দরকার নেই, তবু ২২০টি ওয়াগন কিনছে রেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনটেইনার পরিবহনের জন্য রেলওয়ের বহরে থাকা ২৫৯টি ওয়াগনের শতভাগ ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে না। এ অবস্থায় আরও ২২০টি ওয়াগন কিনছে বাংলাদেশ রেলওয়ে। এতে খরচ হচ্ছে ১১২ কোটি টাকা।রেলওয়ে সূত্র জানায়, বর্তমানের সব কটি ওয়াগন ব্যবহার করতে না পারার দুটি কারণ আছে। এক. কমলাপুর অভ্যন্তরীণ কনটেইনার ডিপোর (আইসিডি) ধারণক্ষমতা। এই আইসিডির বার্ষিক কনটেইনার ধারণক্ষমতা ৯০ হাজার। রেলের হিসাবমতে, ২২২টি ওয়াগন দিয়েই এই চাহিদা পূরণ করা সম্ভব। তার মানে, এখনই ৩৭টি ওয়াগন অতিরিক্ত আছে রেলের কাছে। দুই. রেলের চলমান ইঞ্জিন-সংকট। আবার কেরানীগঞ্জের পানগাঁওয়ে নির্মিত কনটেইনার টার্মিনালটি আগামী মার্চে চালু হচ্ছে। নৌপথে এই টার্মিনাল দিয়ে বছরে দেড় লাখ কনটেইনার ওঠানো-নামানো হবে। তখন রেল ও সড়কপথে কনটেইনার পরিবহনের চাপ আরও কমে যাবে।এ অবস্থায় এত বিপুলসংখ্যক ওয়াগন কেন কেনা হচ্ছে—জানতে চাইলে রেলমন্ত্রী মো. মুজিবুল হক প্রথম আলোকে বলেন, ‘ওয়াগন আনার প্রক্রিয়া অনেক আগেই শুরু হয়। এক বছরের মধ্যে নতুন ২২০টি ওয়াগন রেলের বহরে যুক্ত হবে। এতে রেলের জন্য দৃশ্যমান অবদান রাখতে পারব আমরা।’ তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে অনেক কনটেইনারের স্তূপ জমে যায়। কনটেইনার-জট নিয়ন্ত্রণের জন্য নতুন ওয়াগনের প্রয়োজন আছে। কমলাপুর আইসিডির ধারণক্ষমতা না বাড়িয়ে এবং ইঞ্জিন-সংকট দূর না করে ওয়াগন এনে কি সমস্যার সমাধান করা যাবে? এমন প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ‘আমরা ইঞ্জিন-সংকটও দূর করার পদক্ষেপ নিয়েছি। নতুন অনেক ইঞ্জিন রেলের বহরে যুক্ত হবে। আর প্রয়োজন হলে কমলাপুর আইসিডির ধারণক্ষমতা বাড়ানো হবে।’ তবে চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, ইচ্ছা করলেই কমলাপুরে আইসিডির ধারণক্ষমতা বাড়ানো সম্ভব নয়। কারণ, এতে হাজার কোটি টাকা বিনিয়োগের বিষয় জড়িত। আর বিনিয়োগের অর্থ মিললেও কমলাপুরে পর্যাপ্ত জায়গা নেই, যেখানে ধারণক্ষমতা বাড়িয়ে আরও বেশি সংখ্যক কনটেইনার ওঠানো-নামানো যাবে।