দরকার আগ্রহ আর ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ৫ জুলাই এসেছিলেন র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের (ঢাকা) ব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশিক্ষণ বিভাগ) ফরহাদ আল-আমিন মৌলি। কথা বলেছেন কথাবন্ধু পম্পা ঘোষের সঙ্গে। হোটেল ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা ও এ বিভাগে চাকরির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। কথাবন্ধু: একজন নারী হয়ে হোটেল ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে কি কোনো অসুবিধা হচ্ছে?ফরহাদ আল-আমিন মৌলি: বাংলাদেশের প্রেক্ষাপটে কর্মজীবী নারীদের কিছু জায়গায় কাজ করতে সমস্যা হয়, এটা সত্যি। তবে আমি এখনো কোনো বাধার সম্মুখীন হইনি। এখানে কাজের ক্ষেত্রে নারী বা পুরুষ আলাদা করার কিছু নেই। আপনাকে সমানভাবে কাজ করতে হবে। আপনি যদি আপনার যোগ্যতা দেখাতে পারেন তাহলে অবশ্যই আপনি ওপরে উঠবেন। তবে আমি এখন পর্যন্ত হোটেল ব্যবস্থাপনার মধ্যে কোনো ভেদাভেদ খুঁজে পাইনি। কথাবন্ধু: পর্যটন এবং হসপিটালিটি (অতিথি ব্যবস্থাপনা) বিভাগের বর্তমান অবস্থা কেমন? কর্মক্ষেত্র হিসেবে এই ক্ষেত্রটি কেমন?ফরহাদ আল-আমিন মৌলি: বর্তমানে বাংলাদেশ হোটেল ব্যবস্থাপনা বিষয়টি অনেক ভালো অবস্থানে রয়েছে। ভবিষ্যতে এটি আরও এগিয়ে যাবে। এ বিভাগে চাকরির সুযোগ আরও বাড়বে। তাই যাঁরা হোটেল ব্যবস্থাপনা বিভাগে পেশা গড়তে চান তাঁদের বলব, এ জন্য নিজেকে দক্ষ করে তুলুন। এই বিভাগে কাজকে ভালোবেসে আপনাকে এগিয়ে যেতে হবে। তাহলে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত। কথাবন্ধু: আমাদের দেশে এ বিভাগে কর্মক্ষেত্র বা কাজের ব্যাপ্তি কতখানি? দেশের বাইরে কাজ করার সুযোগ কেমন?ফরহাদ আল-আমিন মৌলি: এ বিভাগে পেশা গড়ার অনেক সুযোগ রয়েছে। আমাদের দেশের ছেলেমেয়েরা ভালোভাবে শিখে নিজের খুঁটিটা একটু শক্ত করে নিতে পারলে, শুধু বাংলাদেশ কেন দেশের বাইরেও তাঁরা অনেক উন্নতি করবেন। এ জন্য নিজেকে নিজের সুযোগ তৈরি করে নিতে হবে। দেশের বাইরে এখন অনেক চাকরির সুযোগ রয়েছে। লোক নিয়োগের প্রয়োজন হলে বাইরের হোটেলগুলো দেশ ও দেশের বাইরের প্রত্যেকটি হোটেলে তা পাঠিয়ে দেয়। তখন আমাদের সঙ্গে যাঁরা কাজ করছেন অথবা যাঁরা প্রশিক্ষণার্থী হিসেবে আছেন, তাঁদের এ ব্যাপারে সাহায্য করার চেষ্টা করি। পদ, যোগ্যতা ও দক্ষতা মিলে গেলে তখন তাঁরা কিন্তু আমাদের পরিচয় দিয়েই আবেদন করতে পারেন। এ ছাড়া দেশের বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্রগুলোর সঙ্গেও এ ধরনের যোগাযোগ হয়ে থাকে।কথাবন্ধু: এ ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী ধরনের প্রয়োজন হয়?ফরহাদ আল-আমিন মৌলি: শিক্ষাগত যোগ্যতা অবশ্যই প্রয়োজন। তবে তার সঙ্গে দরকার নিজের ইচ্ছা ও কাজের প্রতি আগ্রহ আর ভালোবাসা। কারণ কাজকে ভালোবেসে এখানে পেশা গড়া উচিত। কথাবন্ধু: এ জন্য আলাদা করে কোনো প্রশিক্ষণের প্রয়োজন আছে কি না?