দরপতন, বিনিয়োগকারীদের বিক্ষোভ
দেশের শেয়ারবাজারে আজ সোমবারও দরপতন হয়েছে। দুই স্টক এক্সচেঞ্জেই আজ লেনদেন হওয়া প্রায় সব কোম্পানির শেয়ারের দাম কমার কারণে সূচকের পতন হয়েছে।এদিকে শেয়ারবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে বেলা আড়াইটার দিকে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে ডিএসইর সামনে বিক্ষোভ করেন বিনিয়োগকারীরা। এ সময় তাঁরা বরাবরের মতো অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এসইসির চেয়ারম্যান ও ডিএসইর সভাপতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ চলাকালে ডিএসইর সামনের সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিকেল চারটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা গেছে, দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১০৯.৫৫ পয়েন্ট কমে ৫০৫১.৬৭ পয়েন্টে দাঁড়ায়। গতকালের চেয়ে ৩ পয়েন্ট বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও ১৫ মিনিটে সূচক ২৯ পয়েন্ট কমে যায়। আধা ঘণ্টা শেষে সূচক কমে ৭ পয়েন্ট। এর পর থেকে সূচক দ্রুত কমতে থাকে, যা সারা দিনই অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২১৩টির দাম কমেছে। বেড়েছে মাত্র ২৪টির আর অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ২২৪ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৩ কোটি টাকা বেশি।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো ফু ওয়াং সিরামিকস, বেক্সিমকো, যমুনা অয়েল, সিটি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ইউনাইটেড এয়ার, গ্রামীণফোন, বিএসসি, বেক্সিমকো ফার্মা ও লাফার্জ সুরমা সিমেন্ট।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২২৭.৯৭ পয়েন্ট কমে ১৪৩৭৫.৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৬৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫৩টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ১১টির আর অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩২ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে চার কোটি টাকা বেশি।