দরজিবাড়িতে এখন কথা বলার সময় নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে বাহারি লেহেঙ্গার জন্য মেয়ের বায়না। বাজারে তৈরি লেহেঙ্গার অনেক দাম, আবার মাপেও হয় না ঠিকমতো। বাড়িতে কিছু বাড়তি কাপড়ও আছে। তাই দেরি না করে দরজিবাড়িতে ঢুঁ দেওয়া। যেটুকু কাপড় ছিল তা দিয়ে হবে না। বাহারি করার জন্য লাগবে টিস্যু কাপড়, লেস—এসব। আর পরতে যেন আরামদায়ক হয়, সে জন্য লাগবে সুতি কাপড়। দরজিবাড়ির চাহিদামাফিক বিভিন্ন প্রয়োজন মেটানো হলো। তারপর মেয়ের ঠিক যেমনটা চাই, সে ধরনের একটি লেহেঙ্গার স্বপ্ন দেখতে দেখতে বাড়ি ফেরা।এভাবেই রোজার শুরুর দিকে মেয়ের জন্য লেহেঙ্গা বানানোর ফরমাশ দিয়েছেন ইন্দিরা রোডের আসমা খাতুন। তবে এখন আর দরজিবাড়িতে গিয়ে এত কথা বলার সময় নেই। খুব বেশি পরিচিত না হলে দরজিবাড়িতে এখন আর নতুন পোশাকের ফরমাশও নেওয়া হচ্ছে না। ঈদের বাকি আর মাত্র দুই সপ্তাহের কম। তাই শেষবেলায় ভীষণ ব্যস্ততা চলছে দরজিবাড়িতে। নিজ পছন্দের ডিজাইন করে যাঁরা জামা তৈরি করতে চান, তাঁরা এখন দরজিবাড়িতে গিয়ে অনুরোধ করেও কোনো উপায় করতে পারছেন না। ধানমন্ডির মেট্রো শপিংমলের দরজিবাড়ি অনন্যা টেইলার্সের ব্যবস্থাপক মোহাম্মাদ বাবু প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাজের মান ধরে রাখতে অতিরিক্ত অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছি। এবার ঈদের সালোয়ার-কামিজে লেস ও ইয়গের কাজ বেশি থাকায় প্রতিটি জামায় অতিরিক্ত সময় চলে যাচ্ছে, তাই নতুন কাজ নিতে পারছি না।’ মিরপুর রোডের মোহাম্মাদীয়া সুপার মার্কেটে খ্যাতনামা দরজিবাড়ি রয়েছে বেশ কয়েকটি। হাবিবা ফ্যাশন টেইলার্সের ব্যবস্থাপক আবদুর রহিম বলেন, এবার ঈদে বেশি চাহিদা লং কামিজের সঙ্গে ম্যাচিং করা কোনা করে লেস বা শার্টিং কাপড়ের মোটা পাড়। আর ভি গলার সঙ্গেও লেস অথবা ইয়গের কাজ এবং সালোয়ারে থাকছে চাপা প্যান্ট, পায়জামা অথবা লাগিস।লালমাটিয়ার বিভিন্ন ছাত্রীনিবাসের ছাত্রীদের চাহিদা মেটায় সি ব্লকের দরজিবাড়ি শতরূপা টেইলার্স। ব্যবস্থাপক আতাউর রহমান বলেন, ‘আমাদের এখানে সারা বছর চাহিদার চেয়ে ঈদের সময় কাজের চাপ বেশি থাকে। প্রতিটি সুতি কামিজের মজুরি নেওয়া হয় ৩০০ টাকা আর সিল্ক কামিজের মজুরি ৪৫০ টাকা।’আর যাঁরা ঈদের বিশেষ শাড়ির সঙ্গে নিজস্ব নকশায় ব্লাউজ বানাতে চান, তাঁরা পড়েছেন মুশকিলে। শেষ সময়ে এসে ব্লাউজের মজুরি দিতে হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকা।এবার ঈদে কামিজের মজুরি প্রায় সব দরজিবাড়িতে একই রকম। নিউমার্কেটের ফাহিমা টেইলার্সে আসা গৃহিণী রেশমা আক্তার অভিযোগ করেন, এবার ঈদে জামার মজুরি অনেক বেশি নেওয়া হচ্ছে।পুরুষদের পোশাক তৈরির জন্য ধানমন্ডি শাখার দ্য রেমন্ড টেইলার্সের ব্যবস্থাপক সোহেল মাহমুদ বলেন, ‘আমাদের নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে, তা পূরণ হয়ে গেলে আমরা অর্ডার নেওয়া বন্ধ করে দেব।’ এখানে প্রতিটি শার্টের মজুরি ৪২০ টাকা, প্যান্ট ৫০০ ও ব্লেজার চার হাজার ২০০ টাকা। সানমুন টেইলার্সে শার্ট তৈরিতে মজুরি পড়বে ৩৫০ টাকা, প্যান্ট ৪৫০, ব্লেজার তিন হাজার ৫০০ টাকা এবং কমপ্লিট স্যুট চার হাজার টাকা।