দরজা না খুললে শাস্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাওনাদার এসেছেন বাড়িতে টাকা নিতে। অনেকক্ষণ ধরে কড়া নাড়ছেন। কারও কোনো সাড়াশব্দ নেই। বেশ কিছুক্ষণ পর বাড়ির ছোট্ট ছেলেটি বের হয়ে এল। লোকটি বললেন, ‘তোমার বাবাকে ডাকো তো?’ ছেলে ভেতরে গিয়ে বাবাকে বলল, ‘বাবা, দরজায় একজন অচেনা লোক এসেছেন। তোমাকে ডাকছেন।’ বাবা শিখিয়ে দিলেন, তাকে গিয়ে বলো যে বাবা বাড়িতে নেই। ছেলে বাইরে এসে বলল, ‘বাবা আমাকে বলল আপনাকে বলতে যে, বাবা বাড়িতে নেই।’বাংলাদেশের প্রেক্ষাপটে এই কৌতুকটা আমাদের অনেকেরই জানা। এই কৌতুকের শেষ পর্যন্ত কী হবে, তাও আমরা জানি। দ্বারে দাঁড়িয়ে পাওনাদার অনেকক্ষণ ডেকে-হেঁকে না পেয়ে ফিরে যাবেন। আবার এমনও হয়, আগন্তুকের ভয়ে অনেকে অনেক সময় দরজাও খোলেন না। এটা বাংলাদেশ বলেই বোধ হয় সম্ভব। কিন্তু এটা যদি স্কটল্যান্ড হতো? আর কেউ যদি আপনার দরজায় এসে কড়া নেড়ে বলত, ‘দরজাটা খুলুন, একটু শৌচাগারে যাব।’ তাহলে আপনি দরজা খুলতে বাধ্য। বাধ্য? হ্যাঁ, বাধ্যই তো। কারণ, স্কটল্যান্ডের আইন গ্রন্থে লেখা আছে, ‘কেউ যদি শৌচাগারে যাওয়ার জন্য আপনার দরজায় টোকা দেয় আর শৌচাগারে যেতে চায়, সে যত রাত কিংবা ভরদুপুর হোক, হোক না আপনি আড্ডায় মেতে আছেন। তবু তাকে শৌচাগারে যেতে দিতে হবে।’ ‘ত্যাগেই প্রকৃত সুখ’ বলে কথা। ব্যতিক্রম হলে কিন্তু বিধি বাম!