বন্দর সূত্র জানায়, দেশের ৯৬ শতাংশ আমদানি ও রপ্তানি পণ্যবাহী কনটেইনার চট্টগ্রাম বন্দর দিয়ে পরিবহন করা হয়। চট্টগ্রাম বন্দর ও কমলাপুর আইসিডির মধ্যে পরিবহন হয় কেবল ৬ শতাংশ। বাকি কনটেইনার সড়কপথে চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পরিবহন হয়ে আসছে। রেলওয়ে সূত্র জানায়, ২২০টি ওয়াগনের জন্য সার্বক্ষণিক চারটি ইঞ্জিন দরকার। রেলেওয়ে কর্তৃপক্ষ কনটেইনারবাহী ওয়াগনের গতি ঘণ্টায় ৪৮ কিলোমিটার নির্ধারণ করে রেখেছে। পুরোনো ইঞ্জিন বরাদ্দ থাকায় সেগুলো বর্তমানে ২০ থেকে ৩০ কিলোমিটার গতিতে কনটেইনার নিয়ে চলছে। জানতে চাইলে রেলের পূর্বাঞ্চলের প্রধান পরিচালন তত্ত্বাবধায়ক (সিওপিএস) মো. বেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, নতুন ইঞ্জিন পাওয়া গেলে ওয়াগন পরিবহনের গতি বাড়িয়ে ৪০ কিলোমিটার করা যায়। ৪০ কিলোমিটার গতি পেলে কমলাপুর আইসিডিতে বছরে এক লাখের বেশি কনটেইনার পরিবহন করা যাবে। যদিও এর ধারণক্ষমতা ৯০ হাজার।মো. বেলাল উদ্দিন আরও বলেন, ‘আসলে ইঞ্জিন-সংকটের কারণে আমরা বিদ্যমান ওয়াগনের সর্বোচ্চ ব্যবহার করতে পারছি না।’আরও ২২০ ওয়াগন: রেলওয়ে সূত্র জানায়, কনটেইনারবাহী ওয়াগন কেনার জন্য ভারতের টিটাগড় ওয়াগন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে দুই দফায় গত ৭ অক্টোবর ও ৩০ ডিসেম্বর চুক্তি করে বাংলাদেশ রেলওয়ে। চুক্তিতে সই করেন টিটাগড় ওয়াগন লিমিটেডের প্রধান কারিগরি উপদেষ্টা অশোক কুমার দাশ এবং বাংলাদেশ রেলের পক্ষে যথাক্রমে অতিরিক্ত মহাপরিচালক (আরএস) মো. খলিলুর রহমান এবং পরিচালক (এসঅ্যান্ডপি) আবদুল মতিন চৌধুরী।এর মধ্যে ১৭০টি ওয়াগন ও ১১টি ব্রেকভ্যান আনার চুক্তি হয় গত ৩০ ডিসেম্বর। এতে খরচ ধরা হয়েছে এক কোটি সাত লাখ ২৮ হাজার ৪১০ কোটি ডলার (৮৬ কোটি টাকা)। গত বছরের ৭ অক্টোবর ৫০টি ওয়াগন ও পাঁচটি ব্রেকভ্যান আনার চুক্তি হয়, যার জন্য আমদানি খরচ ধরা হয়েছে ৩২ লাখ ৭৬ হাজার ১৪১ ডলার (২৬ কোটি টাকা)। চুক্তি সই করার দিন থেকে এক বছরের মধ্যে ওয়াগনগুলো সরবরাহ করার কথা।সূত্রগুলো জানায়, রেলের ইঞ্জিন ও যাত্রীবাহী কোচ-সংকটের সুরাহা না করে ওয়াগন আমদানির উদ্যোগের বিরোধিতা করেছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. তাফাজ্জল হোসেনসহ একাধিক কর্মকর্তা। এ ব্যাপারে লিখিত আপত্তিও জানানো হয়। তাঁদের মতামত উপেক্ষা করেই ওয়াগন আমদানির জন্য চুক্তি করে রেলওয়ে। জানতে চাইলে তাফাজ্জল হোসেন এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।বিপুলসংখ্যক ওয়াগন কেনার এই উদ্যোগের যৌক্তিকতার বিষয়ে জানতে চাইলে রেলের সাবেক মহাপরিচালক (ডিজি) এ কে এম রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ইঞ্জিন-সংকট দূর না করে ওয়াগন কেনা হলে তা অলস বসিয়ে রাখতে হবে। এই মুহূর্তে রেলের উচিত, ইঞ্জিন-সংকট দূর করা।