দরকার ক্রীড়া আর্কাইভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোদ্ধাদের মনোবল জোগাতে ‘স্বাধীন বাংলা ফুটবল দল’ যে অসামান্য ভূমিকা রেখেছিল, তাতে কারও কোনো সন্দেহ নেই। অথচ কিছুদিন আগে সেই দলটির একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে গিয়েই নানা রকম বিতর্ক শুরু হলো। কেউ বললেন এর নাম বাদ পড়েছে, কেউ বললেন ওর নাম অতিরিক্ত হয়ে গেছে!কেন এমন হলো? উত্তর সোজা—স্বাধীন বাংলা ফুটবল দলসংক্রান্ত দলিলপত্র যত্নের সঙ্গে সংরক্ষণ করা হয়নি। যুদ্ধকালীন পরিস্থিতির সেসব দলিলপত্রের কথা বাদ দিন। বাংলাদেশে কোন খেলাটির দলিলপত্র, পরিসংখ্যান ঠিকমতো সংগ্রহ করা হয়? হয় না। হয় না বলেই পদে পদে ইতিহাস বিকৃতির ভয় তৈরি হয়, তৈরি হয় নানা বিতর্ক। আর এসব বিতর্ক এড়াতে হলে চাই সুসংগঠিত ও সুসংরক্ষিত ‘স্পোর্টস আর্কাইভ’।কোনো রকম তর্ক ছাড়াই বলা যায়, এ রকম আর্কাইভ তৈরির সবচেয়ে বড় দায়িত্ব বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিএও) এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি)। কিন্তু এই দুটি সংস্থা থেকে শুরু করে উপজেলা ক্রীড়া সংস্থা পর্যন্ত কোথাও কোনো ক্রীড়া সংস্থা দলিলপত্রের বিষয়ে খুব সচেতন নয়। কোনো ক্রীড়া সংগঠন বা ক্লাবও সংশ্লিষ্ট দলিলপত্র সংরক্ষণ করে বলে জানা নেই। অবশ্য এটা ঠিক যে শুধু ক্রীড়া ক্ষেত্রে নয়, দেশের বেশির ভাগ ক্ষেত্রেই দালিলিক প্রমাণ সংরক্ষণের ক্ষেত্রে একটা উদাসীনতা আছে। তার পরও অন্তত ক্রীড়া ক্ষেত্রে এই দুর্বলতাটা কাটিয়ে ওঠার আশা করতে পারি আমরা।আশা করতে পারি অন্যান্য দেশের কর্মকাণ্ডের দিকে চেয়ে। উন্নত বিশ্বে, এমনকি প্রতিবেশী ভারতেও স্পোর্টস আর্কাইভস গঠিত হয়েছে। ফিনল্যান্ড স্পোর্টস আর্কাইভ গঠন করেছে সেই ১৯৮০ সালে। নরওয়ের বার্জেন শহরের ‘সিটি আর্কাইভ’-এ শহরের ক্রীড়া কর্মকাণ্ড, ক্রীড়া সংগঠন ও ক্রীড়া ব্যক্তিত্বদের শত বছরের দলিলপত্র সংরক্ষিত আছে। এসব দলিলপত্রের মধ্যে আছে ছবি, পত্রিকা, খেলোয়াড়দের চিঠিপত্র, খেলার ফলাফল, বিভিন্ন টুর্নামেন্টের রোল অব অনার ইত্যাদি। এসব দলিলপত্রের পরিমাণ লাখ পৃষ্ঠারও বেশি।বেইজিং অলিম্পিকের অসাধারণ উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান নিয়ে আমরা মেতে থাকলেও এই গেমসের আর্কাইভ সম্পর্কে বিশেষ খবর রাখিনি। ২০০৪ সালে এই গেমসের আর্কাইভসের কাজ শুরু হয়। ২০০৭ সালের আগস্ট মাস থেকে ২০০৮ সালের মার্চ মাসের মধ্যে গেমস আর্কাইভসের জন্য ৪৫ জন আর্কিভিস্ট নিয়োগ দেয়। এ ছাড়া ২৪টি ভেন্যুতে আরও কিছু কর্মীকে আর্কাইভ সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে কাজে লাগানো হয়। ২০০৭ সালের মধ্যে বিভিন্ন অলিম্পিক স্থাপনা বিষয়ে তিন লাখ ৫০ হাজার পৃষ্ঠার দলিল গেমস আর্কাইভসে গ্রহণ করা হয়। একই সময়ে ক্রীড়াসংক্রান্ত ৩৮ হাজার পৃষ্ঠার দলিল ও আলোকচিত্রও সংগ্রহ করে। এরপর ২০০৮ সালের মে মাসের মধ্যে আরও ৭৯ হাজার পৃষ্ঠার দলিল ও এক লাখ চার হাজার আলোকচিত্র এবং বিপুল সংখ্যক অডিও-ভিডিও ফাইল সংগ্রহ করে আর্কাইভ।