর মধ্যে দপ্তর বণ্টন করা হবে বলে জানা গেছে।আজ সকালে তাঁরা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।