দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে মোট ৩৬ হাজার ৯৮৮ জন দপ্তরি কাম প্রহরী নিয়োগ করা হবে। এঁদের প্রত্যেকে মাসে সব মিলিয়ে সাত হাজার টাকা সেবামূল্য (বেতন-ভাতা) পাবেন।আউটসোর্সিংয়ের মাধ্যমে তিন ধাপে এই নিয়োগ সম্পন্ন হবে। এর মধ্যে প্রথম ধাপে চলতি ২০১২-২০১৩ অর্থবছরে ১২ হাজার, পরের বছর ১২ হাজার এবং শেষ ধাপে ২০১৪-২০১৫ অর্থবছরে ১২ হাজার ৯৮৮ জনকে নিয়োগ করা হবে। এই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে একটি নীতিমালা চূড়ান্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এম এম নিয়াজউদ্দিন গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘আমরা নীতিমালা করে দিয়েছি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শিগগিরই এই নিয়োগপ্রক্রিয়া শুরু করতে পারবে। এই কর্মচারীরা প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প (পিইডিপি)-৩ থেকে সেবামূল্য পাবেন। তবে পেনশন পাবেন না।’ তিনি বলেন, যেসব বিদ্যালয়ের ফলাফল ভালো, প্রথম ধাপে এমন ১২ হাজার বিদ্যালয়ে দপ্তরি নিয়োগ করা হবে।নীতিমালা অনুযায়ী, এই পদে নিয়োগপ্রত্যাশীদের সংশ্লিষ্ট বিদ্যালয় এলাকার (ক্যাচমেন্ট) স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে ওই এলাকার প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী এলাকার প্রার্থীকে নিয়োগের জন্য বিবেচনায় নেওয়া যেতে পারে। প্রার্থীর বয়সসীমা হবে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধাদের পোষ্যদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। রাতে পাহারার জন্য উপযুক্ত, সাইকেল চালনায় পারদর্শী ও সুঠাম দেহের অধিকারী পুরুষ প্রার্থীদের নির্বাচন করতে হবে। এই কর্মচারীরা সরকারি ছুটি ছাড়া নৈমিত্তিক বা অন্য কোনো ছুটি প্রাপ্য হবেন না।এই নিয়োগের জন্য তিন সদস্যের একটি বাছাই ও নিয়োগ কমিটি গঠন করা হবে। কমিটির সভাপতি হবেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং অন্য দুই সদস্য হবেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মনোনীত একজন সদস্য ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক (সদস্যসচিব)। কমিটি আবেদনকারীদের ২০ নম্বরের মৌখিক পরীক্ষা নিয়ে তিনজনের মেধা তালিকা করে ১ নম্বর প্রার্থীকে মুখ্য প্রার্থী এবং বাকি দুজনকে বিকল্প প্রার্থী হিসেবে অপেক্ষমাণ তালিকায় রেখে নিয়োগ অনুমোদনের জন্য সুপারিশসহ নিয়োগকারী কর্তৃপক্ষের (উপজেলা নির্বাহী কর্মকর্তা) বরাবর পাঠাবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তা অনুমোদন করবেন বা না করার যুক্তিযুক্ত কারণ উল্লেখসহ কমিটিকে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। এর ভিত্তিতে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি নিয়োগের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবে। নির্বাচিত প্রার্থী নির্ধারিত সময়ে যোগ না দিলে বিকল্প প্রার্থীদের মধ্যে থেকে নিয়োগ দেওয়া হবে।নীতিমালায় বলা হয়েছে, নিয়োগের বিষয়ে অনিয়মের অভিযোগ উঠলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জরুরি ভিত্তিতে বিষয়টি তদন্তের ব্যবস্থা নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করবেন। এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।