দপ্তরবিহীন মন্ত্রী পদের রিটের আদেশ বৃহস্পতিবার
সরকারদলীয় সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের দপ্তরবিহীন মন্ত্রী পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের ওপর আগামী বৃহস্পতিবার আদেশ দেওয়া হবে।আজ রোববার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ উভয় পক্ষের শুনানি নিয়ে আদেশের এ দিন ধার্য করেন।রিটকারী সুপ্রিম কোর্টের আইনজীবী তুহিন মালিক আদালতে নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।গত ২৭ সেপ্টেম্বর করা এই রিট আবেদনটি গ্রহণে ৩০ সেপ্টেম্বর অসম্মতি জানান হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। ১ অক্টোবর বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি দাখিল করা হয়। পরের দিন আদালত রিটের বিষয়ে শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। আজ শুনানি শেষে আদালত আগামী বৃহস্পতিবার আদেশের দিন ধার্য করেন।রিট আবেদনে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বেতন-ভাতা ও সুবিধাদি বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে দপ্তরবিহীন মন্ত্রীর পদে নিয়োগসংক্রান্ত ১৭ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন কেন সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না—এ মর্মে রুল চাওয়া হয়। রিটে মন্ত্রিপরিষদের সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়।