শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মেয়েদের উত্ত্যক্ত বা ইভ টিজিং করা মানে নারীর প্রতি সহিংস আক্রমণ করা। কাজেই যারা এগুলো করে, তারা কেবল বখাটেই নয়, সন্ত্রাসীও। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। খুব শিগগির এ ব্যাপারে একটি নীতিমালা করা হবে। তবে কেবল আইন দিয়ে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়, সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।প্রথম আলো আয়োজিত ‘উত্যক্ততার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। গতকাল বুধবার প্রথম আলো কার্যালয়ে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, সামাজিক সচেতনতা বাড়াতে না পারলে এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে না পারলে এই সমস্যার সমাধান করা যাবে না। এ জন্য এলাকায় এলাকায় কমিটি করা যেতে পারে। যে ছেলেরা ইভ টিজিং করে, সেই ছেলেরাও আমাদের। কাজেই পরিবারকেই এই বিষয়ে সবার আগে এগিয়ে আসতে হবে। পরিবার থেকে প্রতিটি শিশুকে মেয়েদের মানুষ ভাবার বিষয়টি শেখাতে হবে। স্কুলগুলোতেও এই শিক্ষা দিতে হবে। শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন পাঠ্যসূচি তৈরির সময় এই বিষয়ে লক্ষ রাখা হবে। এ ছাড়া শিক্ষকদের জন্য একটি নীতিমালা করা হবে, তারা যেন ক্লাসে ছাত্রদের বিষয়গুলো বোঝাতে পারেন। সর্বোপরি আমাদের সন্তানদের আধুনিক প্রযুক্তিজ্ঞানে শিক্ষিত এবং মানবিক ও নৈতিকতাবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করতে হবে।’ বৈঠকে সূচনা বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম। তিনি বলেন, পরিস্থিতির দিনদিন অবনতি হচ্ছে। সামাজিক সচেতনতা ও প্রতিরোধ ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। বৈঠকে সঞ্চালক ছিলেন প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন। বক্তব্য রাখেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) এ কে এম শহীদুল হক, জাতিসংঘের সিডও কমিটির সাবেক চেয়ারম্যান সালমা খান, বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী আয়েশা খানম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মেহতাব খানম, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সোহেলী খাদিজা আজাদ, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এলিনা খান, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ এ এস এম মুশফিকুর রহমান, জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী, ভিকারুননিসা স্কুল ও কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি আব্দুন নূর তুষার, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, অভিনেতা চঞ্চল চৌধুরী ও জয়া আহসান, সাংবাদিক ফারজানা