দরকার ভালো মানের বিনোদন নির্ভর ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যিক ছবি আর শিল্পসম্মত ছবির তথাকথিত বিভাজনে আমার বিশ্বাস নেই। একটা শিল্পসম্মত ছবি বা আর্ট ফিল্ম কি বাণিজ্যিকভাবে সফল হতে পারে না? নিশ্চয়ই পারে। মোস্তফা সরয়ার ফারুকীর টেলিভিশন পুসান চলচ্চিত্র উৎসবের মতো জায়গায় প্রশংসিত হয়েছে। তার মানে কি এই যে ছবিটা সাধারণ দর্শক দেখবে না? আমার মনে হয়, অবশ্যই দেখবে।আমাদের চলচ্চিত্রশিল্প খুব ভালো অবস্থানে আছে, এ কথা ঠিক বলতে পারছি না। আমাদের চলচ্চিত্রের উত্তরণের উপায় কী?গেল বছরে মুক্তি পেয়েছে গেরিলা। বাচ্চু ভাইয়ের (নাসির উদ্দীন ইউসুফ) এই ছবিকে আমি বলব অনেক বড় মাপের একটি ছবি। এই ছবি ১০০ বছর পরও ইতিহাসের পাতায় অমলিন থাকবে, এই বিশ্বাস আমার আছে। তবে এমন বড় ক্যানভাসের ছবি নিশ্চয়ই প্রতিবছর মিলবে না। ভালো মানের রুচিসম্মত বিনোদননির্ভর ছবি আমাদের আসলে খুব বেশি দরকার। আমার তো মনে হয়, আগে শিল্পটাকে দাঁড় করানো দরকার ঠিকঠাক। আর তার জন্য বিনোদননির্ভর ছবির বিকল্প কী হতে পারে? ভাবতে অবাক লাগে, কীভাবে আমরা এতটা সিনেমা হলবিমুখ জাতিতে পরিণত হয়ে গেছি। এই ধারা থেকে বের হয়ে আসাটা খুব দরকার।হলে গিয়ে সিনেমা দেখার আনন্দটা নিশ্চয়ই আরও অনেক কিছুর ওপর নির্ভর করে। ধরা যাক, একটা মেয়ে যদি ছয়টার প্রদর্শনী দেখতে যায়। ছবি দেখে ফিরতে বাজবে রাত নয়টা। রাত নয়টায় একটা মেয়ের বাড়ি ফেরাটা কি এখনো আমাদের দেশে পুরোপুরি নিরাপদ। রাজ্যের শঙ্কা এসে মেয়েটাকে ঘিরে ধরবে না? সে জন্য মনে করি, চলচ্চিত্রশিল্পের উন্নয়নের জন্য সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতাও খুব দরকারি।হলে গিয়ে, সাম্প্রতিক কালের মূলধারার বাংলা ছবি আমি দেখেছি। আমার কাছে মনে হয়েছে, ছোট আকারে হলেও একটা পরিবর্তন কিন্তু আসছে। ছবির কাহিনি বা প্রযুক্তিগত দিকে কিছুটা হলেও উন্নতি হয়েছে। এই উন্নয়নটা আরও বড় আকারে দরকার। যেসব নির্মাতা এখনো পুরোনো ধ্যান-ধারণা নিয়ে বসে আছেন, তাঁদের বুঝতে হবে সময় আর বাস্তবতা দুটোই এখন বদলে গেছে।এই মুহূর্তে আমাদের চলচ্চিত্রের একটি বড় প্রবণতা দেখতে পাচ্ছি, টেলিভিশনের মেধাবী নির্মাতারা বড় পর্দায় কাজ করছেন। আমি এটাকে খুব ভালো একটা দিকই বলব। আমি অন্তত বিশ্বাস করি, এ দেশে প্রচুর মেধাবী তরুণ নির্মাতা আছেন, যাঁরা আমাদের চলচ্চিত্রকে বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। রেদওয়ান রনি পরিচালিত চোরাবালি মুক্তি পেয়েছে ২১ ডিসেম্বর। ছবিতে আমার চরিত্রটি একজন সাহসী নারী সাংবাদিকের। আমি মনে করি, চোরাবালি ছবিটা ব্যবসাসফল হওয়াটা খুব জরুরি। চোরাবালির সাফল্যের ওপর অনেকখানি নির্ভর করছে, সিনেমার দিনবদলের যে স্বপ্ন আমরা দেখি, সেটা আদৌ কতটা বাস্তবে সম্ভব। চোরাবালির সাফল্য আমাদের পুরো নতুন প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে বলে আমার বিশ্বাস। সবাইকে অনুরোধ করব চোরাবালি হলে গিয়ে দেখার।