দরপতন চলছেই ডিএসইতে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শুরু থেকেই বড় দরপতন লক্ষ করা যাচ্ছে। দুই ঘণ্টা শেষেও একই অবস্থা চলছে। এ সময়ে ডিএসইতে হাত বদল হওয়া প্রায় সব কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচকের বড় পতন হয়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা একটায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ৫.২৭ শতাংশ বা ২০২ পয়েন্ট কমে ৩,৬৪২ পয়েন্টে দাঁড়িয়েছে।সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক ১০৫ পয়েন্ট কমে যায়। সূচক কমার এ প্রবণতা এখনো অব্যাহত রয়েছে।এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডিএসইতে মোট ২৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪৫টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র তিনটির আর অপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের দাম। এ সময় পর্যন্ত ডিএসইতে ১১৩ কোটি টাকা লেনদেন হয়েছে।দুই ঘণ্টা মিনিট শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—ইউনাইটেড এয়ার, বেক্সিমকো, এনবিএল, স্কয়ার ফার্মা, সোস্যাল ইসলামী ব্যাংক, ইউসিবিএল, আরএন স্পিনিং, বিকন ফার্মা ও ইসলামী ব্যাংক।