দরকার সড়ক, হচ্ছে একের পর এক সেতু
তেঁতুলিয়া নদীর একটি শাখা, নাম খেয়াঘাট খাল। খালের দক্ষিণ পাড়ে ভেলুমিয়া ইউনিয়ন। তবে এই ইউনিয়নের লোকজনকে খেয়ায় পারাপার হতে হয় না। তাঁদের জন্য খালের ওপর দুটি বড় বড় সেতু তৈরি হয়ে আছে। আরও একটি সেতু করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ব্যয় ধরা হয়েছে ৪৪ কোটি টাকা। কিন্তু তাঁদের দরকার রাস্তা। তা হচ্ছে না।ভৌগোলিকভাবে ভোলা পৌরসভার দক্ষিণ-পশ্চিমে চর সামাইয়্যা। তারপর খেয়াঘাট খাল। খালের পাশ ধরে লম্বালম্বি ভেলুমিয়া ইউনিয়ন।স্থানীয় বাসিন্দারা বলছেন, খেয়াঘাট খালের ওপর তৃতীয় সেতু নয়, তাঁরা চান, ভোলা-ভেলুমিয়া-বরিশাল সড়ক। তাঁরা চান, চর সামাইয়্যা-ভেলুমিয়া সড়ক আর ভেলুমিয়া ইউনিয়নের ভেতরের সড়কগুলোর সংস্কার। তাঁদের দাবি, কাঁচা সড়কগুলো পাকা হোক। কিন্তু তাঁদের কপালে একের পর এক সেতু জুটছে, রাস্তা জুটছে না।ভোলা-বরিশাল সড়কের আট কিলোমিটার কাঁচা অংশ (ভেদুরিয়া থেকে কালাবদর নদ পর্যন্ত) পাকা করা হলে মানুষ অল্প সময়ে ভোলা ও বরিশালে যাতায়াত করতে পারবে। তবে এলজিইডি বলেছে, ভবিষ্যতের কথা চিন্তা করে সেতু হচ্ছে। সড়কের উন্নয়ন করা হবে ধীরে ধীরে।এলজিইডি ও স্থানীয় বাসিন্দাদের সূত্র জানায়, একসময়ে বিচ্ছিন্ন ভেলুমিয়া ইউনিয়নকে ভোলা শহরের সঙ্গে যুক্ত করতে খেয়াঘাট খালের ওপর ১৯৯০-এর দশকের মাঝামাঝি খেয়াঘাট সেতু নির্মিত হয়। বিএনপির সরকারের সময়ে এর কাজ শুরু হলেও শেষ হয় আওয়ামী লীগের সরকারের সময়ে। অর্ধশতাধিক কোটি টাকা ব্যয়ে এই সেতু ও সংযোগ সড়ক নির্মাণের ফলে ভোলা শহরের সঙ্গে সংযোগ ঘটে ভেলুমিয়া ও পাশের ভেদুরিয়া ইউনিয়নের। ভোলা শহর থেকে এ সেতু দিয়ে বাস, টেম্পো চলাচল শুরু হয় ভেলুমিয়া ও ভেদুরিয়ায়।২০০০ সালে এই সেতু থেকে আট-নয় কিলোমিটার দক্ষিণে একই খালের ওপর ভেলুমিয়া-বাঘমারা সেতু নির্মাণের জন্য দক্ষিণ দীঘলদি ইউনিয়নের বাঘমারায় ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কিন্তু ২০০১ সালে চারদলীয় জোট সরকারের ক্ষমতায় আসার পর খেয়াঘাট সেতুর প্রায় দুই কিলোমিটার দক্ষিণে একই খালের ওপর সদর উপজেলার চর সামাইয়্যা ইউনিয়নে শান্তিরহাট-ভেলুমিয়া সেতু নির্মিত হয়। ভোলা বিশ্বরোড থেকে ভেলুমিয়া সড়ককে সংযুক্ত করা এ সেতু নির্মাণে ব্যয় হয় প্রায় ছয় কোটি টাকা। কিন্তু সংযোগ সড়কে বড় বড় গর্তের কারণে সেতুটি দিয়ে এখনো যানবাহন চলাচল করে না। এই সেতু দিয়ে লোক চলাচলও তেমন নেই। তবে বিকেলে স্থানীয় লোকজন সেতুতে ঘুরতে যায়।সম্প্রতি এলজিইডি বাঘমারা-ভেলুমিয়া সেতু নির্মাণের জন্য দরপত্র জমা নিয়েছে। তবে এখনো কার্যাদেশ দেয়নি। ৪৫০ মিটার দৈর্ঘ্যের এই সেতুর প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৪ কোটি টাকা।