দপ্তরবিহীন মন্ত্রী পদে বৈধতার রিট খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারদলীয় সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের দপ্তরবিহীন মন্ত্রী পদে থাকার বৈধতা নিয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে দেন।আদেশ দেওয়ার সময় আদালতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও রিট আবেদনকারী আইনজীবী তুহিন মালিক। আদালত থেকে বেরিয়ে মুরাদ রেজা প্রথম আলো ডটকমকে বলেন, বেশ কয়েকটি যুক্তিতে আদালত রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন। তিনি বলেন, ‘সুরঞ্জিত সেনগুপ্তের বিষয়ে যে প্রজ্ঞাপন আদালতে উপস্থাপন করা হয়েছে, এতে তাঁকে রেল মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে অব্যাহতি দিয়ে দপ্তরবিহীন মন্ত্রী পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি মন্ত্রিপরিষদের সদস্য। এটি সমন্বিত দায়িত্ব। যে পদ্ধতিতে সুরঞ্জিতের কার্যালয়কে চ্যালেঞ্জ করা হয়েছে, এ ক্ষেত্রে তাঁকে বিবাদী করা হয়নি। আমাদের সংসদীয় গণতন্ত্রের ধারা অনুসারে দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে হারুন-অর রশীদ ছিলেন। এসব যুক্তিতে রিট আবেদনটি খারিজ করে দেওয়া হয়।’ সুপ্রিম কোর্টের আইনজীবী তুহিন মালিক প্রথম আলো ডটকমকে বলেন, হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে অবশ্যই আপিল করা হবে। গত ২৭ সেপ্টেম্বর করা রিট আবেদনটি গ্রহণ করতে ৩০ সেপ্টেম্বর অসম্মতি জানান হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। ১ অক্টোবর বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি দাখিল করা হয়। পরের দিন আদালত রিটের বিষয়ে শুনানির জন্য ৭ অক্টোবর তারিখ ধার্য করেন। ওই দিন শুনানি শেষে আদেশের জন্য আজকের দিনটি ধার্য করা হয়। আদালত আজ রিটের চূড়ান্ত শুনানি নিয়ে এ আদেশ দেন।রিট আবেদনে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বেতন-ভাতা ও সুবিধাদি বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছিল। একই সঙ্গে তাঁকে দপ্তরবিহীন মন্ত্রীর পদে নিয়োগসংক্রান্ত ১৭ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন কেন সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না—এ মর্মে রুল চাওয়া হয়েছিল। রিটে মন্ত্রিপরিষদের সচিব ও আইনসচিবকে বিবাদী করা হয়।