বেইজিংয়ের চেয়ে পিছিয়ে নেই লন্ডন কর্তৃপক্ষও। ২০১২ সালে অনুষ্ঠেয় লন্ডন অলিম্পিকের আর্কাইভ গঠনের কাজ শুরু হয়ে গেছে ২০০৯ সালের সেপ্টেম্বর-অক্টোবর মাসেই। এই উদ্যোগে আন্তর্জাতিক কাউন্সিল অব আর্কাইভসের (আইসিএ) ক্রীড়া বিভাগ কৌশলগত সহযোগিতা দেবে অলিম্পিক আয়োজক কমিটিকে।শুধু অলিম্পিকের ক্ষেত্রে নয়, আন্তর্জাতিক পর্যায়ে ‘স্পোর্টস আর্কাইভ’ নিয়ে যেকোনো তত্পরতায় আইসিএর ক্রীড়া বিভাগ সমর্থন দেয়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এ সংস্থার অংশীদার। বিশ্বজুড়ে এ সংস্থার উদ্যোগে স্পোর্টস আর্কাইভ বিষয়ে সেমিনার, সভা ইত্যাদি হচ্ছে। ২০০৮ সালে কুয়ালালামপুরে আইসিএর ১৬তম আন্তর্জাতিক কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। এই কংগ্রেসে একটি সেশনে স্পোর্টস আর্কাইভ বিষয়ে আলোচনা হয়।এটা সত্যি, আমরা এখনই বেইজিং বা লন্ডন অলিম্পিক আয়োজকদের মতো আর্কাইভের স্বপ্ন দেখতে পারি না। তার পরও আমাদের উপযোগী একটা আর্কাইভের স্বপ্ন দেখাই যায়। সেই স্বপ্ন দেখাতেই সম্প্রতি বিওএর উদ্যোগে এ বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এখানে নেদারল্যান্ড থেকে আসা আর্কিভিস্ট ফ্লোরাস খেরাডস স্পোর্টস আর্কাইভ বিষয়ে প্রাথমিক ধারণা দেন। সেমিনারে উপস্থিত সবাই স্পোর্টস আর্কাইভসের প্রয়োজনীয়তা একবাক্যে স্বীকার করেন। সেখানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা স্পোর্টস আর্কাইভ বিষয়ে তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করেন। কিন্তু কীভাবে গঠন করা হবে সেই আর্কাইভ?পৃথকভাবে স্পোর্টস আর্কাইভ প্রতিষ্ঠা করা এখনই সম্ভব না হলে আর্কাইভ ও জাদুঘর একসঙ্গে প্রতিষ্ঠা করা যেতে পারে। ল্যুজানের ‘অলিম্পিক মিউজিয়াম’ এ ধরনেরই একটি জাদুঘর। এখানে জাদুঘরের অংশ হিসেবেই ‘হিস্টোরিকাল আর্কাইভ সেকশন’ গঠন করা হয়েছে। এই আর্কাইভসে ১ কিলোমিটারের বেশি এলাকাজুড়ে ক্রীড়াসংক্রান্ত দলিল মজুদ আছে। আবার ক্রীড়া গবেষণাগারের সঙ্গেও আর্কাইভ গঠিত হতে পারে। যেমন—মালয়েশিয়ায় ‘স্পোর্টস রিসার্চ সেন্টার’-এর সঙ্গে স্পোর্টস আর্কাইভ গঠিত হয়েছে। বিওএ এবং এনএসসি এ ধরনের আর্কাইভ-সংবলিত ক্রীড়া জাদুঘর বা ক্রীড়া গবেষণাগার প্রতিষ্ঠার কথা চিন্তা করতে পারে।আকার বা গঠন যেভাবেই হোক, আর্কাইভ গঠন করাটা এখন মহা জরুরি কাজ। আর এক মুহূর্ত দেরি না করে কাজটি শুরু করে দেওয়া দরকার। নতুবা দিন দিন বিতর্ক আর ধোঁয়াশা বাড়তেই থাকবে।ধোঁয়ার জাল ভেদ করে তখন সত্যি খুঁজে বের করবে কে?