রুপা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সৈয়দ আশিক এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী লিরানা রহমান। ইভ টিজিং না যৌন হয়রানি: মিজানুর রহমান বলেন, উত্ত্যক্ত করা মানে নারীর প্রতি সহিংসতা। একে কেবল ইভ টিজিং বলা কি ঠিক? সালমা আলী বলেন, ‘ইভ টিজিং বললে ঘটনার ভয়াবহতা বোঝা যায় না। এটি যৌন হয়রানি। আদালতও ইভ টিজিংকে যৌন হয়রানি বলেছেন। কাজেই আমাদেরও এ ধরনের কিছু বলা উচিত।’ সোহেলী খাদিজা আজাদ বলেন, মেয়েদের উত্ত্যক্ত করা অবশ্যই যৌন নিপীড়নের মধ্যে পড়ে। শিক্ষামন্ত্রী বলেন, ইভ টিজিং মানে নারীর প্রতি সহিংস আক্রমণ। ওরা কেবল বখাটে নয়, ওরা সন্ত্রাসীও। শিক্ষা দিতে হবে পরিবার থেকে: মিজানুর রহমান বলেন, পরিবার একটি শিশুর সবচেয়ে বড় স্কুল। কাজেই তাকে পরিবার থেকেই শেখাতে হবে। ছেলেরা যেন মেয়েদের সম্মান করতে পারে, সেটা ছোটবেলা থেকেই শেখাতে হবে। চঞ্চল চৌধুরী বলেন, প্রতিটি পরিবার যদি তাদের ছেলেমেয়েদের দায়িত্ব নেয়, সেটিই যথেষ্ট। একই কথা বলেন জয়া আহসান। মেহতাব খানম বলেন, শিশু বয়সেই একটি ছেলে বা মেয়ের নিজস্ব ব্যক্তিত্ব গঠন-প্রক্রিয়া ঠিক হয়ে যায়। কাজেই শিশুটির বিকাশের জন্য পরিবারই মূল ভূমিকা রাখতে পারে। অভিভাবকদের এ ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখা উচিত। কেবল মা নয়, বাবাকেও জানতে হবে সন্তানের সঙ্গে কেমন আচরণ করতে হবে। দায়িত্ব নিতে হবে স্কুলকে: মিজানুর রহমান বলেন, পরিবারের পর শিশুর বিকাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্কুল। কাজেই সেখানে তাকে ভালোভাবে শিক্ষা দিতে হবে। মেয়েদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার মানসিকতা যেন গড়ে ওঠে, সেটা খেয়াল রাখতে হবে। বাবা-মায়ের আচরণ হতে হবে সন্তানদের জন্য অনুকরণীয়। শিক্ষামন্ত্রী বলেন, স্কুলগুলোতে ছেলেমেয়েদের এসব বিষয়ে বোঝানোর জন্য খুব শিগগির শিক্ষকদের একটি নীতিমালা করে দেওয়া হবে। স্কুলে শিশুদের সমস্যা শোনার কেউ থাকে না। তাই প্রতিটি স্কুলে একজন করে মনোবিজ্ঞানী রাখতে পারলে ভালো হতো। কিন্তু সেটি যেহেতু এক্ষুনি সম্ভব নয়, তাই প্রতি স্কুলের একজন ভালো শিক্ষককে প্রশিক্ষণ দিয়ে দায়িত্ব দেওয়া হবে, যাতে শিক্ষার্থীরা তাদের সমস্যাগুলোর কথা বলতে পারে। কঠোর আইন চাই: মিজানুর রহমান বলেন, যারা মেয়েদের উত্ত্যক্ত করে, তারা কোনো না কোনোভাবে শক্তিশালী। তারা জানে, অপরাধ করলেও পার পাওয়া যাবে। কাজেই এই সমস্যা বন্ধ করতে কঠোর আইন এবং তার প্রয়োগ দরকার। সালমা খান বলেন, যারা মেয়েদের উত্ত্যক্ত করে, তাদের বেশির ভাগই প্রভাবশালী পরিবারের সন্তান। আর্থিক কিংবা রাজনৈতিকভাবে তারা শক্তিশালী। তাদের জন্য কঠোর আইন দরকার। শিক্ষামন্ত্রী বলেন, এখন বখাটেপনার প্রতিবাদকারীরাও হামলার শিকার হচ্ছেন। অনেক মেয়ে স্কুলে যেতে পারে