দম্ভ নিয়ে দাঁড়িয়ে সিডনির শহীদ মিনার
সিডনি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মনোমুগ্ধকর এশফিল্ড পার্ক। পার্কের প্রস্তরজুড়ে রয়েছে অতি প্রাচীন বৃক্ষরাজি। এরই এক কোনায় ভাষা শহীদ মিনার নিজ দম্ভ নিয়ে দাঁড়িয়ে। যাঁর অক্লান্ত পরিশ্রমে এটি নির্মাণ সম্ভব হয়েছিল এবং যিনি তাঁর স্থাপত্যিক রূপরেখা নির্মাণ করেছিলেন, সেই নির্মল পাল একে আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিসৌধ হিসেবে আখ্যায়িত করতে ভালোবাসেন। তাঁর এই মহতী উদ্যোগ শুরু হয় ২০০৪ সালে, যখন তিনি একুশে একাডেমি অস্ট্রেলিয়া নামে এক সংগঠনের সভাপতির পদ গ্রহণ করেন। স্থানীয় কাউন্সিলের অনুমতি থেকে শুরু করে নিউ সাউথ ওয়েলস রাজ্যের পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হয়। প্রশাসনিক জটিলতা যে ছিল না, তা নয়। এখানকার কর্তৃপক্ষকে বোঝাতে হয়েছিল, কীভাবে বাঙালি জাতি তার মাতৃভাষাকে রক্ষা করতে জীবন দান করেছিল, জাতি গঠনে কত গুরুত্বপূর্ণ ছিল ভাষাকে রক্ষা করা সেই পাকিস্তান আমলে। দীর্ঘ সংগ্রামে জয়ী হয়ে অবশেষে এই স্মৃতিসৌধের উদ্বোধন হলো ২০০৬ সালে। সে সময় থেকে এটি পরিণত হয়েছে সারা অস্ট্রেলিয়ার বাঙালি সমাজের প্রাণকেন্দ্রে। প্রতিবছর ফেব্রুয়ারি মাসের কোনো এক সপ্তাহান্তে এখানে জমে মানুষের ভিড়। মানুষ আসে ব্রিসবেন, ডারউইন, মেলবোর্ন, ক্যানবেরার মতো অস্ট্রেলিয়ার প্রত্যন্ত শহরগুলো থেকে। এখানে সাজানো হয় বইয়ের স্টল, রকমারি খাবারের দোকান, শিশুদের বিনোদনের রকমারি আয়োজন। শিশু-কিশোরের নাচ-গানে মুখরিত হয় এই চমৎকার উদ্যানটি। একখণ্ড বাংলাদেশ যেন এখানে স্থান করে নেয় সবার অলক্ষ্যে। কবিতা আবৃত্তি, নাটক, গীতিনাট্য, নাচ, দেশাত্মবোধক গান ধ্বনিত হয় চারদিকে। এখানে মানুষ শোনে রবীন্দ্রসংগীতশিল্পী সিরাজুস সালেকিনের মনোমুগ্ধকর গান, অমিয়া মতিনের কণ্ঠে নজরুলসংগীত অথবা কোনো অজানা-অপরিচিত শিল্পীর কণ্ঠ—হোক না সে কোনো প্রতিষ্ঠিত শিল্পীর কণ্ঠ নয়, হোক না কোনো অজানা গায়ক সে। তবু দেশপ্রেমের উচ্ছল বহিঃপ্রকাশে সবার মন প্লাবিত হয় এক অসীম গর্বে। একুশের চেতনা নিয়ে যে শহীদ মিনার, সেটি আজ কেবল বাঙালির সম্পত্তি নয়। এই পবিত্র স্থানটিতে ভিড় করে সিডনি শহরের প্রশাসনিক কর্মকর্তারা, আসেন ভিনদেশি পথচারী—হয়তো বা বাঙালি খাবার অথবা বইয়ের আকর্ষণে। তাঁরা শোনেন বাঙালি ভাষাসংগ্রামের ইতিহাস। অবাক বিস্ময়ে তাঁরা তাকান। ভাষার জন্য জীবন দেওয়ার অস্বাভাবিকতা তাঁদের স্বায়ুকে অসাড় করে দেয়। তাঁরা বাংলাদেশকে আপন করে নেন। বাংলা ভাষার এই মিনার অকস্মাৎ পৃথিবীর মিনারে পরিণত হয়।২০১৩ সালের একুশে ফেব্রুয়ারি পালনে যাঁরা আয়োজক, তাঁরা এ বছরকে দেখছেন বিশেষ দৃষ্টিতে। দেশ যখন উত্তাল স্বাধীনতা ও মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের সমুচিত সাজার দাবিতে, তখন শাহবাগের সেই উত্তাল তরঙ্গের সঙ্গে সিডনিবাসী জানাচ্ছেন তাঁদের একাত্মতা। তাঁরা উপলব্ধি করেছেন বাংলা ভাষা (মাতৃভাষা) রক্ষার আন্দোলন যেমন স্বাধীনতাসংগ্রাম থেকে বিচ্ছিন্ন নয়, তেমনি একুশে ফেব্রুয়ারি পালন কেবল শহীদদের আত্মত্যাগকে স্মরণ নয়। যে শক্তি স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা নিরীহ মানুষকে হত্যা করে তাদের পাশবিক তৃপ্তি লাভ করেছিল, তাদের ন্যায্য বিচারের দাবি এখানেও স্থান করে নিয়েছে। হয়তো অত্যন্ত যৌক্তিকভাবে ২০১৩ সালে সিডনির একুশ উদ্যাপনে সেই অনুভূতি প্রকাশ পেয়েছে এবারের স্লোগানে— ‘রুখে দাঁড়াও মৌলবাদের হীন হুংকার/অসাম্প্রদায়িক বাংলা আমার অহংকার।’