আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, বিচারের দীর্ঘসূত্রতার কারণে জনগণ অনেক ক্ষেত্রে আদালতমুখী হতে চায় না। এ দীর্ঘসূত্রতা দূর হলে বিচার বিভাগের ওপর জনগণের আস্থা বাড়বে। জনগণের ন্যায়বিচার পাওয়ার আকাঙ্ক্ষা পূরণে দরদি মন নিয়ে তাদের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় রেখে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য বিচারকদের প্রতি আহ্বান জানান তিনি।রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নতুন নিয়োগ পাওয়া সহকারী জজদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ আহ্বান জানান। এক তথ্য বিবরণীতে এ কথা বলা হয়েছে। শফিক আহমেদ আরও বলেন, দেশে প্রচলিত সনাতন আইন ও বিচারব্যবস্থায় মামলা নিষ্পত্তিতে সময় বেশি লাগে। জনগণের সময় ও অর্থ সাশ্রয়ের লক্ষ্যে সংশোধিত দেওয়ানি কার্যবিধিটি সংসদে পাসের অপেক্ষায় আছে। জনগণকে দ্রুত ন্যায়বিচার দিতে ফৌজদারি কার্যবিধিতেও পরিবর্তন আনা হচ্ছে। বিনা কারণে যাতে মামলার শুনানি মুলতবি না হয়, সে ব্যাপারে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেন আইনমন্ত্রী।বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, আইন ও বিচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, উপসচিব (প্রশাসন) মিজানুর রহমান খান প্রমুখ বক্তব্য দেন। নতুন নিয়োগ পাওয়া ১১০ জন সহকারী জজ এই ওরিয়েন্টেশন কোর্সে অংশ নেন।