না। পরীক্ষা দিতে পারে না। অনেকেরই বাল্য বয়সে বিয়ে হয়ে যায়। এসব সমস্যা সমাধানে অবশ্যই কঠোর আইন করবে সরকার। কেউ যেন পার না পায়: মিজানুর রহমান বলেন, পঁচাত্তরের পর এ দেশে অপরাধ করে পার পেয়ে যাওয়ার যে সংস্কৃতি চলেছে, তার কারণেই আজ এত সমস্যা। অপরাধ করে কেউ যেন পার না পায়। সালমা খান বলেন, বখাটেরা যদি পার না পেত, তাহলে কোনো ঘটনাই ঘটাত না। এ দেশে অপরাধ করে পার পাওয়া যায় বলেই এ ধরনের ঘটনা ঘটে। আয়েশা খানম বলেন, অনেক সময়ই নারী নির্যাতনের মামলাগুলো দুর্বল করে দেওয়া হয়। ফলে নির্যাতনকারীরা পার পেয়ে যায়। এই চর্চা বন্ধ করতে হবে। চঞ্চল চৌধুরী বলেন, এসব ঘটনা যারা ঘটায়, তাদের ৯৫ ভাগই ছাড়া পেয়ে যায়। শাহীন আনাম বলেন, ‘আমরা নারীবান্ধব বিচারব্যবস্থা পাই না। ফলে অনেক মেয়েই আদালতে যাওয়ার সাহস পায় না।’ এলিনা খান বলেন, যৌন নির্যাতনের মামলাগুলোর আসামিরা গ্রেপ্তার হয় না। পুলিশ ঠিকমতো অভিযোগপত্র দেয় না। বৈষম্য বন্ধ করতে হবে: বৈঠকে সব বক্তাই নারী ও পুরুষের মধ্যে বৈষম্য দূর করার পরামর্শ দেন। সালমা খান বলেন, জাতিসংঘের সনদ অনুযায়ী নারীর প্রতি সব ধরনের বৈষম্য দূর করতে হবে। শাহীন আনাম বলেন, সমাজে নারীকে দুর্বল ও নির্ভরশীল হিসেবে দেখার যে দৃষ্টিভঙ্গি, সেটি বদলাতে হবে।দরকার সামাজিক সচেতনতা: মিজানুর রহমান বলেন, উত্ত্যক্তকারীদের প্রতিরোধ এবং সমস্যা সমাধানে সবাইকে সামাজিকভাবে সচেতন হতে হবে। শহীদুল হক বলেন, এ দেশে অনেক কঠোর আইন আছে। খুন করলে ফাঁসি জেনেও মানুষ খুন করে। কাজেই কেবল আইন দিয়ে সব ঠিক করা সম্ভব নয়। সবাইকে সামাজিকভাবে সচেতন হতে হবে। মানবিক শিক্ষা: আব্দুন নূর তুষার বলেন, ‘অর্থনৈতিক দিক দিয়ে আমরা হয়তো শক্তিশালী হচ্ছি, সবার পকেটে হয়তো অনেক টাকা আসছে। কিন্তু মানবিকভাবে আমরা ক্রমেই পিছিয়ে পড়ছি। আমরা সামাজিক লাভ থেকে অর্থনৈতিক লাভের কথা বেশি ভাবছি। এ কারণেই সমস্যা বাড়ছে।’ চঞ্চল চৌধুরী বলেন, কেবল পুঁথিগত বিদ্যা দিলেই চলবে না, ছেলেমেয়েদের মানবিক শিক্ষা দিতে হবে, যেটি তাকে পূর্ণাঙ্গ মানুষ করে তুলবে। আত্মহত্যা নয়, শক্ত হতে হবে: শাহীন আনাম বলেন, শত সমস্যার পরও মেয়েদের শক্ত হতে হবে। নিজেকে পরনির্ভরশীল ভাবলে চলবে না। তাদের আরও সাহসী হতে হবে। লিরানা রহমান বলেন, যে ছেলে একটি মেয়েকে উত্ত্যক্ত করে, সেই বখাটের লজ্জিত হওয়া উচিত। মেয়েটির কোনোভাবেই লজ্জিত হওয়া উচিত নয়। কারণ, তার তো কোনো দোষ নেই। হোসনে আরা বেগম মেয়ের সাহসী হওয়ার পরামর্শ দিয়ে বলেন, কোনোভাবেই কোনো মেয়ের আত্মহত্যা করা চলবে না। মানসিকভাবে শক্ত হতে হবে। একই কথা বলেন শহীদুল হকও। রাজনৈতিক সহিংসা বন্ধ করতে হবে: আয়েশা খানম বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশে সহিংস রাজনীতি চলছে। এরই প্রভাব পড়ছে সমাজে। কাজেই রাজনৈতিক সহিংসতা