বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরিস্থিতি নিয়ে একের পর এক আলোচনা হচ্ছে। বিভিন্ন উপায়ে সরকার অনুরোধবার্তা পাঠাচ্ছে শিক্ষকদের কাছে। সমঝোতার জন্য এগিয়ে এসেছেন বুয়েটের সাবেক উপাচার্য থেকে শুরু করে প্রাক্তন ও স্বনামধন্য কয়েকজন ছাত্র। কিন্তু গতকাল শনিবার পর্যন্ত শিক্ষকেরা ক্লাসে যোগ দেননি।গতকাল মানববন্ধন করে শিক্ষকেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন। অন্যদিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্লাস শুরুর ব্যবস্থা করার জন্য রাষ্ট্রপতি ও আচার্যের কাছে গত শুক্রবার স্মারকলিপি দেওয়া হয়েছে।টানা ২১ দিন ধরে বুয়েটের মতো শিক্ষাপ্রতিষ্ঠান অচল হয়ে থাকলেও সরকার কার্যকর ভূমিকা না নেওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা ক্ষোভ প্রকাশ করছেন। সংকট নিরসনের লক্ষ্যে বুয়েটের সাবেক দুজন উপাচার্য ইকবাল মাহমুদ ও এম এইচ খান, ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সের সভাপতি ও রাজউকের চেয়ারম্যান নূরুল হুদা, বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতা সিরাজুল মজিদ মামুনের মধ্যস্থতায় সমিতির নেতারা গত শুক্রবার রাতে উপাচার্যের সঙ্গে বৈঠক করেন। সূত্র জানায়, ওই বৈঠকেও কোনো সিদ্ধান্ত হয়নি। জানতে চাইলে নূরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘আমরা মোটামুটি একটি অবস্থানে আসতে পেরেছি। আজ রোববার আবার বৈঠক হবে। আমরা আশা করছি, সমাধানে পৌঁছা সম্ভব হবে।’ উদ্ভূত পরিস্থিতি নিয়ে শিক্ষক সমিতি গতকাল শনিবার সাধারণ সভা করেছে। সভায় বিভিন্ন দিক নিয়ে আলোচনা হলেও কর্মবিরতির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বরং সভা শেষে শিক্ষকেরা ক্যাম্পাসে মৌন মিছিল করেছেন। জানতে চাইলে সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘উপাচার্য ও সহ-উপাচার্যের ওপর আমাদের কোনো আস্থা নেই। পরিস্থিতি নিয়ে আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে আলোচনা করেছি। কিন্তু সমাধান হয়নি। এ জন্য সংকট সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’ তিনি বলেন, ‘আমরাও শ্রেণীকক্ষে ফিরতে চাই। সমিতির আগামী সভায় পুরো বিষয়টি পর্যালোচনা করে করণীয় নির্ধারণ হবে।’মেধাবীদের পীঠস্থান বুয়েটে ৭ এপ্রিল থেকে কর্মবিরতি পালন করছে বুয়েটের শিক্ষক সমিতি। উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগ এবং সহ-উপাচার্যের পদ বিলুপ্তির দাবিতে শুরু হওয়া এই আন্দোলনে পুরো বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা চলছে।শিক্ষকেরা বলছেন, অনিয়ম করে দলীয় ব্যক্তিদের ভূতাপেক্ষ পদোন্নতি, শিক্ষার্থীদের পরীক্ষার ফল পরিবর্তন করাসহ নানা অনিয়মের ঘটনা ঘটছে বর্তমান প্রশাসনের হাতে। এসব ঘটনায় বুয়েটের উপাচার্য এস এম নজরুল ইমলাম এবং সহ-উপাচার্য হাবিবুর রহমানকে দায়ী করে তাঁদের পদত্যাগের দাবি করে আসছে শিক্ষক সমিতি।তবে বুয়েটের উপাচার্য পদত্যাগের বিষয় নাকচ করে দিয়ে বলেছেন, শিক্ষক সমিতি যেসব দাবির কথা বলছে, সেগুলো ঠিক নয়। তাদের অনৈতিক দাবির কারণে পদত্যাগ করলে আরেকটি অনৈতিক কাজ হবে। বুয়েটের প্রাক্তন দুজন শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, এখানে শিক্ষকদের ‘ইগো’ সমস্যা সংকট নিরসনের অন্তরায় দাঁড়িয়েছে। এদিকে দীর্ঘ দিন ধরে অচলাবস্থা চলায় শিক্ষার্থীদের মধ্যে হতাশা নেমে এসেছে। কয়েকজন শিক্ষার্থী বলেছেন, ক্লাস না হওয়ায় তাঁদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। জানতে চাইলে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেছি। তাঁদের আন্দোলনের কারণে শিক্ষার্থীদের কেন ক্ষতি করা হবে। তারা তো কোনো দোষ করেনি। আমরা শিক্ষকদের বলব, শ্রেণীকক্ষে ফিরে যান আর সমস্যাগুলো আলোচনা করে সমাধান করুন।’