ফরহাদ আল-আমিন মৌলি: এখানে আসতে হলে শুরুতেই প্রশিক্ষণ নিয়ে আসা উচিত। এ নিয়ে কিছু জ্ঞান বা ধারণা থাকা উচিত। বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণ নিলে আরও ভালো হয়। আমাদের দেশে পর্যটন করপোরেশন, এ ছাড়া বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্র রয়েছে, যারা হসপিটালিটি বা হোটেল ব্যবস্থাপনার ওপর প্রশিক্ষণ দিচ্ছে। প্রশিক্ষণ থাকলে কাজ করতে অনেক সুবিধা হয়। কথাবন্ধু: যাঁরা এখানে কাজ করবেন বা করছেন, তাঁদের ভবিষ্যৎ কি? তাদের কী ধরনের বৈশিষ্ট্য থাকা জরুরি? ফরহাদ আল-আমিন মৌলি: যাঁরা এখন শিক্ষার্থী তাঁদের আমি বলব, আগে থেকে সিদ্ধান্ত নিন। আপনি কোন বিভাগে পেশা গড়বেন ওই বিষয়ে মন স্থির করুন। কারণ একটি হোটেলে বিভিন্ন ধরনের বিভাগ রয়েছে। আপনি যদি সবার সঙ্গে কথা বলতে পছন্দ করেন, সবার সঙ্গে যোগাযোগ রেখে আপনি যদি সবকিছু সামলিয়ে নিতে পারেন সে ক্ষেত্রে আপনি ডেস্ক বা ফ্রন্ট অফিসের জন্য নিজেকে তৈরি করুন। আর আপনি যদি মনে করেন, সরাসরি আতিথেয়তা ব্যবস্থাপনায় কাজ করবেন, তাহলে আপনি ফুড অ্যান্ড বেভারেজ বিভাগের জন্য নিজেকে তৈরি করুন। প্রোডাকশন, হাউস কিপিংসহ এ রকম বিভিন্ন ধরনের সুযোগ এখানে রয়েছে। যেকোনো একটি শাখার জন্য আপনি নিজেকে তৈরি করুন। আপনি যেখানে সুযোগ পাবেন সেখানেই কাজ শুরু করুন। যত বেশি জানবেন, তত আপনার ওপরে ওঠার সুযোগ তৈরি হবে। শ্রোতাবন্ধু সাঈফ (খুদেবার্তা থেকে): আমি এখন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছি। কিন্তু আমার ইচ্ছে, আমি হোটেল ব্যবস্থাপনায় পড়াশোনা করব। এ জন্য কী করতে পারি?ফরহাদ আল-আমিন মৌলি: আগ্রহ থাকলে স্বপ্ন পূরণ করুন। হোটেল ব্যবস্থাপনা থেকে পড়াশোনা করে আপনি যদি এ পেশায় আসতে চান, তাহলে আপনার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা অতিরিক্ত যোগ্যতা হিসেবে ধরা হবে। তখনই আপনি বুঝবেন আপনি কী করবেন। শ্রোতাবন্ধু নিজাম (খুদেবার্তা): আমি ব্যবস্থাপনা নিয়ে পড়াশোনা করছি। আমি কি এ বিভাগে পেশা গড়তে পারব? ফরহাদ আল-আমিন মৌলি: এ জন্য নিজের আগ্রহ থাকতে হবে। আপনাকে প্রমাণ করতে হবে আপনি পারবেন। এ বিষয়ে আপনাকে এগিয়ে আসতে হবে। আপনার অভিজ্ঞতা অর্জন করতে হবে। যদি মনে করেন এ বিভাগে কাজ করে মজা পাবেন, তাহলে আমি বলব, তাড়াতাড়ি চলে আসুন। কথাবন্ধু: কীভাবে এই বিষয়টিকে বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে আরও আকর্ষণীয় করে তোলা যায়?ফরহাদ আল-আমিন মৌলি: এ জন্য সবচেয়ে আগে যে ভূমিকা রাখতে পারে তা হচ্ছে গণমাধ্যম। আজকাল অনেকেই এ নিয়ে লিখছেন। যদি পত্রপত্রিকাগুলো এ ব্যাপারে ভূমিকা রাখে, তাহলে এ বিভাগটি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে। এ জন্য যেকোনো ধরনের সুযোগ-সুবিধার প্রয়োজন হলে আমরা তা অবশ্যই করব। গ্রন্থনা: সুদীপ দে