বন্ধ করতে হবে। একই রকম মন্তব্য করেন সালমা খান। তিনি বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক সব অস্থিরতাই এই সমস্যার জন্য দায়ী। মোবাইল ফোন সমস্যা: হোসনে আরা বেগম বলেন, মোবাইল ফোন একটি বড় সমস্যা। স্কুলে অনেক ছোট ছোট মেয়েরাও মোবাইল ফোন নিয়ে আসে। মোবাইল ফোনের মাধ্যমে প্রায়ই উত্ত্যক্তের ঘটনা ঘটছে। চঞ্চল চৌধুরী বলেন, এখন ছোট ছোট ছেলেমেয়েদের হাতেও মোবাইল ফোন চলে যাচ্ছে। এটি নিয়ন্ত্রণ করতে হবে। মোবাইল ফোনে রাত জেগে কথা বলার বিজ্ঞাপন বন্ধেরও পরামর্শ দেন বক্তারা। দরকার সাংস্কৃতিক চর্চা: মুশফিকুর রহমান বলেন, ‘সামাজিকভাবে আমাদের মূল্যবোধের অবক্ষয় ঘটছে। কিন্তু নতুন কোনো মূল্যবোধ গড়ে উঠছে না। এ কারণেই এত সমস্যা।’ আব্দুন নূর তুষার বলেন, আজকের এই সমস্যার পেছনে সামাজিক ও রাজনৈতিক কারণের পাশাপাশি সাংস্কৃতিক কারণও আছে। যে ছেলে খেলাধুলা করে, গান গায়, বই পড়ে কিংবা কোনো না কোনোভাবে সাংস্কৃতিক চর্চার সঙ্গে জড়িত, সেই ছেলে কখনো কোনো মেয়েকে উত্ত্যক্ত করে না। কাজেই সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে। চঞ্চল চৌধুরীও একই রকম মন্তব্য করেন। শহীদুল হক বলেন, সমস্যা সমাধানে সুকুমার বৃত্তির চর্চা বাড়াতে হবে। আয়েশা খানম বলেন, একসময় পাড়ায় পাড়ায় পাঠাগার ছিল। এখন এর বদলে পাড়ায় পাড়ায় মাদক বিক্রি হয়। আবারও পাঠাগার গড়ে তোলার দিকে যেতে হবে। হাবিবুল বাশার বলেন, ‘আগে আমরা মাঠে খেলাধুলা করতাম। কিন্তু এখন সেই মাঠে আড্ডা হয়। ছেলেমেয়েরা খেলার সুযোগ পাচ্ছে না।’ মেয়েদের জন্য নিরাপদ পরিবেশ: ফারজানা রুপা বলেন, একটি মেয়ে যে পোশাকেই থাকুক না কেন, যে বয়সেরই হোক না কেন, কারওয়ান বাজার থেকে ফার্মগেট যেতে হলে তাকে নানা কটূক্তি শুনতে হবে। সব সময় ভয়ে থাকতে হবে, কি-না-কি হয়। কিন্তু একটি দেশের পরিবেশ তো এমন হওয়া উচিত নয়। যত দিন না দেশের পরিবেশ মেয়েদের জন্য নিরাপদ হবে, তত দিন এই সমস্যার সমাধান হবে না। শহীদুল হক বলেন, ‘পাশাপাশি এটিও আমরা দেখি, অনেক মেয়েই তো কাজ করে রাতে বাড়ি ফিরছে। অনেক রাতেও বেইলি রোডে শপিং করছে মেয়েরা। কাজেই ঢালাওবাবে পরিস্থিতি খারাপ বললে সমাজে নিরাপত্তার অভাব বোধ তৈরি হবে।’ দরকার সম্মিলিত প্রচেষ্টা: মিজানুর রহমান বলেন, উত্ত্যক্ত করা বন্ধে সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে। শহীদুল হকসহ অন্য বক্তারা এ ব্যাপারে গণমাধ্যমসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এলিনা খান বলেন, সবাইকে এ বিষয়ে সচেতন করতে হেলিকপ্টারে করে সারা দেশে লিফলেট দেওয়া যেতে পারে। পাড়ায় পাড়ায় এ বিষয়ে কমিটি গঠন করা যেতে পারে। শিক্ষামন্ত্রীও এ সমস্যা সমাধানে সবাইকে একসঙ্গে কাজ করার পরামর্শ দেন। তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়।