চর সামাইয়্যা পাহলোয়ান বাড়ির বাসিন্দা জুলফিকার আলী শান্তিরহাট-ভেলুমিয়া সেতু সম্পর্কে বলেন, ‘সেতু হলেও সংযোগ সড়কে বড় বড় গর্তের কারণে গাড়ি তো দূরের কথা, লোকজন হাঁটতেও আসে না। প্রতিদিন ৫০ জন লোকও সেতুটি ব্যবহার করে না। তবে সংযোগ সড়ক সংস্কার হলে সেতুটি ব্যবহার হতো।’ একই কথা বললেন সেতুর আশপাশের কয়েকজন বাসিন্দা।ভেলুমিয়া আইডিয়াল কলেজের প্রভাষক মো. ইব্রাহীম বলেন, ভেলুমিয়া বাজার থেকে শরীফ খাঁয়ের বাজার ও চতলা তেঁতুলিয়া নদীর পাড় হয়ে শাজাহান বাজার পর্যন্ত আট কিলোমিটার সড়কের বেশির ভাগই কাঁচা। মাঝেমধ্যে ইটের খোয়া ফেলা হয়েছে। ভেলুমিয়া থেকে ভোলা শহরে যাওয়ার প্রধান এই সড়কে বর্ষায় হাঁটুসমান কাদা হয়। এই কাদা মাড়িয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী ও লোকজনকে গন্তব্যে যেতে হয়। তাই তাঁদের মতে, বাঘমারা সেতুর চেয়ে এ সড়কটি পাকা করা বেশি জরুরি।শরীফ খাঁ বাজার এলাকার বাসিন্দা ও ভেলুমিয়া ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য গিয়াসউদ্দিন খাঁ বলেন, গত দুই বছর শরীফ খাঁ বাজার থেকে বাঘমারা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার অংশে ইটের খোয়া ফেলে রাখা হয়েছে। এতে ওই সড়কে মানুষ না পারছে হাঁটতে, না পারছে রিকশায় চলতে। তাই সেতুর চেয়ে সড়ক ঠিক করা বেশি জরুরি।ভেলুমিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সালাম মাল প্রথম আলোকে বলেন, বাঘমারা সেতু যেমন জরুরি, তার চেয়ে বেশি জরুরি এ ইউনিয়নের ১২ কিলোমিটার অভ্যন্তরীণ পাকা সড়ক সংস্কার করা। কারণ, অভ্যন্তরীণ পাকা সড়কজুড়ে এখন বড় বড় গর্ত। আর দরকার আট কিলোমিটার কাঁচা সড়ক পাকা করা।ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল কাদের প্রথম আলোকে বলেন, ভোলা-বরিশাল সড়ক নির্মাণ করা অত্যন্ত জরুরি। কারণ, বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের ভোলা-বরিশাল অংশে যে ফেরি রয়েছে, সেখানে নদীতে চর পড়ায় প্রায় দিন ফেরি আটকে যাচ্ছে। মানুষ এক ঘণ্টার পথ লঞ্চে চার ঘণ্টায় পাড়ি দিচ্ছে। বাঘমারা সেতু নির্মাণ করতে যে টাকা ব্যয় হচ্ছে, তার সঙ্গে টাকা যোগ করে ভোলা-বরিশাল সড়কের কাঁচা অংশে পিচ ঢালাই করা যায়। অথবা এর সঙ্গে আরও কিছু টাকা দিয়ে শ্রীপুর-কালাবদর নদ পর্যন্ত সড়কসহ ছোট একটি সেতু নির্মাণ করে ভেদুরিয়া ফেরিঘাট আপাতত সেখানে স্থানান্তর করা যায়। এতে এক ঘণ্টায় বরিশাল যাওয়া যাবে।ভোলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী প্রভাশ চন্দ্র বিশ্বাস বাঘমারা সেতু নির্মাণ প্রসঙ্গে বলেন, দিন দিন মানুষ বাড়ছে। সে চিন্তাতেই বাঘমারা সেতু নির্মাণ করা হচ্ছে। তিনি বলেন, ভেলুমিয়া ইউনিয়নের অভ্যন্তরীণ সড়ক ও চর সামাইয়্যা-ভেলুমিয়া সড়ক আস্তে আস্তে নির্মাণ করা হবে। ভোলা-বরিশাল সড়ক নির্মাণ করতে অনেক টাকা লাগবে। এ সামান্য টাকায় কিছু হবে না।