দরদি সেবায় দগ্ধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ওয়ার্ডবয় দিয়ে কাজ করানো কঠিন। তবে দুই দিন ধরে কোনো ওয়ার্ডবয়কে কাজের কথা বলতে হচ্ছে না। ওঁরা নিজেরাই কাজ করছেন। এমনকি সময়ের কোনো পরোয়া করছেন না তাঁরা।’এভাবেই নিজ প্রতিষ্ঠানের কাজকর্মের কথা প্রথম আলোকে বলছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক শহীদুল বারি। নিমতলীর অগ্নিকাণ্ডে নিহত ও আহত ব্যক্তিদের প্রথম ঠিকানা ছিল এই বার্ন ইউনিট। চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি সামাল দিয়েছে বার্ন ইউনিট।গতকাল দুপুরে বার্ন ইউনিটে গিয়ে দেখা গেছে, ছোট কাগজে ওষুধের নাম লেখা হচ্ছে। এ কাগজ নিয়ে কর্তব্যরত সেবিকা চলে যাচ্ছেন তৃতীয় তলায়। সেখান থেকে ওষুধ সংগ্রহ করছেন। কোনো ওষুধ সংগ্রহে না থাকলে তা দোকান থেকে এনে দিচ্ছেন ওয়ার্ডবয়রা। বার্ন ইউনিটে আগুনে পোড়া, এসিড-সন্ত্রাসের শিকার বা বিদ্যুৎস্পৃষ্ট রোগীর চিকিৎসা হয়। ২০০৩ সালে ৫০ শয্যা নিয়ে কাজ শুরু করে বার্ন ইউনিট প্রকল্প। সম্প্রতি এখানে ছয় শয্যাবিশিষ্ট নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) চালু করেছে কর্তৃপক্ষ। রয়েছে দুটি অস্ত্রোপচারকক্ষ। চিকিৎসকেরা বলেছেন, সারা বছর রোগীর চাপ থাকে। প্রকল্প পরিচালক সামন্ত লাল সেন প্রথম আলোকে বলেন, ‘গত দুই দিন দিনরাত হাসপাতালের চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়, চতুর্থ শ্রেণীর কর্মচারীরা কাজ করছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা পরিস্থিতি মোকাবিলা করেছি।’ সামন্ত লাল সেন জানান, নিমতলীর অগ্নিকাণ্ডের পর থেকে বার্ন ইউনিটে ৩০ জন চিকিৎসক ও ২৬ জন নার্স কাজ করছেন। এ ছাড়া রয়েছেন পর্যাপ্তসংখ্যক ওয়ার্ডবয়। এ ছাড়া অন্যান্য বিভাগের স্বাস্থ্যকর্মীরাও আহতদের পরিচর্যায় সহায়তা করছেন।হাসপাতালের ওষুধ দেওয়া হচ্ছে না, টয়লেট নষ্ট—এ ধরনের অভিযোগ শুনে ছুটে আসেন শহীদুল বারি। তিনি প্রত্যেক রোগীর স্বজনদের বলেন, সময়মতো হাসপাতাল থেকেই ওষুধ দেওয়া হবে। কাউকে বাইরে থেকে ওষুধ কিনতে হবে না। অগ্নিদগ্ধ ববিতা বর্মণের (২২) মামা রতন চন্দ্র বর্মণ প্রথম আলোকে বলেন, ‘এ হাসপাতাল ছাড়া অন্য কোথাও যাওয়ার কথা চিন্তা করি নাই। আসার পর থেকে ভালো চিকিৎসা হচ্ছে। ওষুধও দিচ্ছে বিনা পয়সায়।’প্রয়োজনীয় রক্ত সরবরাহের ব্যাপারে এগিয়ে এসেছে ঢাকা মেডিকেল কলেজের সন্ধানী শাখা। সন্ধানীর সাংগঠনিক সম্পাদক সুব্রত দত্ত বলেন, ‘এ ধরনের পরিস্থিতিতে প্রচুর রক্তের প্রয়োজন হয়। গত দুই দিনে আমরা প্রায় ৪০০ ব্যাগ রক্ত সংগ্রহ করেছি। সেই রক্ত থেকে চাহিদামতো বার্ন ইউনিটে সরবরাহ করা হয়েছে।’ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহিদুল হক মল্লিক বলেন, ‘আগুন লাগার খবর শুনেই আমরা প্রস্তুতি নিতে থাকি। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকসহ অন্যান্য ওয়ার্ড মাস্টার ও নার্সদের একসঙ্গে প্রস্তুত থাকার নির্দেশ দিই। কোনো আহত ব্যক্তি আসার আগেই হাসপাতালের কর্মীরা বার্ন ইউনিটে প্রস্তুত ছিলেন। এ ছাড়া বার্ন ইউনিটে ১৩টি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হয়।’ তিনি বলেন, ছুটিতে থাকা সব কর্মী হাসপাতালে স্বতঃস্ফূর্তভাবেই চলে আসেন। অন্যদের সহযোগিতার ব্যাপারে শহিদুল হক মল্লিক বলেন, ‘অনেক বেসরকারি সংস্থা আমাদের সহযোগিতা করতে এগিয়ে আসছে। আমরা তাদের বলেছি, ওষুধ দিয়েই এসব প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করতে পারে।’